ট্যাগ প্যাকেটজাত দুধ

  • লিটারপ্রতি ১০ টাকা বাড়ল প্যাকেটজাত তরল দুধ

    লিটারপ্রতি ১০ টাকা বাড়ল প্যাকেটজাত তরল দুধ

    দেশের বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন খরচ বাড়ানোর কারণ দেখিয়ে দাম সমন্বয় করেছেন দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

    খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমানে মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসে পণ্যটির দাম ১০ টাকা বাড়ানো হয়। একই সময়ে আধা লিটার প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়।

    এদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটারের প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকা।

    এদিকে দুধের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের মতে, দৈনন্দিন পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হওয়া সত্ত্বেও ধারাবাহিক দাম বাড়ানোর কারণে অনেক পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়ছে।

    খুচরা বিক্রেতারাও বলছেন, দাম বাড়ার পর তরল দুধের বিক্রি কমেছে। তাদের অভিযোগ, একসঙ্গে প্রায় সব ব্র্যান্ডের দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

    তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে।