ভ্যাট রিটার্ন

  • ব্যবসায়ীদের ফের প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে

    ব্যবসায়ীদের ফের প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে

    ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের যে সুবিধা দেয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মানুযায়ী ব্যবসায়ীদের আবারো প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধ করতে হবে।

    গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ-সংক্রান্ত খসড়া সংশোধনীর অনুমোদন দেয়া হয়।

    মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে খসড়াটি উপস্থাপন করা হয়।

    খসড়া সংশোধনীতে বলা হয়েছে, প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেয়ার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।

    তবে দাখিলপত্র জমা দেয়ার নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেয়া যাবে।

    এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেয়ার সুযোগ পাবে।