বেসরকারি স্কুল

  • বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ

    বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ

    বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে কমপক্ষে ৬ বছর বা ৭ বছরের কম হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। ১ম শ্রেণিতে আবশ্যিকভাবে লটারিতে, ২য়-৯ম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে ও ৮ম শ্রেণি-সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য হতে ৯ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়।

    নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে সাধারণভাবে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।

    প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ২০২৭ শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি, তবে ৭ বছরের কম হতে হবে। অর্থাৎ, ২০২০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে। বয়স প্রমাণে আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

    নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শ্রেণির প্রতি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।

    ভর্তি পরীক্ষার তারিখ ও সময় শিক্ষাবর্ষ শুরুর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারণ করবে। একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন দিনে ভর্তি পরীক্ষা আয়োজনের সুবিধার্থে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে।

    ভর্তির কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের। এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্কুল কর্তৃপক্ষ এক বা একাধিক উপকমিটি গঠন করতে পারবে।

    ঢাকার স্কুলে ৪০ শতাংশ ক্যাচমেন্ট কোটা

    ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে স্কুলসংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। বাকি আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।

    তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এ ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট এলাকায় অবস্থিত হলে শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।

    নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগরীর প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সহায়তায় ক্যাচমেন্ট এরিয়া বা স্কুল সেবা অঞ্চল নির্ধারণ করবেন। এ এলাকা নির্ধারণ নিয়ে একাধিক স্কুলের মধ্যে মতবিরোধ বা জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তা সমাধান করবেন। ক্যাচমেন্ট এরিয়া যথাযথভাবে নির্ধারণ করতে হবে।