ট্যাগ ভিজে

  • ফোন ভিজে গেলে প্রথমে কোন কাজ করা জরুরি, জানুন

    ফোন ভিজে গেলে প্রথমে কোন কাজ করা জরুরি, জানুন

    ফিচার:

    পানিতে পড়ে গেলে বা ভিজে গেলে স্মার্টফোন বাঁচাতে সবচেয়ে জরুরি হলো দ্রুত সেটি বন্ধ করে বিদ্যুৎসংযোগ থেকে দূরে রাখা। এ সময় আতঙ্কিত হয়ে ফোন চালু রাখা, চার্জে দেওয়া কিংবা পানি বের করতে ঝাঁকানোর মতো ভুল পদক্ষেপে ভেতরের সংবেদনশীল যন্ত্রাংশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।পাকিস্তা

    নি সংবাদমাধ্যম জিও নিউজের একটি প্রযুক্তি প্রতিবেদনে পানিতে ভেজা ফোন সুরক্ষায় তাৎক্ষণিক করণীয় এবং যেসব কাজ এড়িয়ে চলতে হবে, সেগুলো তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ফোন পানিতে পড়ে যাওয়ার পর বা এতে পানি ঢুকে গেলে সেটি চালু থাকলেও অন্য কোনো বোতাম না চেপে অবিলম্বে বন্ধ করে দিতে হবে। স্ক্রিন বা অন্য কোনো বোতাম চাপলে ভেতরে থাকা পানি আরও গভীরে প্রবেশ করতে পারে। তাই ফোন বন্ধ করার পর প্রয়োজন ছাড়া কোনো বোতাম চাপা উচিত নয়। এরপর ভেজা ফোনটি যে কোনো বৈদ্যুতিক উৎস বা চার্জার থেকে দূরে রাখতে হবে। ভেজা অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হলে ভেতরের স্পর্শকাতর সার্কিট ও পার্টস পুড়ে যেতে পারে। এমনকি ব্যবহারকারীও বৈদ্যুতিক শকের শিকার হতে পারেন।

    সম্ভব হলে ফোনের ব্যাটারি আলাদা করে ফেলতে হবে। যদিও আধুনিক বেশিরভাগ ফোনে ব্যাটারি খোলার সুযোগ থাকে না। পাশাপাশি ফোনে থাকা সিম কার্ড এবং মেমোরি বা এসডি কার্ড দ্রুত খুলে বের করে আনতে হবে।

    এরপর যেভাবে শুকাতে হবে

    ফোন বন্ধ করে বিদ্যুৎ থেকে দূরে রাখার পর সেটি শুকানোর প্রক্রিয়া শুরু করতে হবে। প্রথমে একটি পরিষ্কার ও নরম কাপড় দিয়ে ফোনের ডিসপ্লে, পেছনের অংশ এবং চারপাশ ভালোভাবে মুছে নিতে হবে।

    এরপর চার্জিং পোর্ট ও হেডফোন পোর্টের ভেতরে জমে থাকা পানির ফোঁটাগুলো সাবধানে মুছে বা বের করে নেওয়ার চেষ্টা করতে হবে।

    পানি যতটা সম্ভব মুছে নেওয়ার পর ফোনটি একটি শুকনো ও পরিষ্কার স্থানে রেখে দিতে হবে। পুরোপুরি শুকাতে ফোনটি কয়েক দিন বাতাসে রেখে দেওয়া প্রয়োজন। কারণ সামান্যতম আর্দ্রতাও ভেতরের যন্ত্রপাতির ক্ষতি করতে পারে।

    ফোন শুকানোর জন্য সিলিকা জেলও ব্যবহার করা যেতে পারে। একটি এয়ারটাইট ব্যাগে ফোনটির সঙ্গে কয়েকটি সিলিকা জেল প্যাকেট দিয়ে মুখ বন্ধ করে রাখা যায়। ইলেকট্রনিক সামগ্রী, ওষুধ বা জুতোর বাক্সে আর্দ্রতা শোষণের জন্য যে সিলিকা জেল থাকে, তা ফোনের অতিরিক্ত পানি শোষণে সাহায্য করতে পারে।

    সিলিকা জেল হাতের কাছে না থাকলে শুকনো সাদা চালের মধ্যে ফোন রেখে দেওয়া যেতে পারে। তবে এ পদ্ধতিতে ফোন ঠিক হওয়ার নিশ্চয়তা বা সফলতার হার তুলনামূলকভাবে কম।

    যে ভুলগুলো করা যাবে না

    ফোন থেকে পানি বের করার জন্য সেটিকে জোরে জোরে ঝাঁকানো উচিত নয়। এতে পানি বাইরে বের হওয়ার পরিবর্তে ভেতরের জটিল পার্টসে আরও ছড়িয়ে পড়তে পারে।

    একইভাবে ফোন শুকাতে হেয়ার ড্রায়ার বা কোনো ধরনের তাপ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত তাপে ফোনের ভেতরের সংবেদনশীল সার্কিট ও ভেজা যন্ত্রাংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

    শুকানোর পর কী করবেন?

    কয়েক দিন শুকিয়ে নেওয়ার পর ফোনটি সম্পূর্ণ শুকনো মনে হলে সেটি চালু করে দেখা যেতে পারে। প্রাথমিক পদক্ষেপগুলো দ্রুত ও সঠিকভাবে করা হয়ে থাকলে ফোনটি আবার চালু হওয়ার সম্ভাবনা থাকে।

    ফোন চালু হলে পরবর্তী কয়েক দিন এর স্পিকার, মাইক্রোফোন এবং চার্জিং ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে। তবে ফোন একেবারেই চালু না হলে নিজে আর পরীক্ষা-নিরীক্ষা না করে একজন বিশেষজ্ঞ টেকনিশিয়ানের কাছে নেওয়াই শ্রেয়।