নেদারল্যান্ড

  • মরক্কোর কাছে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ডাচ কোচের পদত্যাগ

    মরক্কোর কাছে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ডাচ কোচের পদত্যাগ

    ক্রীড়া ডেস্ক:

    বিশ্বকাপে থেকে বিদায়ের পর নেদারল্যান্ডসে প্রধান কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। মরক্কোর বিপক্ষে নাটকীয় টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের খবর জানান কোম্যান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করে।

    বিবৃতিতে কোম্যান লিখেন, ‘গত রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি, নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে আমি আর থাকছি না। আমরা সবাই মিলে এই বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমরা পারিনি। এই স্বপ্নভঙ্গে আমার চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। কোচ হিসেবে দিনশেষে এই ব্যর্থতার দায়ভার আমার।’

    এমনকি অসুস্থ স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে কোচিং ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিতও দিয়েছেন ৬৩ বছর বয়সী কোম্যান। সাবেক এই ডাচ ডিফেন্ডার বলেন, ‘গত কয়েক বছরে আমি অনুধাবন করতে পেরেছি, জীবনে ফুটবলের থেকেও গুরুত্বপূর্ণ আরও কিছু আছে। ফুটবলই আমার জীবন। কিন্তু মানুষের স্বাস্থ্য অমূল্য। যখন আপনার কোনো প্রিয়জন কঠিন কোনো লড়াই লড়ছে, তখন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। অসুস্থ থাকা সত্ত্বেও আমার স্ত্রী আমাকে প্রতিনিয়ত আমাকে সমর্থন দিয়েছে, যেন কোচ হিসেবে আমি আমার কাজ শেষ করতে পারি। আমি তার প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না।’

    কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে নেদারল্যান্ডসের বিদায় নেয়ার পর লুইস ফন হালের স্থলাভিষিক্ত হন কোম্যান। এর আগেও ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই বছর নেদারল্যান্ডসের ডাগআউটে ছিলেন তিনি। কোম্যানের অধীনে গত ইউরোর সেমিফাইনাল খেললেও ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ২৫ এর ভেতরে থাকা কোনো দলকে হারাতে পারেনি ডাচরা।

    বিদায়বার্তায় তিনি ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আক্ষেপ প্রকাশ করে বলেন, বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে সেটিই হতো সবচেয়ে আনন্দের বিষয়। তবে দীর্ঘ কোচিং ও ফুটবল ক্যারিয়ার নিয়ে তিনি গর্বিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন।

  • গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ মরক্কো

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ মরক্কো

    ক্রীড়া ডেস্ক:

    তিন গোলের দাপুটে জয়ে গ্রুপপর্ব শেষ করল নেদারল্যান্ডস। তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ডাচরা। একই সময়ে জাপান ও সুইডেনের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে নেদারল্যান্ডস। ফলে নকআউট পর্বে সম্ভাব্য কঠিন প্রতিপক্ষ ব্রাজিলকে এড়িয়ে তারা মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানারআপ মরক্কোর।

    কানসাস সিটির ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই তিউনিসিয়ার অধিনায়ক এলিস শিকিরি আত্মঘাতী গোল করে ডাচদের এগিয়ে দেন। এরপর সপ্তম মিনিটে ব্রায়ান ব্রবি নিজের বিশ্বকাপের তৃতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ভার্জিল ফন ডাইকের হেড থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলকে স্বস্তি এনে দেন তিনি।

    দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া একবার ম্যাচে ফেরার আভাস দেয়। ৫৪তম মিনিটে কর্নার থেকে হাজেম মাসতুরি গোল করে ব্যবধান কমান। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ৬২তম মিনিটে জ্যান পল ফন হেকের হেড আনিস স্লিমানের গায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।

    ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কিছু সময়ের জন্য খেলা বন্ধও রাখতে হয়। বিরতির পরও অবশ্য বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজেই ম্যাচ শেষ করে ডাচরা।এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। সমান ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে জাপান, যারা নকআউটে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। আর চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে সুইডেন।

    অন্যদিকে, বিশ্বকাপের শুরু থেকেই হতাশাজনক পারফরম্যান্স করেছে তিউনিসিয়া। প্রথম ম্যাচে হারের পর কোচ পরিবর্তন করেও ভাগ্য বদলায়নি। জাপানের কাছে বড় ব্যবধানে হারার পর নেদারল্যান্ডসের বিপক্ষেও পরাজিত হয়ে কোনো জয় ছাড়াই বিশ্বকাপ শেষ করল উত্তর আফ্রিকার দলটি।

    নকআউটে ওঠার আগে টানা দুই জয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে শেষ ৩২-এর লড়াইয়ে নামবে নেদারল্যান্ডস, যেখানে তাদের প্রতিপক্ষ হবে চমক দেখিয়ে নকআউটে ওঠা মরক্কো।