চৌগাছা

  • শখের মোটরসাইকেলেই শেষ হলো জুবায়েরের জীবন

    শখের মোটরসাইকেলেই শেষ হলো জুবায়েরের জীবন

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    ‘মোটরসাইকেল কিনে দেওয়ার পর থেকেই ভয় হতো। বাইরে থাকলে অপরিচিত নম্বর থেকে ফোন এলেই বুক কেঁপে উঠত ,এই বুঝি কোনো দুঃসংবাদ এলো।’ ছেলের মরদেহের পাশে বসে কথাগুলো বলছিলেন জুবায়ের হোসেনের বাবা আলীম দফাদার। কিছুক্ষণ পরপর কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।

    রোববার সকালে যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় নিহত হয় নবম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের হোসেন (১৫)। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আরও দুই সহপাঠী আহত হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জুবায়ের উপজেলার চাঁদপাড়া গ্রামের আলীম দফাদারের ছেলে। আহত দুই শিক্ষার্থী হলো একই গ্রামের লিখন (১৫) ও ফাহিম (১৫)। তারা তিনজনই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

    স্বজনেরা জানান, সকালে জুবায়েরের পালসার মোটরসাইকেলে করে তিন বন্ধু প্রাইভেট পড়তে যাচ্ছিল। ফাসতলা এলাকায় পৌঁছালে মহেশপুরের দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

    স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

    হাসপাতালে ছেলের মরদেহের পাশে বসে আলীম দফাদার বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে সিঙ্গাপুরে থাকে। জুবায়ের নবম শ্রেণিতে পড়ত। অনেক দিন ধরেই মোটরসাইকেলের জন্য বায়না করছিল। আমি কিনে দিতে চাইনি। পরে ওর ভাইও বলল, যেহেতু বায়না করছে, কিনে দিতে। সাত-আট মাস আগে পালসার মোটরসাইকেলটি কিনে দিয়েছিলাম।’

    তিনি বলেন, ‘যেদিন মোটরসাইকেল কিনে দিয়েছি, সেদিন থেকেই ও বাইরে থাকলে ভয় হতো। অচেনা নম্বর থেকে ফোন এলেই মনে হতো, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো। আজ সেই ভয়টাই সত্যি হলো।’

    এ কথা বলতে বলতে অঝোরে কাঁদছিলেন তিনি।

    ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছিলেন জুবায়েরের মা। আহাজারি করে তিনি বলছিলেন, ‘ও বাবা, তুই কেন কথা শুনলি না? মোটরসাইকেল নিতে তোকে নিষেধ করেছিলাম। তোর বাবাও নিষেধ করেছিল। তুই কেন শুনলি না?’

    জুবায়েরের কয়েকজন বন্ধু জানান, মোটরসাইকেল চালানোর প্রতি তার বেশ আগ্রহ ছিল। তাদের দাবি, জুবায়ের প্রায়ই ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চালাত। তবে রোববারের দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতি কত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে জুবায়েরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • চৌগাছায় ১৬’শ পিচ ইয়াবাসহ কারবারি আটক

    চৌগাছায় ১৬’শ পিচ ইয়াবাসহ কারবারি আটক

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় ১৬’শ পিচ ইয়াবাসহ ইমরান হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

    গোপন সংবাদ পেয়ে ৬ জুলাই রোববার বিকেলে চৌগাছা থানার পুলিশ উপজেলার পাশাপোল ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালায়। এসময় ইমরানের বাড়ি তল্লাশি করে ১৬’শ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

    আটক ইমরান উজিরপুর গ্রামের আকিমুল ইসলামের ছেলে।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমরান দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • চৌগাছায় ২৫০ শয্যার হাসপাতাল চালু,  বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমবে-মন্ত্রীপরিষদ সচিব

    চৌগাছায় ২৫০ শয্যার হাসপাতাল চালু, বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমবে-মন্ত্রীপরিষদ সচিব

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় ২৫০ শয্যা বিশিষ্ট ডা. আনিসুজ্জামান ( বেসরকারি) হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এটি আধুনিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি।

    শুক্রবার (৩ জুলাই) বিকেলে হাসপাতালের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীপরিষদ সচিব বলেন, “এই হাসপাতাল দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবার উন্মুক্ত দুয়ার। এই হাসপাতাল ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত স্বাস্থ্যসেবা কেন্দবিন্দুতে পরিনত হবে।

    তিনি আরও বলেন, “এ অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না। কম খরচে মানসম্মত চিকিৎসা এখন উপজেলা পর্যায়েই নিশ্চিত করা সম্ভব হবে।” এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতকে অক্ষত রাখতে উপজেলার সকল দল মত নিবিশেষে সহযোগীতা একান্ত প্রয়োজন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আনিসুজ্জামান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাছানুজ্জামান রাহিন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন মাহামুদ, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং সাবেক অতিরিক্ত সচিব এ কে নাজমুজ্জামান শাহিন, ইদ্রিস মিদ্দিকি, যশোর আদ্ব-দ্বীন সকিনা হাসপাতালের পরিচালক বাংলাদেশের স্বাস্থ্যসেবায় মডেল হাসপাতালের রুপকার ডা: ইমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

    বক্তারা বলেন, নতুন এ হাসপাতাল চালুর মাধ্যমে স্থানীয় জনগণের চিকিৎসা সেবায় বড় পরিবর্তন আসবে এবং চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ কমবে।

    স্থানীয়রা জানান, উন্নত চিকিৎসার জন্য এতদিন তাদের জেলা বা দেশের বাইরে যেতে হতো। নতুন এই হাসপাতাল চালু হওয়ায় এখন থেকে সহজে ও কম খরচে চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হলো।

    বিকেল চারটায় মন্ত্রীপরিষদের সচিব উপজেলা মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাভাবিক চলাচলে অক্ষম ও অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। সবশেষে নিজ গ্রামের প্রতিষ্ঠিত ফজলুর রহমান দাখিল মাদ্রাসা উদ্বোধন করেন।

    এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জি এম মুনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.আহসান মিজান রুমি, চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারি সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

  • চৌগাছা সীমান্ত থেকে নারী শিশুসহ দশ জন আটক

    চৌগাছা সীমান্ত থেকে নারী শিশুসহ দশ জন আটক

    যশোরের চৌগাছায় ভারতীয় সীমান্তের ইন্দ্রোপুর গ্রামের মাঠ থেকে নারী শিশুসহ দশ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শুক্রবার দিবাগত রাতে হিজলি বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন। আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক বলে দাবি করেছেন।

    আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের আবু সাঈদ (৫০), তার স্ত্রী ছকিনা খাতুন (৪৩),সাতক্ষীরা জেলার বড় কুপুট গ্রামের মাছুরা খাতুন (৩৫), তার বড় ছেলে নুর জালাল (১৫), ছোট ছেলে ওমর ফারুক (১২), এবং মেয়ে মিনারা খাতুন (৭), খুলনার তেরখাদা উপজেলার রাব্বি হাসান (২২),তার স্ত্রী নাসিমা খাতুন (১৮), মেয়ে রাহেলা খাতুন (২) এবং নানি মেহেরুন বিবি (৭০)।

    হিজলি বিওপির বিজিবি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম বলেন, আটককৃতরা ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে দেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টাকালে টহলদলের সদস্যরা তাদেরকে আটক করেন।
    তিনি আরো বলেন, আটককৃতদেরকে বেআইনি ভাবে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে চৌগাছা থানায় সোর্পদ করা হয়েছে।

    চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে আটককৃতরা এ প্রতিবদকের নিকট তাদের বাড়ি বাংলাদেশে বলে দাবি করেন।

    তারা বলেন, আমরা ভারতে বিভিন্ন পেশায় কাজ করে জীবিকা নির্বাহ করি। আমরা দেশে বেড়াতে আসার সময় বিজিবি আমাদেরকে আটক করেছে। আটক নুর জালাল ভারতের একটি মাদ্রাসায়, ওমর ফারুক ও মিনারা খাতুন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে বলে জানান।