লিওনেল মেসির ফ্রি-কিকের প্রস্তুতি মানেই প্রতিপক্ষের শিবিরে ত্রাস সৃষ্টি হওয়া। দূরত্ব যতই হোক না কেন, ফ্রি-কিক থেকে জাদুকরি গোল উপহার দেওয়া যেন তার বাঁ পায়ের অভ্যাসে পরিণত হয়েছে। ইন্টার মায়ামির হয়ে সান ডিয়েগোর বিপক্ষে রবিবারের ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ফ্রি-কিক থেকে গোল করে ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।
এমএলএসের রোমাঞ্চকর সেই ২-২ ড্রয়ের ম্যাচের ২৪ মিনিটে ইন্টার মায়ামি পিছিয়ে ছিল। সেই মুহূর্তে ডি বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের এক চোখ ধাঁধানো শট নেন ৩৯ বছর বয়সী মেসি। বলটি দূরের পোস্টে লেগে জালে জড়ায়। এই গোলের সুবাদেই তিনি ক্যারিয়ারের ৯৩০তম গোলটি পূর্ণ করেন। এর মধ্যে শুধু ফ্রি-কিক থেকেই এসেছে তার ৭৫টি গোল।
এই গোলের মাধ্যমে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলিয়ান তারকা জাইর রোসা পিন্টোকে টপকে এককভাবে সর্বকালের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন মেসি। সর্বকালের সেরা ফ্রি-কিক গোলের মালিক হতে তার সামনে এখন কেবল আরেক ব্রাজিলিয়ান লিজেন্ড মার্সেলিনিয়ো কারিওকা, যিনি ৭৮টি ফ্রি-কিক গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। অর্থাৎ রেকর্ডটি নিজের করে নিতে মার্সেলিনিয়ো থেকে মাত্র চার গোল দূরে রয়েছেন তিনি।
ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোল:
| ক্রমিক | খেলোয়াড়ের নাম | গোলসংখ্যা | দেশ |
| ১ | মার্সেলিনিয়ো কারিওকা | ৭৮ | ব্রাজিল |
| ২ | লিওনেল মেসি | ৭৫ | আর্জেন্টিনা |
| ৩ | জাইর রোসা পিন্টো | ৭৪ | ব্রাজিল |
| ৪ | রবার্তো দিনামিতে | ৭৩ | ব্রাজিল |
| ৫ | জুনিনহো পের্নাম্বুকানো | ৭২ | ব্রাজিল |
| ৬ | মার্কোস আসুন্সাও | ৬৮ | ব্রাজিল |
| ৭ | সিনিসা মিহাইলোভিচ | ৬৭ | সার্বিয়া |
| ৮ | হোর্হে আরাভেনা | ৬৫ | চিলি |
| ৯ | ক্রিস্টিয়ানো রোনালদো | ৬৪ | পর্তুগাল |
| ১০ | জিকো | ৬২ | ব্রাজিল |
| ১১ | দিয়েগো মারাদোনা | ৬১ | আর্জেন্টিনা |

