বিনোদন

  • মৌসুমী পপিকে খোঁচা বাপ্পারাজ জয়ের

    মৌসুমী পপিকে খোঁচা বাপ্পারাজ জয়ের

    ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। নব্বইয়ের দশকের শেষে সিনেমায় আসেন। শূন্য দশকে পার করেছেন তুমুল ব্যস্ত সময়। দীর্ঘদিন অভিনয়ে নেই। আর অভিনয় করবেন না বলেও জানিয়েছেন। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। ‘যতটুকু পাপ কামিয়েছি সব ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চাই।’

    পপির এই মন্তব্যে কারও বুঝতে বাকি নেই, সিনেমায় অভিনয়কে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। আর প্রসঙ্গটি নিয়ে পপিকে খোঁচা দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। গতকাল ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন- আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছু না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’

    এদিকে পোস্টটির মন্তব্যের ঘরে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা বাপ্পারাজ। তিনি লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সব সময়ের জন্যই, বেকারদের জন্য নয়।’

  • চোট কাটিয়ে কাজে ফিরছেন রাশমিকা

    চোট কাটিয়ে কাজে ফিরছেন রাশমিকা

    চোটের কারণে প্রায় এক মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও কাজে ফিরছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় হিপে চোট পাওয়ার পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি। এবার সুস্থ হয়ে শিগগিরই সেটে ফেরার খবর জানিয়েছেন এই অভিনেত্রী।

    বিরতির সময় বেশিরভাগ সময় বাড়িতে কাটিয়েছেন রাশমিকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বিশ্রামে থাকার সময়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো, ধর্মীয় রীতি পালন, পোষা কুকুরের সঙ্গে খেলা, ধাঁধা মেলানো কিংবা বাগানে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে।

    এই অপ্রতাশিত ছুটিটা যে তিনি বেশ উপভোগ করেছেন, সেটিও জানিয়েছেন রাশমিকা। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি শিগগিরই কাজে ফিরছি। কিন্তু সত্যি বলতে এই দিনগুলো আমি ভীষণ মিস করব’।

    চোট পাওয়ার আগে টানা কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন রাশমিকা। এর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলারে রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতি নারীর চরিত্রে। সিনেমাটিতে তার চরিত্রটি আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা।

  • ছোটবেলায় অভিনয় শুরু, তিন দশক পর কারিশমার উপলব্ধি

    ছোটবেলায় অভিনয় শুরু, তিন দশক পর কারিশমার উপলব্ধি

    বলিউডে তিন দশকেরও বেশি সময় পার করেছেন অভিনেত্রী কারিশমা কাপুর। কিশোরী বয়সে অভিনয় শুরু করা এই তারকা মনে করেন, একজন শিল্পীর শেখার প্রক্রিয়া কখনোই শেষ হয় না। সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়াই একজন অভিনেতার সবচেয়ে বড় গুণ।

    সম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিশমা বলেন, ‘অভিনয় মানেই প্রতিদিন নিজেকে বদলে নেওয়া। শুধু প্রতিটি সিনেমা নয়, প্রতিটি দিনই আমাকে নতুন কিছু শিখিয়েছে। বিভিন্ন মানুষ ও শুটিং সেট থেকে আমি অনেক কিছু শিখেছি। এই ধারাবাহিক শেখার মধ্য দিয়েই একজন শিল্পীর বিকাশ ঘটে।’

    মাত্র ১৬ বছর বয়সে অভিনয়জীবন শুরু করেন কারিশমা। তাঁর প্রথম ছবি প্রেম কায়েদি মুক্তি পায় ১৭তম জন্মদিনের মাত্র চার দিন আগে। তাই চলচ্চিত্র অঙ্গনেই তাঁর বেড়ে ওঠা বলে মনে করেন এই অভিনেত্রী।

    কারিশমা কাপুর। ছবি: ইন্সটাগ্রাম

    কারিশমার ভাষায়, ‘আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছি। তাই ইন্ডাস্ট্রিতেই আমার বড় হওয়া। জীবনের উত্থান-পতন ও অভিজ্ঞতা থেকেই শিখেছি। ধাপে ধাপে এগিয়েছি। যখন পেছনে তাকিয়ে মনে হয় কিছু বিষয় ভিন্নভাবে করা যেত, তখন বুঝি একজন অভিনেতা হিসেবে আমি আরও পরিণত হয়েছি।’

    সম্প্রতি মেন্টালহুড ও ব্রাউন-এর মতো ওটিটি কনটেন্টে কাজ করেছেন কারিশমা। তার মতে, সিনেমা, টেলিভিশন ও ওটিটির কাজের ধরন একেবারেই আলাদা।

    তিনি বলেন, ‘ওটিটি চলচ্চিত্রের চেয়ে অনেক ভিন্ন। আমার কাছে এটি বেশ কঠিন মনে হয়েছে। কারণ, একটি সিরিজে একদিনে হয়তো প্রথম পর্বের দৃশ্যের পাশাপাশি সপ্তম পর্বের দৃশ্যও ধারণ করতে হয়। তাই কাজের গতি ও পদ্ধতি আলাদা। সিনেমার অভিনেতাদের জন্য ওটিটি নতুনভাবে নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়।’

    কারিশমা কাপুর। ছবি: ইন্সটাগ্রামকারিশমা জানান, তিনি কখনোই খুব পরিকল্পনা করে ক্যারিয়ার এগিয়ে নেননি। বরং নিজের ইচ্ছা ও অনুভূতিকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

    ‘আমি সব সময় এমন মানুষ ছিলাম যে, কোনো কাজ করতে চাইলে করেছি, না চাইলে করিনি। ক্যারিয়ার নিয়ে খুব বেশি পরিকল্পনা করিনি। তবে সৌভাগ্যক্রমে অনেক স্মরণীয় সিনেমা ও অসাধারণ চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি,’ বলেন রাজা হিন্দুস্তানি তারকা।

    বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার-এর বিচারকের দায়িত্ব পালন করছেন কারিশমা। তবে পেশাগত জীবনের অনেক আগেই নাচ তাঁর জীবনের অংশ হয়ে উঠেছিল।

    কারিশমা কাপুর। ছবি: ইন্সটাগ্রাম

    শৈশবের স্মৃতি মনে করে তিনি বলেন, ছোট বোন কারিনা কাপুর খানের সঙ্গে সিনেমার গান শুনে বাড়িতে নাচতেন তারা। বিশেষ করে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় ভক্ত ছিলেন কারিশমা। তিনি বলেন, ‘ছোটবেলায় আমি শ্রীদেবীর বড় ভক্ত ছিলাম। কারিনা আর আমি বাবা-মায়ের সামনে “তাথাইয়া তাথাইয়া, নয়নো মে সপ্না” গানে নাচতাম। নাচ সবসময়ই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।’

    অভিনেত্রীর ভাষায়, ‘আমাদের পরিবারে নাচের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। শাম্মি কপূর, ঋষি কপূর ও শশী কপূর—প্রত্যেকেরই নিজস্ব নাচের ধরন ছিল। তাই নাচ সবসময়ই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • তারকারা কে কোন পেশা-ব্যবসার সঙ্গে যুক্ত

    তারকারা কে কোন পেশা-ব্যবসার সঙ্গে যুক্ত

    শোবিজের অনেক তারকা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত আগ্রহ থেকে বেছে নিয়েছেন চাকরি কিংবা ব্যবসা। কেউ অভিনয়ের পরিচয় পেছনে রেখে চাকরিতে মনোনিবেশ করেছেন, কেউ ব্যবসায় মন দিয়েছেন পুরোপুরি। আসুন জেনে নেই তারকারা কে কোন ব্যবসার সঙ্গে যুক্ত।

    আমিন খান
    চিত্রনায়ক আমিন খান ওয়ালটনে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত। করপোরেট চাকরির পাশাপাশি মাঝেমধ্যে অভিনয়েও দেখা যায় তাকে।

    আজিজুল হাকিম
    অভিনেতা আজিজুল হাকিম একই প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। চাকরির পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তিনি।

    শাহনাজ সুমি
    ওটিটি ও সিনেমায় পরিচিত অভিনেত্রী শাহনাজ সুমি সম্প্রতি ব্র্যাকের হেলথ প্রোগ্রামে যোগ দিয়েছেন। চাকরির পাশাপাশি সুযোগ বুঝে অভিনয় চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

    তমা মির্জা
    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি বছরে এক বা দুটি সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

    আইরিন সুলতানা
    চিত্রনায়িকা আইরিন সুলতানা নিয়মিত চাকরির সঙ্গে যুক্ত। চাকরির নির্দিষ্ট সময়সূচির কারণে অভিনয়ে আগের মতো সময় দিতে পারছেন না তিনি।

    মেহরিন ইসলাম নিশা

    ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ মেহরিন ইসলাম নিশা বর্তমানে ঢাকা ব্যাংকের চাকরিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

    শবনম ফারিয়া

    একসময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে চাকরি ও সংসারকে বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া। একটি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত তিনি। সময় পেলে অভিনয়েও ফেরেন।

    সিয়াম আহমেদ

    চিত্রনায়ক সিয়াম আহমেদ তিন বন্ধুকে নিয়ে গড়ে তুলেছেন ফ্যাশন ও গার্মেন্টস ব্যবসা ‘হোলাগো’। ২০২০ সালে অনলাইনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির পরবর্তী সময়ে শোরুমও চালু হয়েছে।

    ফারহানা হামিদ

    বন্ধু ঊর্মিলা শুক্লার সঙ্গে যৌথভাবে ২০১৮ সালে ‘খুঁত’ নামে ফ্যাশন হাউজ চালু করেন অভিনেত্রী ফারহানা হামিদ। বর্তমানে এর তিনটি শোরুম রয়েছে। পোশাকের নকশার কাজও করেন তিনি।

    জিয়াউল হক পলাশ

    ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রে জনপ্রিয় জিয়াউল হক পলাশ যুক্ত হয়েছেন ফ্যাশন ব্যবসায়। তার অনলাইন ব্র্যান্ড ‘হাইওয়ে’। ব্র্যান্ডটির টি-শার্টে তার অভিনীত বিভিন্ন নাটকের নাম ও নকশা ব্যবহার করা হয়েছে।

    ওমর সানী
    চিত্রনায়ক ওমর সানী রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। তার রেস্তোরাঁর নাম ‘চাপওয়ালা’। মানিকগঞ্জের বাথুলী ও অরঙ্গাবাদ এলাকায় রয়েছে ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ নামে শাখা।

    অপু বিশ্বাস
    চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায়ও যুক্ত হয়েছেন। রাজধানীর আফতাবনগরে ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু করেছেন তিনি। রেস্টুরেন্টের পাশাপাশি পার্লার ও বুটিক ব্যবসায়ও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ চালু করেছেন তিনি।

    কেয়া পায়েল
    অভিনেত্রী কেয়া পায়েল মেকওভার ও স্যালন ব্যবসায় যুক্ত হয়েছেন। রাজধানীর উত্তরায় ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ চালু করেছেন তিনি।

    রিচি সোলায়মান
    অভিনয়ে কিছুটা অনিয়মিত রিচি সোলায়মান ব্যবসায়ী হিসেবেও পরিচিতি তৈরি করেছেন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ পরিচালনা করছেন তিনি।

    স্বাগতা
    অভিনেত্রী-গায়িকা জিনাত শানু স্বাগতা অর্গানিক খাদ্যপণ্যের ব্যবসা করছেন। ‘ট্রুগানিক বাই স্বাগতা’ নামের অনলাইন প্ল্যাটফর্মে চিনিগুঁড়া চাল, ঢেঁকিছাঁটা চাল, চিড়া, মুড়িসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়।

    পরীমণি
    নিজের মাতৃত্বকালীন অভিজ্ঞতা থেকে মা ও শিশুর প্রয়োজনীয় পণ্য নিয়ে ‘বডি’ নামে একটি ব্র্যান্ড গড়ে তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। ব্র্যান্ডটিতে ম্যাটার্নিটি ড্রেস ও শিশুদের পোশাক রয়েছে।

    সামিরা খান মাহি
    অভিনেত্রী সামিরা খান মাহি একটি গাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন। প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থেকে ব্যবসার অভিজ্ঞতা অর্জন করছেন তিনি।

    তৌকীর আহমেদ
    অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ গাজীপুরে ‘নক্ষত্রবাড়ি’ নামে একটি রিসোর্ট পরিচালনা করছেন। অভিনয়ের পাশাপাশি স্থাপত্য পেশার সঙ্গেও যুক্ত তিনি।

    আলমগীর
    অভিনেতা-নির্মাতা আলমগীর ব্যবসায়ী পরিবার থেকে এসেছেন। পারিবারিকভাবেই পোশাকশিল্পের সঙ্গে যুক্ত তিনি।

    অনন্ত জলিল
    নায়ক ও প্রযোজক হওয়ার আগেই ব্যবসায়ী হিসেবে পরিচিতি ছিল অনন্ত জলিলের। অভিনয়ের পাশাপাশি ব্যবসা তার দীর্ঘদিনের পেশাগত পরিচয়ের অংশ।

    বাপ্পারাজ
    নায়করাজ রাজ্জাকের ছেলে অভিনেতা বাপ্পারাজ অভিনয়ের পাশাপাশি বায়িং হাউজ ব্যবসার সঙ্গে যুক্ত।

    সম্রাট
    বাপ্পারাজের মতো নায়করাজ রাজ্জাকের আরেক ছেলে সম্রাটও বায়িং হাউজ ব্যবসায় সম্পৃক্ত।

    শাকিব খান
    ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনয়ের বাইরে বড় পরিসরে ব্যবসায়িক উদ্যোগ নিয়েছিলেন। কসমেটিকস ও ভোক্তাপণ্যের বাজারেও তিনি যুক্ত হয়েছেন।

  • সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার

    সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার

    চিত্রনায়ক সোহেল রানা ও চিত্রনায়ক রুবেল দুই ভাই। বড় ভাইয়ের প্রতি রুবেলের ভালোবাসা ও শ্রদ্ধার কথা অনেকবারই প্রকাশ্যে এসেছে। এবার প্রায় ৪০ বছর আগের একটি ইচ্ছের কথা মনে রেখে সোহেল রানাকে দামি একটি ঘড়ি উপহার দিয়েছেন রুবেল। সেই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পুরোনো স্মৃতিতে ফিরে গেছেন সোহেল রানা।

    সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রায় চার দশক আগের সেই ঘটনার কথা তুলে ধরেছেন সোহেল রানা। তিনি জানান, চিকিৎসার জন্য একসময় তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সঙ্গে ছিলেন অভিনেতা হুমায়ুন ফরীদি, শহীদুল ইসলাম খোকন ও ছোট ভাই রুবেল।

    সোহেল রানা লেখেন, “প্রায় ৪০ বছর আগের কথা। চিকিৎসার জন্য আমাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সমস্ত কিছু পরীক্ষা করার পর চিকিৎসক বললেন, “তুমি সম্পূর্ণ সুস্থ।” মনের আনন্দে হাসপাতাল ছেড়ে হোটেলে উঠলাম। বিকেলে বেরিয়ে গেলাম।”

    চিত্রনায়ক রুবেল ও সোহেল রানা। ছবি: ফেসবুক

    অভিনেতা জানান, দামি ঘড়ি কেনার প্রতি তার বরাবরই আগ্রহ ছিল। তখন তার হাতে রাডোর একটি ঘড়ি ছিল। সেটি অত্যন্ত টেকসই হওয়া সত্ত্বেও নতুন একটি দামি ঘড়ি কেনার ইচ্ছা হয়েছিল তার।

    সোহেল রানা বলেন, ‘দামি ঘড়ি কেনার আমার একটা শখ ছিল। রাডো হাতে ছিল, যার ওপর দিয়ে ট্রাক গেলেও ঘড়ির কিছুই হতো না। তারপরও মনে হলো আরও একটা দামি ঘড়ি কিনব। দোকানে গেলাম। সঙ্গে রুবেল এবং খোকন।’

    দোকানের বিশাল শোরুমে সবচেয়ে দামি একটি ঘড়ি তার সামনে আনা হয়েছিল। কিন্তু দাম শুনে চমকে যান সোহেল রানা। তার কাছে তখন সেই ঘড়ি কেনার মতো অর্থ ছিল না। শেষ পর্যন্ত ঘড়িটি না কিনেই ফিরতে হয় তাঁকে। তবে ঘড়িটির প্রতি তাঁর মুগ্ধতা রুবেলের চোখ এড়ায়নি।

    চিত্রনায়ক রুবেল ও সোহেল রানা। ছবি: ফেসবুক

    প্রায় ৪০ বছর পর সেই পুরোনো স্মৃতিই আবার ফিরিয়ে আনলেন রুবেল। সেই একই ঘড়ি না হলেও রুবেল যে ঘড়িটি উপহার দিয়েছেন, সেটিও অত্যন্ত দামি।

    সোহেল রানা লেখেছেন, “গতকাল আমার বাসায় এসে আমার হাতটা টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল বলল, ‘যে ঘড়িটার দিকে তুমি তাকিয়েছিলে তার দাম এখন আমার নাগালের বাইরে এক কোটি থেকে দেড় কোটি। কিন্তু তারপরেও যে ঘড়িটা আমাকে দিল, দাম বলবো না।”

    তিনি লেখেন, ‘দাম দিয়ে সবকিছু কেনা যায় না, হৃদয় থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। আমার সেই ইচ্ছেটা মনে রেখে চল্লিশ বছর পরে বড় ভাইয়ের জন্য অনেক অনেক দামি একটা ঘড়ি নিয়ে এলো।’

    চিত্রনায়ক রুবেল ও সোহেল রানা। ছবি: ফেসবুক

    রুবেল ঘড়িটি পরিয়ে দিয়ে তাকে সব সময় সেটি পরে থাকার কথাও বলেন। ছোট ভাইয়ের এমন ভালোবাসায় আবেগাপ্লুত সোহেল রানা। তিনি লেখেন, ‘আমি শুধু তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, কথাটা না বললেও চলত। আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে।’

    প্রায় চার দশক আগের একটি ছোট্ট ইচ্ছেকে মনে রেখে ছোট ভাইয়ের এমন উপহার যে সোহেল রানার কাছে শুধু দামি ঘড়ি নয়, বরং ভালোবাসার স্মারক—তাঁর আবেগঘন লেখাতেই সেটি স্পষ্ট।

  • কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন শাকিরা, হচ্ছে ‘শাকিরা স্টেডিয়াম’!

    কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন শাকিরা, হচ্ছে ‘শাকিরা স্টেডিয়াম’!

    দীর্ঘ আট বছর পর কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তবে এবার শুধু একটি-দুটি নয়, কলম্বিয়ান পপ তারকার প্রত্যাবর্তনে থাকছে ১২টি কনসার্ট! আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মাদ্রিদে এসব কনসার্টে মঞ্চ কাঁপাবেন শাকিরা। এ উপলক্ষে স্পেপেনর রাজধানী মাদ্রিদের ইবেরদ্রোলা মিউজিক এলাকায় তৈরি করা হচ্ছে ‘শাকিরা স্টেডিয়াম’।

    স্টেডিয়ামের নকশা করেছে বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান বিজর্কে ইঙ্গেলস গ্রুপ। স্টেডিয়াম এবং আয়োজন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিরা বলেছেন, ‘ওহ আমার ঈশ্বর, এই স্টেডিয়ামটি দেখতে অসাধারণ! মাদ্রিদে ইউরোপিয়ান আবাসিক কনসার্টে আপনাদের দেখতে আমার তর সইছে না!’

    এটি শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ বিশ্ব সফরের অংশ। ইউরোপিয়ান আবাসিক কনসার্ট। স্পেনে আন্তর্জাতিক শিল্পীদের জন্য এ ধরনের কনসার্ট প্রথমবার হতে যাচ্ছে বলে জানিয়েছে মাদ্রিদের সরকারি পর্যটন বিভাগ। বিশাল এই সঙ্গীতযজ্ঞের আয়োজক ‘লাইভ নেশন এস্পানিয়া’। শাকিরা মঞ্চে উঠবেন ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর এবং ২, ৩, ৪, ৯, ১০ ও ১১ অক্টোবর। আয়োজক সংস্থা এই সূচি প্রকাশ করেছে।

    অবশ্য উৎসব কেবল কনসার্টেই সীমাবদ্ধ থাকছে না। শাকিরাকে ঘিরে ইবেরদ্রোলা মিউজিক এলাকায় গড়ে তোলা হচ্ছে একটি সাময়িক বিনোদন ও সাংস্কৃতিক পরিসর। প্রতি রাতে গড়ে ৫০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতির আশা করছেন আয়োজকরা। ১২টি শোতে প্রায় ছয় লাখেরও বেশি দর্শকের সমাগম হতে পারে। টিকিট বিক্রি প্রায় শেষ। কার্যত টিকিট হয়ে উঠেছে সোনার হরিণ। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের ন্যূনতম মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার টাকা পর্যন্ত।

    আয়োজনের বাড়তি আকর্ষণ ‘ম্যাকন্ডো পার্ক’। কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বিখ্যাত উপন্যাস ‘নিঃসঙ্গতার ১০০ বছর’-এর কাল্পনিক শহর ম্যাকন্ডো থেকে অনুপ্রাণিত হয়ে সজ্জিত করা হচ্ছে পার্কটি। যেখানে কেবল নাচ-গান নয়, শিল্প-সাহিত্য, খাবার, পোশাক এবং শিশুদের বিনোদনসহ নানা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে তুলে ধরা হবে ল্যাটিন আমেরিকান সংস্কৃতির নানা দিক। যার কেতাবি নাম ‘এস ল্যাটিনা’। এতে করে দর্শকেরা নিছক শাকিরার কনসার্ট নয় বরং একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন।

    অর্থাৎ কয়েক সপ্তাহের জন্য মাদ্রিদের ইবেরদ্রোলা মিউজিক এলাকা শুধু শাকিরার গানের মঞ্চই নয়, সংগীত, লাতিন সংস্কৃতি, খাবার, শিল্প ও বিনোদনের এক বিশাল মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। বিশাল এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকবেন শাকিরা—স্পেনে তার বহল প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে।

    শাকিরার মাদ্রিদ প্রত্যাবর্তনের সঙ্গে জড়িয়ে আছে স্পেনের সঙ্গে তাঁর দীর্ঘ ব্যক্তিগত জীবনের গল্পও। বিশ্বকাপজয়ী স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের সময় দীর্ঘদিন বার্সেলোনায় বসবাস করেছেন শাকিরা। কলম্বিয়ান পপ তারকার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেটেছে এই স্পেনেই। দেশটি তার ঘরের মতোই। কিন্তু ২০২৩ সালে পিকে এবং শাকিরার পথ আলাদা হয়ে যায়। পরে সন্তানদের নিয়ে শাকিরা চলে যান যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। অবশেষে বহু বছর পর আবারও কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন তিনি। তবে এবার বার্সেলোনা নয়, শাকিরার গন্তব্য স্পেনের রাজধানী মাদ্রিদ।

    ইবেরদ্রোলা এলাকায় আগের বড় অনুষ্ঠানগুলোতে শব্দ ও যানজট নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিল। এবার সেটি গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করছেন আয়োজকরা। কনসার্টে বিশেষ শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যাকোস্টিক স্ক্রিন এবং দর্শকদের ধাপে ধাপে বের করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় সময়রাত ৮-১১টা পর্যন্ত কনসার্ট করার পরিকল্পনা থাকলেও দর্শকেরা রাত ১টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে থাকতে পারবেন। বিশাল এই আয়োজনে প্রায় অর্ধ লাখ দর্শকের প্রতিটি রাত নির্বিঘ্নে শেষ করাটা আয়োজকদের জন্য বিরাট চ্যালেঞ্জ বটে।

    তথ্য সূত্র: লাইভ নেশন এস্পানিয়া, মাদ্রিদ পর্যটন বিভাগ ও ইবেরদ্রোলা মিউজিক

  • ‘পিংক বাস’ নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

    ‘পিংক বাস’ নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

    আকাশি রঙের শাড়ি আর কালো কোট পরে পিংক বাসে চড়ে বসেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। তবে কোনো শুটিংয়ের জন্য নয়, সাধারণ নারী যাত্রীদের মতোই উপভোগ করলেন বিআরটিসির নতুন এই সেবা।

    রাজধানীতে নারীদের যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সম্প্রতি চালু হয়েছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’। নারীদের জন্য তৈরি এই বিশেষ বাসটিতে যাত্রার পর নিজের যে অভিজ্ঞতা পেলেন, তা এবার ভক্তদের মাঝে ভাগ করে নিলেন তিনি।

    নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পিয়া জান্নাতুল। বাসে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে পিয়া জান্নাতুল বলেন, ‘একটা বাসযাত্রা, কিন্তু অনুভূতিটা ছিল একটু অন্যরকম। নিরাপত্তা, স্বস্তি আর আত্মবিশ্বাস—পিংক বাসে উঠে একজন নারী হিসেবে ঠিক এটাই অনুভব করেছি।’

    অভিজ্ঞতা জানিয়ে পিয়া আরও জানান, পিংক বাসটি যখন রাস্তায় চলে, তখন সাধারণ মানুষ বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। এতে চড়ার অভিজ্ঞতাকে তিনি ‘সেলিব্রিটি বাসে’ ঘোরার মতো অনুভূতি বলে মনে করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নিয়ে ইতিবাচক আলোচনা হবে এবং নারীরা আরও এগিয়ে যাবেন।

    ২৮ আগস্ট ২০২৬ বাসযাত্রার একপর্যায়ে বাসের নারী চালকের সঙ্গে কথা বলেন পিয়া। কাজের অভিজ্ঞতা জানতে চাইলে চালক জানান, তিনি ছয় বছর ধরে গাড়ি চালানো শিখেছেন এবং আড়াই বছর ধরে বিআরটিসিতে চাকরি করছেন। পরিবার থেকেও পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে জানান এই নারী চালক।

    পিয়া জান্নাতুলের এই ভিডিও বেশ সাড়া পায় সামাজিক মাধ্যমে। আইন পেশার পাশাপাশি ফ্যাশন ও বিনোদন অঙ্গনে দীর্ঘ দিন ধরে পরিচিত মুখ হিসেবে কাজ করছেন পিয়া জান্নাতুল।

    গত ১৮ আগস্ট তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে ‘পিংক বাস’ সেবাটি ঢাকার ১০টি রুটে নিয়মিত চলাচল করছে। নারী যাত্রীদের সুবিধার্থে এতে ই-টিকিটিং, জিপিএস ট্র্যাকিং ও সিসি ক্যামেরা সুবিধা রাখা হয়েছে।

  • নিরাপদে আছেন অপু

    নিরাপদে আছেন অপু

    নেপালে আকস্মিক ভূমিধস

    নতুন সিনেমার শুটিং করতে নেপাল গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার নেপালে আকস্মিক বন্যায় রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দেড় শতাধিকে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে শত শত মানুষ। নেপালে আটকা পড়েছেন অপু বিশ্বাস। তবে তিনি নিরাপদে আছেন।

    সবকিছু ঠিক থাকলে আজ দেশে ফিরবেন।

    অপু বিশ্বাস বলেন, ‘আমি পোখারাতে আছি, যেখানে আছি নিরাপদে। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। আগামীকাল (আজ) কাঠমান্ডু যাব। ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে আগামীকাল (আজ) ফ্লাইটে ঢাকা ফিরব।’ নেপালে নিজের পরিস্থিতি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার জন্য চিন্তা করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

    এর আগে নেপালে শুটিংয়ের সময় নিজের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছিলেন অপু। তার পোস্ট করা ছবিতে নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অভিনেত্রীর শুটিংয়ের নানা মুহূর্তও উঠে এসেছে। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

  • নতুন রূপে অপু বিশ্বাস

    নতুন রূপে অপু বিশ্বাস

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে বেশ কিছু দিন ধরে নেপালে ছিলেন। কাজের ফাঁকে ঘুরেছেন বেশ কয়েকটি দর্শনীয় স্থানেও। সেসব স্থানের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নেন তিনি।

    মঙ্গলবার (২৪ আগস্ট) মধ্যরাতে অভিনেত্রী লাল রঙের একটি পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায়, পাঁচটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। রূপের পাশাপাশি তার পোশাকেও নান্দনিকতার ছাপ।

    এদিন নিজেকে ধরা দেন অভিনেত্রী। সেই রাতে হাস্যোজ্জ্বল ও ভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে দেখা যায় অপু বিশ্বাসকে। রাতের আবহের সেই ছবিগুলো পোস্টের পর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন— ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’। অর্থাৎ তার এ নৈশবার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানান এই ঢালিউড কুইন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোস্টটি শেয়ার করার পরপরই তা নেটিজেনসহ শুভাকাঙ্ক্ষীদের নজর কাড়ে। লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যায় ভেসে যান অপু। তবে অপুর এ রহস্যময় পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি দেখা যায় নানা রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও, যা অপ্রত্যাশিত বলেও মনে করেন অভিনেত্রী।

  • দুই সন্তানসহ ৮ বছর লিভ-ইন, এবার বিয়ে করলেন অর্জুন-গ্যাব্রিয়েলা

    দুই সন্তানসহ ৮ বছর লিভ-ইন, এবার বিয়ে করলেন অর্জুন-গ্যাব্রিয়েলা

    দীর্ঘ আট বছরের সম্পর্ক, দুই সন্তান ও লিভ-ইন জীবনের পর অবশেষে বিয়ে করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মডেল-ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। শুক্রবার (২১ আগস্ট) গোয়ায় ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি।

    ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই অত্যন্ত সাদামাটাভাবেই রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সারেন তারা। গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের অধীনে তাদের এই আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।

    জানা যায়, সাবেক স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সাল থেকে গ্যাব্রিয়েলার সঙ্গে একসঙ্গে বসবাস শুরু করেন অর্জুন। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান অ্যারিকের জন্ম হয়। এর চার বছর পর ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান আরিভ।

    দীর্ঘদিনের সম্পর্ক হলেও বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে তাড়াহুড়া ছিল না এই জুটির। এক পডকাস্টে অর্জুন বলেছিলেন, বিয়ে তার কাছে মূলত একটি কাগজের বিষয়; তারা মানসিকভাবে নিজেদের বিবাহিত মনে করেন। তার ভাষায়, ভালোবাসাকে কোনো কাগজ দিয়ে মাপা যায় না।

    ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের ঘোষণা দেন অর্জুন। অবশেষে তার এক বছর পর সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতি। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে এবার কাগজে-কলমেও স্থায়ী রূপ দেওয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।

    সূত্র: পিটিআই