ব্যর্থতা আমার

  • হামে শিশুমৃত্যুর দায়-ব্যর্থতা আমার, সরকারের নয়: স্বাস্থ্যমন্ত্রী

    হামে শিশুমৃত্যুর দায়-ব্যর্থতা আমার, সরকারের নয়: স্বাস্থ্যমন্ত্রী

    হামে শিশু মৃত্যুর ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হামে শিশুমৃত্যুর দায় তার। এটি তার ব্যক্তিগত ব্যর্থতা, সরকারের নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ইস্পাতের চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে জানতে চান, এ দায় অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের-কাউকে না কাউকে তো এর দায় নিতে হবে।

    জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না। ’

    এ সময় হামের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন, ‘হামের টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আনা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্পমূল্যে এসব টিকা সংগ্রহ করা হয়েছে। ’

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশে ব্যবহৃত হামের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত এবং ইউনিসেফের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী টিকা সরবরাহে স্বীকৃত প্রতিষ্ঠান। ’

    এসব সংস্থাকে বাদ দিয়ে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা নেয়া হলে এবং তাতে শিশুমৃত্যুর ঘটনা ঘটলে দেশের মানুষ তাকে জীবিত রাখত না বলেও মন্তব্য করেন তিনি। অনেক অভিভাবক শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্তদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। ’

    একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীদের প্রায় কারও টিকা নেয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।