ট্যাগ পড়াশোনা

  • পড়াশোনা করে দেশের সম্পদ হতে হবে: ঢাকার ডিসি

    পড়াশোনা করে দেশের সম্পদ হতে হবে: ঢাকার ডিসি

    ‘আমার বাবা আমাকে ইন্টারমিডিয়েট পাশের পর বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তা মেনে নেইনি। লেখাপড়া শেষ করে আজ আমি নিজের যোগ্যতায় দেশের সম্পদ হিসেবে সেবা দিয়ে যাচ্ছি। তাই তোমাদের (শিক্ষার্থীদের) প্রতি আমার আহ্বান তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, নিজেদের প্রতিষ্ঠিত করবে।’

    গত ২ আগস্ট বিকাল ৫টায় ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম এসব কথা বলেন।

    একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী শিক্ষার উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন ডিসি।

    দোহার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে দোহার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, বিজ্ঞান শিক্ষাকে উদ্বুদ্ধ করতে উপজেলা পরিষদের অর্থায়নে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জামাদি এবং ‘হ্যালো ডিসি অ্যাপ’- এর মাধ্যমে সহায়তার আবেদনকারী ১৪ জন অসচ্ছল ও দুস্থ মহিলার মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী ও উদ্যমী হবে। পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসন সবসময় প্রস্তুত।

    অনুষ্ঠানে দোহারের ইউএনও মো. মাঈদুল ইসলাম উল্লেখ করেন, ঢাকার ৪শ বছরের সমৃদ্ধ ইতিহাসে মিজ ফরিদা খানমই হলেন ১ম নারী জেলা প্রশাসক। পরবর্তীতে ‘ক্লিন স্কুল গ্রিন স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে দুই শতাধিক ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিচ্ছন্নতা অভিযান জোরদারে উপজেলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৯টি ডাস্টবিন বিতরণ করা হয়।

    এছাড়াও ‘গ্রিন দোহার’ কার্যক্রমের আওতায় বিলাশপুর ইউনিয়নের কুলছড়িতে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে ‘কৃষ্ণ কানন’-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

    সফর শেষে তিনি দোহারের অন্যতম পর্যটন কেন্দ্র মৈনটঘাট পরিদর্শন করেন এবং সেখানকার সার্বিক পরিবেশ উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, ওসি আবু বক্কর সিদ্দিক, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশেম বেপারী, দোহার উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপি সভাপতি এসএম কুদ্দুসসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।