নবম জাতীয় পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করার ভুয়া প্রজ্ঞাপন ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ছড়িয়ে পড়া ওই প্রজ্ঞাপনটি ভুয়া।

বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। অনেক শিক্ষক-কর্মচারী এটিকে প্রজ্ঞাপন মনে করে ফেসবুকে প্রচারও করেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। গত ১৭ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারি হয়। এই পে-স্কেলের আওতায় সরকারি শিক্ষকরা এই কাঠামোর সরাসরি সুবিধা পাচ্ছেন। অপরদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা প্রজ্ঞাপন শিগগির প্রকাশ করা হবে বলে জানা গিয়েছিলো। তবে এখনো শিক্ষা মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেনি।
