খেলা

  • মার্তিনেজের হাতে ব্যান্ডেজ, আর্জেন্টিনা দলে নতুন শঙ্কা

    মার্তিনেজের হাতে ব্যান্ডেজ, আর্জেন্টিনা দলে নতুন শঙ্কা

    বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে সমর্থকদের মনে একটু উদ্বেগ তৈরি হয়েছে। কানসাসে যাওয়ার পথে বিমানে তোলা একটি ছবি সেই উদ্বেগ নতুন করে উসকে দিয়েছে।

    ছবিটি শেয়ার করেছেন লিসান্দ্রো মার্তিনেজ। সেখানে দেখা যাচ্ছে, মার্তিনেজ এক হাতে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে বসে আছেন। আঙুলে ফ্র্যাকচার হওয়ার ১১ দিন পর এই ছবি তোলা হয়।

    এর আগে ইউরোপা লিগ ফাইনালের আগে বাঁ হাতের একটি আঙুল ভেঙেছিল মার্তিনেজর। তারপরও সেই ফাইনাল খেলেন এবং অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জেতেন। চোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ক্লাব ও আর্জেন্টিনা জাতীয় দল মিলে একটি পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় আছে হাত স্থির রাখা, বিশেষ ব্যায়াম এবং বিশ্বকাপের আগে বাড়তি ঝুঁকি না নেওয়া।

    বেশিরভাগ আর্জেন্টাইন খেলোয়াড় আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছিলেন। মার্তিনেজ ও লিসান্দ্রো পরে রওনা দেন এবং কানসাসে দলের সাথে যোগ দেন।

    পরিকল্পনা অনুযায়ী, মার্তিনেজ হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দুটো খেলবেন না। এটা তার সুস্থতার সময়সূচির অংশ। লক্ষ্য একটাই, ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামা। কোচ লিওনেল স্কালোনির স্টাফরা তার সুস্থতার প্রতিটি ধাপ নজরে রাখছেন।

    বিশ্বকাপের শুরুতে তার খেলা নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলেই জানা গেছে। আর বিমানে মার্তিনেজর সেই হাসিমুখের ছবিটাই যেন বলছে, সামনে যা আসবে, তার জন্য তিনি প্রস্তুত।

  • ফ্রান্স কিংবদন্তি জিদানের ছেলে বিশ্বকাপে খেলবেন আলজেরিয়া দলের হয়ে

    ফ্রান্স কিংবদন্তি জিদানের ছেলে বিশ্বকাপে খেলবেন আলজেরিয়া দলের হয়ে

    ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান এবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। আলজেরিয়া তাকে তাদের বিশ্বকাপ দলে ডেকেছে।

    ২৮ বছর বয়সী লুকা আফ্রিকান কাপ অফ নেশনসে আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। কিন্তু এপ্রিলে স্পেনের ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় চোয়াল ও থুতনি ভেঙে যায় তার। সেই চোট সারিয়ে এখন তিনি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

    লুকা ফ্রান্সের হয়ে অনূর্ধ্ব-২০ পর্যন্ত খেলেছেন। পরে আলজেরিয়াকে বেছে নেন, কারণ তার দাদা-দাদি সেখানকার মানুষ।

    তার বাবা জিনেদিন জিদান ১৯৯৮ সালে ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে দুই গোল করে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান। ২০০৬ সালের ফাইনালেও গোল করেন, তবে সেই ম্যাচে লাল কার্ড দেখেন।

    আলজেরিয়ার এই দলে আরও ফিরেছেন সাবেক ম্যানচেস্টার সিটি ও লেস্টার ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। ৩৫ বছর বয়সী মাহরেজ এখন সৌদি আরবের আল-আহলিতে খেলছেন।

    সাবেক টটেনহাম মিডফিল্ডার নাবিল বেনতালেব সাত মাস পর দলে ফিরেছেন। হুসেম আউয়ার ও আমিন গুইরিও ফিরেছেন। দুজনই চোটের কারণে এই বছরের শুরুতে আফ্রিকান কাপ অফ নেশনস খেলতে পারেননি।

    ৩১ বছর বয়সী বেনতালেব গত তিন মৌসুম ধরে ফ্রান্সের লিলে খেলছেন। তিনি ২০১৪ সালে ব্রাজিলে আলজেরিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, যেটাই আলজেরিয়ার সর্বশেষ বিশ্বকাপ ছিল।

    আলজেরিয়া গ্রুপ জে-তে খেলবে। তাদের সামনে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।

    আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
    গোলরক্ষক: উসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।
    ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রাফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির শেরগুই, জাউয়েন হাজাম, আইসা মান্দি, মোহাম্মদ আমিন তুগাই।
    মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস চাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরৌকি।
    ফরোয়ার্ড: মোহাম্মদ আমিন আমুরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।

  • টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

    টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

    পিএসজি ১–১ আর্সেনাল (টাইব্রেকারে ৪–৩ গোলে জয়ী পিএসজি)

    চ্যাম্পিয়নস লিগ ফাইনালও যে ৯০ মিনিটের বেশি সময় ধরে হতে পারে, সেটি এত দিনে হয়তো ভুলেই গিয়েছিলেন অনেকে। সেই ২০১৬ সালে মিলানে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদের ফাইনাল অতিরিক্ত আধা ঘণ্টা পেরিয়ে টাইব্রেকারে গিয়ে শেষ হয়েছিল।

    এক দশক পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ আবারও দেখল ৯০ মিনিট পার হতে, দেখল টাইব্রেকারও। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় পিএসজি-আর্সেনালের এই স্নায়ু পরীক্ষায় শেষ পর্যন্ত জিতেছে ফরাসি ক্লাবটি। আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি।

    টাইব্রেকারে শেষ শটে পিএসজির লুকাস বেরালদো জাল খুঁজে পেলেও আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস মেরে দেন বারের ওপর দিয়ে। তাতেই রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তি গড়ে প্যারিসের ক্লাবটি।

    শিরোপা ধরে রাখতে বেশ ঘামই ঝরাতে হয়েছে পিএসজিকে। ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের। ষষ্ঠ মিনিটে মারকিনিওসের ক্লিয়ারেন্স লিয়ান্দ্রো ট্রোসার্ডের গায়ে লেগে কাই হাভার্টজের সামনে চলে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে জার্মান ফরোয়ার্ড গোল করে দলকে এগিয়ে দেন। পিএসজি গোলকিপার মাতবে সাপোনভ তাঁর মাথার ওপর দিয়ে বুলেট গতিতে যাওয়া বলটি ধরার সুযোগই পাননি।

    কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় আর্সেনাল

    পিএসজি এই ম্যাচে মাঠে নেমেছিল গত বছরের ফাইনাল শুরু করা ১০ জন নিয়েই। যে একটি পরিবর্তন, সেটি এই সাপোনভই। এক বছর আগে এই মঞ্চে শিরোপাজয়ের অভিজ্ঞতা আছে বলেই হয়তো পিএসজি শুরুতে গোল হজম করলেও আড়ষ্ট হয়ে যায়নি; বরং গোলের পর আর্সেনাল অনেকটা নিচে নেমে রক্ষণ সামলানোয় বেশি মনোযোগ দিলে আক্রমণের ধার বাড়ান উসমান দেম্বেলে, ফ্যাবিয়ান রুইস, দিজিয়ের দুয়েরা। যদিও গোলের প্রবল সম্ভাবনা জাগাতে পারেননি, দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্টই থেকে গেছে।

    প্রথমার্ধের বিরতির আগে হাভার্টজ আর্সেনালকে দ্বিতীয় গোলও এনে দিচ্ছিলেন প্রায়, সেটি হয়নি মারকিনিওসের দৃঢ়তায়।

    দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্সেনালের লক্ষ্য ছিল সময় নষ্ট করার। বিরতি শেষে ইংলিশ ক্লাবটি মাঠে ফেরে পিএসজির দুই মিনিট পর। খেলা শুরু হওয়ার পর সময় নষ্ট করার কারণে হলুদ কার্ডও দেখেন ক্রিস্টিয়ান মস্কেরা। ৬৫ মিনিটে স্প্যানিশ এই রাইটব্যাকই সুযোগ করে দেন পিএসজিকে ম্যাচে ফেরার। বল নিয়ে বক্সে ঢোকা খিচা কাভারাস্কেইয়াকে মস্কেরা ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। দেম্বেলে সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইনে সমতা আনতে ভুল করেননি (১-১)।

    পিএসজিকে সমতায় ফেরান উসমান দেম্বেলে

    এরপর ম্যাচে পিএসজির নিয়ন্ত্রণ শুধু বেড়েছেই। কাভারাস্কেইয়ার একটি শট পোস্টে লাগে, বারকোলা দুটি সহজ সুযোগ নষ্টও করেন। তবে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই আধা ঘণ্টার খেলায় অবশ্য আর্সেনালও সম্ভাবনা তৈরি করেছিল। টিম্বার ও গিওকেরেস সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে।

    আর্সেনালের দ্বিতীয় শট নিতে যাওয়া এবেরেচি এজের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরপরই পিএসজির নুনো মেন্দেসের শট ঠেকিয়ে দেন দাভিড রায়া। ৪ শট শেষে তাই টাইব্রেকার ফলও থাকে সমতায়। তবে শেষ শটে আর সমতা রাখতে পারেনি আর্সেনাল। ব্রাজিলিয়ান সেন্টারব্যাক মাগালাইসের বারের ওপর দিয়ে চলে গেলে উৎসব শুরু হয়ে যায় পিএসজি শিবিরে।

    চ্যাম্পিয়নস লিগে এত দিন শুধু রিয়াল মাদ্রিদেরই টানা দুটি শিরোপা (মূলত হ্যাটট্রিক) জেতার কীর্তি ছিল। ২০২৫ সালের আগপর্যন্ত একটি শিরোপার জন্য অপেক্ষায় থাকা পিএসজি এবার টানা ট্রফি জিতে নাম লেখাল রিয়ালেরই পাশে।

  • ৭০ বছরের ইতিহাসে প্রথমবার লন্ডনে ব্যালন ডি’অর আয়োজন

    ৭০ বছরের ইতিহাসে প্রথমবার লন্ডনে ব্যালন ডি’অর আয়োজন

    বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর এবার গড়তে যাচ্ছে নতুন ইতিহাস। দীর্ঘদিনের প্যারিসের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো এই জমকালো আয়োজন বসবে লন্ডনে।

    আয়োজকরা জানিয়েছেন, ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৬ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের হাত ধরে যাত্রা শুরু হওয়া এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউজ।

    উয়েফা জানিয়েছে, প্রথম ব্যালন ডি’অরজয়ী স্ট্যানলি ম্যাথিউজের প্রতি সম্মান জানাতেই এবারের বিশেষ আয়োজনের জন্য লন্ডনকে বেছে নেওয়া হয়েছে। যদিও অনুষ্ঠানটি লন্ডনের ঠিক কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।

    ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত ব্যালন ডি’অর গত দেড় দশক ধরে ছিল দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। মেসি রেকর্ড আটবার এই পুরস্কার জিতেছেন, আর রোনালদোর ঝুলিতে রয়েছে পাঁচটি ব্যালন ডি’অর।

    সবশেষ আসরে পুরুষদের বিভাগে বিজয়ী হন ফরাসি তারকা উসমান দেম্বেলে এবং নারীদের বিভাগে বর্ষসেরা নির্বাচিত হন স্পেনের আইতানা বনমাতি।

    দীর্ঘদিনের প্যারিস অধ্যায়ের বাইরে গিয়ে লন্ডনে ব্যালন ডি’অরের এবারের আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি করেছে বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস। ঐতিহ্য আর নতুনত্বের মিশেলে ৭০তম আসরকে ঘিরে এখন থেকেই বাড়ছে বিশ্বজুড়ে আলোচনা।

  • বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার মুসলিম ইয়ামাল?

    বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার মুসলিম ইয়ামাল?

    বিডিটািইমস ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে ১১ দিন পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আসন্ন এই বিশ্বকাপে সবচেয়ে দামি ফুটবলার কে, তার পারিশ্রমিক কত?

    সাম্প্রতিক পরিসংখ্যান বলছে—বিশ্ব ফুটবলের নতুন তারকারা বয়সে যত তরুণ হচ্ছেন, দামের দিক দিয়ে ততটাই ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে।

    এর সবচেয়ে বড় ও চমকপ্রদ উদাহরণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ২০ বছর না পেরোতেই এই বার্সেলোনা উইঙ্গারের বাজারমূল্য এখন ৪০১ মিলিয়ন (৪০ কোটি ১০ লাখ) ডলারেরও বেশি! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার কোটি টাকা। বিশ্বজুড়ে দামি খেলোয়াড়দের তালিকায় তিনি এখন সবার ওপরে। সমবয়সী অন্য যেকোনো ফুটবলারের চেয়ে তার দাম প্রায় তিন গুণ।

    ইয়ামালের ঠিক পরেই আছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির ‘গোলমেশিন’ আরলিং হালান্ড। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বয়স ২৭ পেরিয়ে গেলেও এই তালিকার শীর্ষ তিনে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

    আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া শীর্ষ ১০ দামি ফুটবলারের তালিকাটি দেখলে ইউরোপের বড় পরাশক্তিগুলোর একচেটিয়া আধিপত্যই চোখে পড়বে। এই তালিকায় রিয়াল মাদ্রিদের তিনজন, বার্সেলোনার দুজন এবং ফরাসি ক্লাব পিএসজির দুজনের জায়গা হয়েছে।

    তবে তালিকায় ফ্রান্সের উসমান দেম্বেলের নাম নেই! অথচ পিএসজির হয়ে সম্প্রতি সব শিরোপাই জিতেছেন তিনি, এমনকি ২০২৫ সালের ব্যালন ডি’অরও উঠেছে তার হাতে।

    ব্যক্তিগত এত বড় অর্জনের পরও দেম্বেলের না থাকার কারণটা বেশ পরিষ্কার। বর্তমান ফুটবল বাজার খেলোয়াড়দের অতীত বা বর্তমানের ব্যক্তিগত অর্জনের চেয়ে তাদের বয়স, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপরই বেশি জোর দিচ্ছে। আর সে কারণেই সেরাদের এই তালিকায় রাজত্ব করছেন তরুণেরাই।

    ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার

    ১. লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪০১.৩১ মিলিয়ন ডলার

    ২. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) – ২৯৮.৩৭ মিলিয়ন ডলার

    ৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ২৩৫.২৩ মিলিয়ন ডলার

    ৪. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৭৯.০৮ মিলিয়ন ডলার

    ৫. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) – ১৬০.১০ মিলিয়ন ডলার

    ৬. ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) – ১৫৮.৭৬ মিলিয়ন ডলার

    ৭. দেজিরে দুয়ে (পিএসজি) – ১৫৭.৩৪ মিলিয়ন ডলার

    ৮. জোয়াও নেভেস (পিএসজি) – ১৫২.৭৮ মিলিয়ন ডলার

    ৯. আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) – ১৫২.৪৩ মিলিয়ন ডলার

    ১০. পেদ্রি (বার্সেলোনা) – ১৫২.০৫ মিলিয়ন ডলার।

  • মেসিদের প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে

    মেসিদের প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে

    ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা, আর আর্জেন্টিনা ভক্তদের চোখ এখন লিওনেল মেসিদের প্রথম ম্যাচের দিকে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে নামতে অপেক্ষা করতে হবে টুর্নামেন্ট শুরুর আরও কয়েকদিন পর পর্যন্ত।

    আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপ ২০২৬-এর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর ধাপে ধাপে শুরু হবে গ্রুপপর্বের বাকি লড়াই।

    জে গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া খেলাটি বাংলাদেশ সময় দেখা যাবে সকাল ৭টায়।

    গ্রুপপর্বে আর্জেন্টিনার বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা, আর ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে শেষ গ্রুপ ম্যাচ। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এ নামবে মেসির দল।

    বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

    এদিকে বিশ্বকাপ সামনে রেখে বৃহস্পতিবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। পাশাপাশি প্রস্তুতি ম্যাচের জন্য অতিরিক্ত সাতজন খেলোয়াড়কেও রাখা হয়েছে স্কোয়াডে।

  • মেসি হতে চায় চাদপুরের ক্ষুদে বালক

    মেসি হতে চায় চাদপুরের ক্ষুদে বালক

    পায়ে বল, গায়ে আর্জেন্টিনার জার্সি। বলের ওপর অসম্ভব নিয়ন্ত্রণ। তার পায়ে যখন বল থাকে, মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকেন দর্শকেরা। মাত্র সাড়ে পাঁচ বছর বয়সেই এমন ফুটবল প্রতিভা শিশু সোহানের!

    প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল নিয়ে এগিয়ে যায় অনেকটা লিওনেল মেসির মতো করে, আর তার রেইনবো ফ্লিক ঠিক নেইমারের মতো। মিনিটের পর মিনিট পায়ের ওপর বল রাখতে পারে যেকোনো তারকা ফুটবলারের মতোই। সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া তার ভিডিও যাঁরা দেখেছেন, তাঁদের বেশির ভাগই বিস্মিত—বড় হয়ে কী হবে এই ছেলে!

    লিওনেল মেসির মতো ফুটবলার হতে চায় খুদে ফুটবলার সোহান। এই বয়সেই তার ফুটবল কসরত এবং মেসির মতো ফুটবলার হতে চাওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, যা নজর এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। খুদে সোহানের ফুটবল প্রতিভায় মুগ্ধ তারেক রহমানের পক্ষ থেকে সোহান ও তার পরিবারের দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

    প্রতিদিন সকাল ও বিকেলে অনুশীলন করে সোহান। তাকে সাহায্য করেন বাবা সোহেল প্রধানিয়া। পেশায় সাইকেল মেকানিক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাড়ে পাঁচআনি গ্রামে বসবাস তাঁদের। প্রধানিয়া জানান, তাঁর ছেলের নির্দিষ্ট কোনো কোচ নেই। সাড়ে তিন বছর বয়স থেকে নিজেই ছেলেকে শেখান ফুটবল খেলার নানান কৌশল। পাস দেওয়া, প্রতিপক্ষকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়া কিংবা রেইনবো ফ্লিক এতই চমৎকার হয় যে তা দেখে মুগ্ধ হয় মানুষ। সোহানের বয়স, বয়স অনুযায়ী খেলার ধরন, সাহস নিয়ে কথা বলা ছড়ায় মুগ্ধতার রেশ। বড় হয়ে বড় ফুটবলার হতে হবে, এমন স্বপ্নের বীজ ছেলের মধ্যে বপন করেছেন সোহেল প্রধানিয়া।

  • খেলাধুলা আমাদের মন ও দেহকে প্রফুল্ল রাখে; ডা. ফরিদ

    খেলাধুলা আমাদের মন ও দেহকে প্রফুল্ল রাখে; ডা. ফরিদ

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ স্বাভাবিক জীবন উপহার পেতে প্রতিটি মানুষের শরীর চর্চা অতিব জরুরি। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্ব বিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা.মোসলেহ উদ্দিন ফরিদ এসব মন্তব্য করেন।
    ২৩ আগষ্ট শনিবার বিকেলে চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী মাধ্যমিক বিদ্যালয় মাাঠে জুলাই শহীদ জাবির-আল-আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা, নেতৃত্বের গুণ অর্জন করে। এছাড়া খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল হয়। এজন্য নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং ইসলামি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ কার প্রয়োজন।

    অনুষ্ঠান শেষে ইউনিয়নের ৮ দলীয় টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন পুরস্কার তুলে দেন।

    এর আগে এদিন সকালে একই গ্রামের আলিম মাদ্রাসা মাঠে সংগঠনটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জাবির আল-আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্টপোষক ডা. ফরিদ প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

    এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবির আল-আমিন স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, সিংহঝুলী আলিম মাদ্রাসার সভাপতি ও জনতা ব্যাংকের এজিএম মহম্মদ আব্দুল্লাহ, প্রেসকøাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বৃষ্টিতে ভিজে এলাকার সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

    দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, গাইনি, চক্ষু, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে এলাকার প্রায় ২ হাজার রোগী সেবা গ্রহন করেন। সেবা গ্রহিতাদেরকে মিনা মুল্যে ঔষধ বিতরণ করা হয়।