জবি

  • রাজধানীতে জবির বাসে আগুন

    রাজধানীতে জবির বাসে আগুন

    রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে মাতুয়াইল মাদ্রাসা রোডের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদী রুটে চলাচলকারী ‘নোঙর’ বাসটি মেরামতের জন্য গ্যারেজে নেওয়া হয়েছিল। সেখানে অন্য একটি বাসে ঝালাইয়ের কাজ করার সময় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে জবির বাসে। এতে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়। জবির বাসটির ভেতরের আসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক তারেক বিন আতিক জানান, আগের দিন বাসটি মেরামতের জন্য গ্যারেজে দেওয়া হয়েছিল। আগুন লাগার সময় বাসে কোনো শিক্ষার্থী ছিলেন না।

    তিনি আরও বলেন, গ্যারেজ মালিক বাসটি সম্পূর্ণ মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আপাতত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে এগোচ্ছেন না তারা।