শতভাগ পাস

  • শতভাগ পাসের হার দেখানোর প্রতিযোগিতার বলি শিক্ষার্থীরা

    শতভাগ পাসের হার দেখানোর প্রতিযোগিতার বলি শিক্ষার্থীরা

    প্রতিবছর টেস্ট পরীক্ষায় অসংখ্য শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। দেশের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই কমবেশি এই চিত্র দেখা যায়। অভিযোগ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শতভাগ দেখানোর লক্ষ্যে কিছু প্রতিষ্ঠানের প্রধান পরিকল্পিতভাবে টেস্ট পরীক্ষায় অনেক শিক্ষার্থীকে অকৃতকার্য দেখান।

    শুধু ভালো ফল করতে সক্ষম শিক্ষার্থীদের নির্বাচিত করে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রতিষ্ঠানের সুনাম, ভালো ফল এবং শতভাগ পাসের পরিসংখ্যান ধরে রাখার প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎকে বলি দেওয়া হচ্ছে।

    প্রশ্ন হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শতভাগ দেখানোর জন্য কেন শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হবে? টেস্ট পরীক্ষার পর থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত যে সময় পাওয়া যায়, সে সময় কি শিক্ষার্থীদের প্রস্তুত করার কাজে লাগানো সম্ভব নয়? শিক্ষকদের আন্তরিক ইচ্ছা, দায়িত্বশীলতা ও একটু বাড়তি প্রচেষ্টা থাকলে এ সময়ের মধ্যে অনেক দুর্বল শিক্ষার্থীকে নতুন করে প্রস্তুত করা সম্ভব। বিশেষ ক্লাস, অতিরিক্ত পাঠদান, নিয়মিত অনুশীলন এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে অনেক শিক্ষার্থীর ঘাটতি পূরণ করা যেতে পারে। ফলে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া অনেক শিক্ষার্থীরও ফাইনাল পরীক্ষায় ভালো ফল করে পাস করার যথেষ্ট সম্ভাবনা তৈরি হতে পারে।

    তাহলে কেন একজন শিক্ষার্থীকে সে সুযোগ না দিয়ে তার শিক্ষাজীবনের পথ বন্ধ করে দেওয়া হবে? একজন শিক্ষক যদি চান, তাহলে তিনি শুধু ভালো শিক্ষার্থীদের নয়, বরং পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরও সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কখনো কি আমরা ভেবে দেখেছি, যেসব শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে মূল পরীক্ষা থেকে দূরে রাখা হয়, তাদের পরবর্তী জীবনের পরিণতি বিষয়ে?কোনো শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা করা হলে অনেক সময় তার আত্মবিশ্বাস ও পড়াশোনার প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে সে শিক্ষার জগৎ থেকে দূরে সরে পড়ে।

    কেউ জীবিকার তাগিদে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ে। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অল্প বয়সেই বিয়ের ব্যবস্থা করা হয়। এভাবে একজন শিক্ষার্থীর শুধু শিক্ষাজীবনই থেমে যায় না, থেমে যায় তার স্বপ্ন, সম্ভাবনা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার পথও। শুধু পাসের হার শতভাগ দেখানোর জন্য কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু শতভাগ পাসের পরিসংখ্যানে নয়; বরং প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষিত, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার মধ্যেই নিহিত। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।