মাদ্রাসা শিক্ষক

  • ইএফটিতে মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা, তথ্য হালনাগাদের নির্দেশ

    ইএফটিতে মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা, তথ্য হালনাগাদের নির্দেশ

    শিক্ষা ডেস্ক:

    দেশের সব এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন ও হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ছক অনুযায়ী তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করে আগামী ৩১ আগস্টের মধ্যে প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে।

    গতকাল রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দেশের সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ বিতরণ সহজীকরণ ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইএফটির মাধ্যমে ‘গভর্নমেন্ট টু পার্সন’ (জিটুপি) পদ্ধতিতে সরাসরি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ লক্ষ্যে অনলাইন এমপিও সিস্টেমের প্রয়োজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইএফটির মাধ্যমে অর্থ প্রেরণের ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের তথ্য আবশ্যিকভাবে সঠিক হতে হবে।

    নির্দেশনা অনুযায়ী, শিক্ষক-কর্মচারীরা নির্ধারিত ছক পূরণ ও স্বাক্ষর করে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দেবেন এবং এর একটি সফট কপি নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। প্রতিষ্ঠান প্রধানেরা এই তথ্যগুলো সংগ্রহ ও সংরক্ষণ করবেন। পরবর্তীতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সফটওয়্যারের লিংক ও প্রয়োজনীয় নির্দেশনাসহ অনলাইনে এই তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হবে।

    কর্মকর্তারা জানিয়েছেন, সকল তথ্য নির্ভুল না থাকলে ইএফটির মাধ্যমে পাঠানো বেতন-ভাতা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। এই কারণে আগামী ৩১ আগস্টের মধ্যে সংযুক্ত ছকের সকল তথ্য সঠিকভাবে সংগ্রহ ও প্রস্তুত রাখার জন্য মাদরাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষক-কর্মচারীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।