সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ছবি, ভিডিও, ব্যক্তিগত স্মৃতি ও নানা মুহূর্তের গল্প জমা থাকে এই প্ল্যাটফর্মে। কিন্তু ব্যবহারকারীর মৃত্যুর পর তার ফেসবুক অ্যাকাউন্টের কী হয়, তা অনেকেরই অজানা। এ বিষয়ে ব্যবহারকারীদের জন্য দুটি বিকল্প রেখেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একটি হচ্ছে প্রোফাইল ‘মেমোরিয়ালাইজড’ রাখা বা স্মৃতিমূলক হিসেবে সংরক্ষণ অথবা স্থায়ীভাবে মুছে ফেলা।
মৃত্যুর পর ফেসবুক প্রোফাইলের কী হয়?
ফেসবুকের নিয়ম অনুযায়ী, কোনো ব্যবহারকারী তার মৃত্যুর পর অ্যাকাউন্টের কী হবে, তা আগেই নির্ধারণ করতে পারেন। চাইলে মৃত্যুর পর প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলার নির্দেশ দিতে পারেন। অন্যথায়, ফেসবুক কর্তৃপক্ষ মৃত্যুর খবর জানতে পারলে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে প্রোফাইলটি স্মৃতিমূলক ‘মেমোরিয়ালাইজড’ হিসেবে সংরক্ষণ করতে পারে। ‘মেমোরিয়ালাইজড’ প্রোফাইলে কী থাকে?
মৃত ব্যক্তির প্রোফাইল স্মৃতিমূলক করা হলে তার নামের পাশে ‘রিমেম্বারিং’ লেখা দেখা যায়। এর মাধ্যমে বোঝানো হয়, অ্যাকাউন্টটির মালিক আর বেঁচে নেই। এ ধরনের প্রোফাইলের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে—
* প্রোফাইলে আগে প্রকাশ করা ছবি, পোস্ট ও অন্যান্য কনটেন্ট ফেসবুকে থেকে যায়। তবে সেগুলো আগের নির্ধারিত প্রাইভেসি সেটিংস অনুযায়ী দেখা যায়। * প্রোফাইলের গোপনীয়তা সেটিংসের ওপর নির্ভর করে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা সেখানে স্মৃতিচারণ করতে পারেন।
* প্রোফাইলটি ‘পিপল ইউ মে নো’ বা ‘আপনি হয়তো চেনেন’—এমন পরামর্শ, বিজ্ঞাপন কিংবা জন্মদিনের রিমাইন্ডার দেখানো হয় না।
* কেউ ওই অ্যাকাউন্টে লগইন করতে পারেন না।
* কোনো লিগ্যাসি কন্টাক্ট নির্ধারণ করা না থাকলে স্মৃতিমূলক প্রোফাইলের পরিবর্তন করার সুযোগ থাকে না।
* এ ছাড়া, কোনো পেজের একমাত্র অ্যাডমিনের প্রোফাইল মেমোরিয়ালাইজড করা হলে এবং বৈধ অনুরোধ পাওয়া গেলে পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেয়া হতে পারে। একইভাবে, কোনো গ্রুপের একমাত্র অ্যাডমিনের প্রোফাইল স্মৃতিমূলক করা হলে বৈধ অনুরোধের ভিত্তিতে গ্রুপটি স্থগিত করা হতে পারে।
কে দেখভাল করবেন আপনার স্মৃতিমূলক প্রোফাইল?
মৃত্যুর পর ফেসবুক প্রোফাইল দেখভালের জন্য একজন বিশ্বস্ত ব্যক্তিকে ‘লিগ্যাসি কন্টাক্ট’ হিসেবে মনোনীত করার সুযোগ রয়েছে। এই ব্যক্তি প্রোফাইলটি স্মৃতিমূলক হওয়ার পর নির্দিষ্ট কিছু কাজ করতে পারেন।
লিগ্যাসি কন্টাক্টের সুবিধাগুলোর মধ্যে রয়েছে—
* প্রোফাইলে নতুন কভার ছবি যুক্ত বা পরিবর্তন করা।
* একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচারণমূলক পোস্ট প্রোফাইলের ওপরে পিন করে রাখা।
* মৃত ব্যক্তির প্রোফাইলে নতুন বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা।
* স্মৃতিচারণের ব্যবস্থা থাকলে কারা তা দেখতে বা পোস্ট করতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া।
* ফেসবুকে শেয়ার করা কনটেন্টের একটি কপি ডাউনলোড করা, যদি সংশ্লিষ্ট সুবিধাটি আগে থেকে চালু থাকে।
* প্রয়োজন হলে প্রোফাইলটি মুছে ফেলার ব্যবস্থা করা।
তবে লিগ্যাসি কন্টাক্ট মৃত ব্যক্তির অ্যাকাউন্টে লগইন করতে বা তার পরিচয়ে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন না।
মৃত্যুর পর পুরো অ্যাকাউন্ট মুছে ফেলার সুযোগও রয়েছে
যারা চান না মৃত্যুর পর তাদের ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্ট কিংবা অন্যান্য কনটেন্ট ফেসবুকে থেকে যাক, তাদের জন্য রয়েছে ‘ডিলেট আফটার ডেথ’ সুবিধা।
এই বিকল্পটি আগে থেকে নির্বাচন করা থাকলে এবং ফেসবুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রমাণ পাওয়ার পর অ্যাকাউন্ট মুছে ফেলার প্রক্রিয়া শুরু করলে সংশ্লিষ্ট প্রোফাইলের বার্তা, ছবি, পোস্ট, মন্তব্য, প্রতিক্রিয়া ও অন্যান্য তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ফেসবুক ব্যবহারকারীদের এই সিদ্ধান্তের কথা পরিবারের সদস্য বা বিশ্বস্ত ব্যক্তিদের জানিয়ে রাখার পরামর্শ দেয়।
কীভাবে নির্ধারণ করবেন মৃত্যুর পর প্রোফাইলের পরিণতি?
ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে কয়েকটি ধাপ অনুসরণ করে এ-সংক্রান্ত সেটিংস পরিবর্তন করা যায়।
১. ফেসবুকে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
২. ‘সেটিংস এন্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ নির্বাচন করুন।
৩. ‘মেটা অ্যাকাউন্ট’ বিভাগে গিয়ে ‘ম্যানেজ অ্যাকাউন্ট’ নির্বাচন করুন।
৪. যে প্রোফাইলের সেটিংস পরিবর্তন করতে চান, সেটির পাশে ‘ম্যানেজ’ নির্বাচন করুন।
৫. ‘মেমোরিয়ালাইজেশন’ অপশনে প্রবেশ করুন।
৬. ‘মেমোরিয়ালাইজ প্রোফাইল’ অথবা ‘ডিলেট আফটার ডেথ’—পছন্দের বিকল্পটি নির্বাচন করুন।
৭. পরবর্তী নির্দেশনা অনুসরণ করে সিদ্ধান্তটি নিশ্চিত করুন।
তবে মেটার তথ্য অনুযায়ী, সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে নতুন সেটিংসের এই ব্যাপারটি এখনো পাওয়া নাও থাকতে পারে।
অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ নিয়ম
ফেসবুকের নিয়ম অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা লিগ্যাসি কন্টাক্ট নির্বাচন করতে পারেন না। কোন বয়সে একজন ব্যবহারকারীকে আর অপ্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হবে, তা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে।
অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক কেউ ‘ডিলেট আফটার ডেথ’ বিকল্পটি নির্বাচন করলে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত না হওয়া পর্যন্ত সেটিংসটি পরিবর্তন করতে পারবেন না।
তথ্যসূত্র: ফেসবুক
