এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সার্বিকভাবে ফলাফলে বড় ধরনের অবনতি হলেও রাজধানী ঢাকার মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাশের হার তুলনামূলকভাবে অনেক বেশি। এবার ঢাকা মহানগরীতে পাশের হার প্রায় ৮০ শতাংশ।
অন্যদিকে, ঢাকা জেলায় পাশের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ১৩টি জেলার মধ্যে সাতটিতেই পাশের হার ৫০ শতাংশের নিচে। জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার নরসিংদীতে, ৬৬ দশমিক ৬১ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
চলতি বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন।
তবে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল ছিল তুলনামূলক ভালো। এখানে পাশের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৪৮২ জন শিক্ষার্থী।
জেলা অনুযায়ী ফলাফলে দেখা যায়, ঢাকা জেলায় পাশের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ, গাজীপুরে ৬১ দশমিক ৪৯ শতাংশ, নারায়ণগঞ্জে ৪৫ দশমিক ৭৯ শতাংশ এবং নরসিংদীতে ৬৬ দশমিক ৬১ শতাংশ।
এ ছাড়া মুন্সিগঞ্জে পাশের হার ৫০ দশমিক ৬২ শতাংশ, মানিকগঞ্জে ৩৮ দশমিক ২৫ শতাংশ, টাঙ্গাইলে ৪৯ দশমিক ৯৭ শতাংশ, ফরিদপুরে ৪৯ দশমিক ৭৬ শতাংশ, মাদারীপুরে ৪১ দশমিক ৮৫ শতাংশ, শরীয়তপুরে ৪১ দশমিক ০৫ শতাংশ, রাজবাড়ীতে ৪০ দশমিক ৮২ শতাংশ, গোপালগঞ্জে ৪২ দশমিক ৭৩ শতাংশ এবং কিশোরগঞ্জে ৫০ দশমিক ৭৪ শতাংশ।
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলও তুলনামূলক ভালো। এসব প্রতিষ্ঠানে এবার পাশের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।
