প্রাথমিক বৃত্তি

  • কাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

    কাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

    শিক্ষা ডেস্ক:

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই ফলাফল প্রকাশ উপলক্ষ্যে রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।

    এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’-এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।

    পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

    এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পেছাল, হতে পারে ১২ জুলাই

    প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পেছাল, হতে পারে ১২ জুলাই

    শিক্ষা ডেস্ক:

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফল পুরোপুরি প্রস্তুত না হওয়া এবং কারিগরি কিছু জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বড় ধরনের কোনো জটিলতা না থাকলে আগামী রোববার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

    এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, ‘আজ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে তা জানিয়ে দেওয়া হবে।’

  • আগামী কাল প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

    আগামী কাল প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

    শিক্ষা ডেস্ক:
    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী কাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সেদিন সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন বিভাগের উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী কাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করা হবে। এদিকের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনুপাতে সরকারি বিদ্যালয়ে প্রতি আটজনের মধ্যে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় সাড়ে পাঁচজনের মধ্যে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

    দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।

    বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা করে পাবে। এছাড়া, উভয় শ্রেণির শিক্ষার্থী বছরে এককালীন ২২৫ টাকা করে আর্থিক সহায়তা পাবে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরবর্তী দুই বছর তারা এই সুবিধা ভোগ করতে পারবে।

    ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনে এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে আইপিইএমআইএস পোর্টালে ফল প্রকাশ করা হবে। এসএমএসের মাধ্যমে ফল জানার পদ্ধতি পরে জানিয়ে দেওয়া হবে।