দিনের শেষ সময়ে সূর্য যখন অস্ত যেতে শুরু করে, তখন অনেকের মনে প্রশ্ন জাগে, এ সময় কি ওই দিনের আসরের নামাজ আদায় করা যাবে? বিশেষ করে কোনো কারণে আসরের নামাজ সময়মতো পড়া সম্ভব না হলে সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে নামাজ আদায়ের বিধান কী?
আবার নামাজ পড়া অবস্থায় সূর্যাস্ত হয়ে গেলে নামাজের কোনো সমস্যা হবে কি? ইসলামী শরিয়তে এ বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে।
ইসলামী মাসআলা-মাসায়েলবিষয়ক ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় এ বিষয়ে ফতোয়া দিয়েছেন মুফতি মোহাম্মদ আমীর হোসাইন।
ফতোয়ায় বলা হয়েছে, সূর্যাস্তের সময়ও ওই দিনের আসরের নামাজ আদায় করা জায়েজ। তবে এ সময়ে নামাজ আদায় করা মাকরূহে তাহরিমি। আসরের নামাজ আদায়রত অবস্থায় সূর্যাস্ত হয়ে গেলেও নামাজ নষ্ট হবে না। এ অবস্থায় নামাজ আদায় হয়ে গেলেও তা মাকরুহে তাহরিমি হিসেবে গণ্য হবে।
তাই আসরের নামাজ সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগেই মুস্তাহাব সময়ে আদায় করার ব্যাপারে যত্নবান হতে হবে।
তথ্যসূত্র: আলমাবসুত, সারাখসি: ১/১৫২; হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর: ১/৩০৩
