আইসিটি বই

  • ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক পরিবর্তন করছে এনসিটিবি

    ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক পরিবর্তন করছে এনসিটিবি

    ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত দাঁড়িপাল্লার ছবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যবইকে বিতর্কমুক্ত ও শিক্ষার্থী বান্ধব রাখার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে বইটির ছাপার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে সরবরাহ করা বই সংগ্রহ করে সংশোধনের পর আবার শিক্ষার্থীদের মধ্যে বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    এনসিটিবির প্রধান সম্পাদক অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম জানান, সরবরাহ করা বইগুলো সংগ্রহ করে প্রয়োজনীয় সংশোধন শেষে পুনরায় শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে কোনো ভুল তথ্য না পায়, তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের ধারণা তুলে ধরা হয়েছে। এতে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তর দেখানো হয়েছে। প্রতিটি স্তরের ধারণা সহজে বোঝাতে ব্যবহার করা হয়েছে পৃথক প্রতীক। উপাত্তের জন্য বৃত্তাকার চিত্র, তথ্যের জন্য পরমাণু বা নেটওয়ার্কসদৃশ প্রতীক, জ্ঞানের জন্য মানুষের মস্তিষ্ক এবং প্রজ্ঞার জন্য দাঁড়িপাল্লার ছবি রাখা হয়েছে।

    তবে দাঁড়িপাল্লা একটি রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক হওয়ায় ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতীক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে এনসিটিবি।

    সংস্থাটির সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে। এর বেশির ভাগের মুদ্রণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় বই সংগ্রহ ও সংশোধনের কাজ সম্পন্ন করতে অতিরিক্ত সময় ও ব্যয় হতে পারে বলে জানিয়েছেন মুদ্রণসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে সংশোধিত বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ।

    এর আগে ২০২৫ শিক্ষাবর্ষের পরিমার্জিত ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়েও প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ছিল। পরবর্তী শিক্ষাবর্ষে এ স্তরে মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়। ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে আবার দাঁড়িপাল্লার ছবি যুক্ত করা হয়েছিল।

    প্রজ্ঞা বোঝাতে নির্দিষ্ট কোনো একক প্রতীক সর্বজনস্বীকৃত নয়। প্যাঁচা, বইসহ বিভিন্ন প্রতীকও বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যে প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে। তাই সংশোধিত বইয়ে এমন একটি উপযুক্ত প্রতীক ব্যবহারের সুযোগ রয়েছে, যা শিক্ষার্থীদের কাছে প্রজ্ঞার ধারণাকে সহজ, স্পষ্ট ও নিরপেক্ষভাবে তুলে ধরবে। তবে নতুন প্রতীক হিসেবে কোন ছবি ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি এনসিটিবি।