বেড়ে

  • ২০২৭ সালের হজে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

    ২০২৭ সালের হজে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

    সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারের বিশেষ অনুরোধে নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর অনুমোদন দিয়েছে সৌদি আরব।

    সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয

    চুক্তি অনুযায়ী বরাদ্দ করা কোটার পাশাপাশি অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হলে কিংবা কোটা বাতিল হলে সেই অতিরিক্ত সুযোগ বাংলাদেশকে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

    ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী। এ জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

    মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করছে। হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

    ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তিতে সেই সংখ্যা বেড়ে ৮৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। ফলে আগামী বছর আরও ৫ হাজার মানুষ হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুই দেশের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।