ক্রীকেট

  • মাঠেই লুটিয়ে পড়ে ভারতীয় পেসারের মৃত্যু

    মাঠেই লুটিয়ে পড়ে ভারতীয় পেসারের মৃত্যু

    ক্রীড়া ডেস্ক:

    ক্রিকেট মাঠে আবারো ঘটল মর্মান্তিক ঘটনা। খেলার মধ্যেই অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন ভারতের জম্মু-কাশ্মিরের তরুণ পেসার সুহেল। ওভার শেষ করে নিজের ফিল্ডিং পজিশনে ফেরার সময় হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ‘ভালেসা চেনাব প্রিমিয়ার লিগ’-এর একটি ম্যাচে ঘটনাটি ঘটে। জিমখানা কিস্তওয়ারের বিপক্ষে বাদশা ১১ ভালেসার হয়ে খেলছিলেন সুহেল।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দ্বিতীয় ওভার শেষ করার পর জুতার ফিতা বাঁধতে নিচু হন সুহেল। এরপর উঠে দাঁড়ালে কয়েক সেকেন্ড ভারসাম্য হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করলেও অল্প দূর যেতেই আচমকা মাঠে লুটিয়ে পড়েন।

    তাকে পড়ে যেতে দেখে সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা দ্রুত ছুটে আসেন। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর একটি গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়ি মাঠে প্রবেশ করছে।

    তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সুহেলকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে তার লাশের ময়নাতদন্ত করা হবে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তরুণ এই ক্রিকেটারের আকস্মিক মৃত্যু স্থানীয় ক্রিকেটাঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।

  • ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ!

    ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ!

    ক্রীড়া ডেস্ক:

    দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রেলিয়াকে ক্যাচ প্র্যাক্টিস করাতে মাঠে নেমেছে বাংলাদেশের ব্যাটাররা। চট্টগ্রামের মাঠে ১০ উইকেটের মধ্যে ৮ উইকেটই বাংলাদেশ হারিয়েছে ক্যাচ তুলে দিয়ে, যে নজির এত বছরের ইতিহাসে খুব কমই দেখা গেছে।

    ব্যাটিং বিপর্যয়ের এই ম্যাচে ইনিংসের এক ওভার বাকি থাকতেই দলীয় ১৩১ রানে সবকটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

    বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হচ্ছিল বেশ ছন্দেই আছেন ব্যাটাররা। দুই টাইগার ওপেনার হাত খুলে খেলছিলেন। তবে তৃতীয় ওভারে ক্যাচ তুলে দিলেন তানজিদ তামিম।

    এরপরই যেন ক্যাচ তুলে দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। একের পর এক ক্যাচ উঠে থাকে অজি ফিল্ডারদের হাতে।

    অবশেষে এক ওভার বাকি থাকতেই সবকটি উইকেট হারায় বাংলাদেশ, স্কোরবোর্ডে রান তখন ১৩১। অজিদের বিপক্ষে জয় তুলে নিতে এই রান একদমই যথেষ্ট নয়। জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়েই এখন বাংলাদেশকে বোলিং আর ফিল্ডিং করতে হবে।