বিতরণ

  • দোহারে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    দোহারে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    ঢাকার দোহার উপজেলায় ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন হাজার এক শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, খেসারী বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্ধোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাঈদুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাঈদুল ইসলাম বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে কৃষি সম্প্রসারণ অধিদফতর কাজ করে যাচ্ছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার আওতাধীন তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার দেয়া হচ্ছে।’

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি অফিসের অতিরিক্ত উপপরিচালক শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সায়মা বিলা সেতু, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা কৃষক দলের সভাপতি রুবেল কাজী, সাধারণ সম্পাদক রফিক কবিরাজ প্রমুখ।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও উপকারভোগী কৃষক।

    অনুষ্ঠান থেকে প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও এক কেজি করে তেল বীজ দেয়া হয়

  • কলাপাড়ায় শীতকালীন সবজির বীজ পেলো ২৫০ পরিবার

    কলাপাড়ায় শীতকালীন সবজির বীজ পেলো ২৫০ পরিবার

    পটুয়াখালীর কলাপাড়ায় শীতকালীন শাকসবজি চাষে উৎসাহ দিতে ২৫০ উপকারভোগী পরিবারের মাঝে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া)–এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)–এর নিরাপদ জীবন জীবিকা প্রকল্প থেকে এসব পরিবারের মাঝে লাল শাক, পালং শাক, ঢেঁড়স, টমেটো, ধনিয়া, করোলা ও মুলার বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠানে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এবং নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিয়া বাংলাদেশ-এর পোর্ট ফলিও কো-অর্ডিনেটর মিসেস ম্যাটিল্ডা টিনা বৈদ্য।

    বিশেষ অতিথি ছিলেন নীলগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক এবং ইউপি উদ্যোক্তা মো. সগীর মাতুব্বর।

    এছাড়াও প্রকল্পের ব্যবস্থাপক বাসুদেব গুহ, কো-অর্ডিনেটর (ফাইন্যান্স) খোকন চন্দ্র দে, কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) রিগবী সেতু গোমেজ ও কৃষি অফিসার উত্তম কুমার কর উপস্থিত ছিলেন।

    আলোচনায় বক্তারা শাকসবজির বীজ বপন, পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগের সঠিক নিয়মসহ স্বাবলম্বী হতে সবজি চাষের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বীজ হাতে পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। নিরাপদ জীবন জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।