দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন দেখা দিয়েছে। সংকটকালীন সময়ে যেখানে পেঁয়াজের দাম বাড়ার কথা, সেখানে পুরনো পেঁয়াজের অতিরিক্ত সরবরাহে বাজারে তৈরি হয়েছে উল্টো চিত্র। গত বছর যে পেঁয়াজ প্রতি মণ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছিল, এবার তা নেমে এসেছে মাত্র ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এতে উৎপাদন ও সংরক্ষণ খরচ তুলতে না পেরে চরম লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষক ও মজুতকারীরা।
রোববার (১৫ নভেম্বর) জেলার প্রধান পেঁয়াজের হাট সুজানগর এবং মঙ্গলবার সদর উপজেলার হাজিরহাট ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে এ পরিস্থিতির চিত্র পাওয়া গেছে।
সাঁথিয়ার বনগ্রাম থেকে চার মণ পেঁয়াজ নিয়ে হাটে এসেছিলেন কৃষক জাকির হোসেন। তিনি কালবেলাকে বলেন, চার মণ পেঁয়াজ প্রতি মণ ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করেছেন। অথচ এই পেঁয়াজ সংরক্ষণ করতে তার খরচ হয়েছিল ৮ হাজার টাকা। নিরুপায় হয়ে লোকসানে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
সুজানগরের দুর্গাপুর গ্রামের কৃষক আইনাল মন্ডল বলেন, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা তাদের পরিশ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকদের অভিযোগ, ভালো দামের আশায় চড়া সুদে ঋণ নিয়ে তারা সংকটকালীন সময়ের জন্য পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। উৎপাদন ব্যয়ের পাশাপাশি প্রায় ছয় মাসের সংরক্ষণ খরচ এবং শুকিয়ে ওজন কমে যাওয়ায় প্রতি মণে খরচ অনেক বেড়েছে। কিন্তু বিক্রির সময় সেই খরচের সামান্য অংশও উঠছে না।
কৃষক সিদ্দিকুর রহমান বলেন, আর মাত্র এক থেকে দেড় মাস পর নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। অথচ এখনো পুরনো পেঁয়াজের মজুত শেষ হয়নি। বর্তমান মজুত দিয়ে আরও তিন থেকে চার মাসের চাহিদা পূরণ সম্ভব। নতুন পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে আসতে পারে। এতে কৃষকরা পুঁজি হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়বেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পাবনায় ৫৪ হাজার হেক্টর জমিতে প্রায় ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। জেলার নিজস্ব চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন। সেপ্টেম্বরের শুরুতে কৃষকদের বাড়ি এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগার মিলিয়ে প্রায় ১ লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুত ছিল।
কৃষি কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন এবং পুরনো পেঁয়াজের বিপুল মজুতই বর্তমান দরপতনের অন্যতম কারণ। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পেঁয়াজ রপ্তানিমুখী উৎপাদন ও বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক কালবেলাকে বলেন, ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় পেঁয়াজ রপ্তানির সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন। পাশাপাশি কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে দ্রুত বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে হবে।
সব মিলিয়ে, উৎপাদনে সাফল্য থাকলেও সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির সীমাবদ্ধতায় পাবনার পেঁয়াজচাষিরা এবার বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে নতুন পেঁয়াজ বাজারে আসার পর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।