বাড়ছে

  • যশোরে বাণিজ্যিকভাবে বাড়ছে পেঁপের চাষ

    যশোরে বাণিজ্যিকভাবে বাড়ছে পেঁপের চাষ

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শস্যভাণ্ডারখ্যাত যশোরে বাণিজ্যিকভাবে বাড়ছে পেঁপে চাষ। প্রচলিত ফসলের পাশাপাশি লাভজনক ফল চাষে আগ্রহী হচ্ছেন জেলার কৃষকেরা। তুলনামূলক কম খরচে নিয়মিত ফলন ও বাজারে চাহিদা থাকায় পেঁপে চাষে সম্ভাবনা দেখছেন তাঁরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যশোরের পেঁপে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর বাজারে।

    যশোর সদর উপজেলার উপশহর, চুড়ামনকাঠি, শার্শা, ঝিকরগাছা, অভয়নগর ও মণিরামপুরের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে পেঁপে চাষ হচ্ছে। ধান-পাটের পাশাপাশি কৃষকেরা ঝুঁকছেন ফল ও সবজি চাষে। উন্নত হাইব্রিড জাতের পেঁপে আবাদেও তাঁদের আগ্রহ বাড়ছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁপে চাষ হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত বারি পেঁপে-১ এবং বিভিন্ন হাইব্রিড জাতের পেঁপে চাষ করছেন কৃষকেরা।

    যশোর সদরের লেবুতলা এলাকার কৃষক আব্দুর মালেক বলেন, ‘এ বছর দুই বিঘা জমিতে হাইব্রিড জাতের পেঁপে চাষ করেছি। বীজ বপন থেকে গাছ বড় হওয়া ও ফলন আসা পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। ইতোমধ্যে পাইকারদের কাছে প্রায় লাখ টাকার পেঁপে বিক্রি করেছি। গাছগুলোতে এখনো প্রচুর ফল রয়েছে।’

    তিনি বলেন, ‘ধান চাষে অনেক সময় লোকসান গুনতে হয়, কিন্তু পেঁপে চাষে ঝুঁকি অনেক কম। একবার গাছে ফল আসতে শুরু করলে নিয়মিত ফল পাওয়া যায়। প্রতি সপ্তাহেই বাজারে পেঁপে বিক্রি করে নগদ টাকা হাতে পাওয়া যায়।’

    আব্দুর মালেকের সাফল্য দেখে এলাকার অন্য কৃষক ও বেকার যুবকেরাও পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন। বাড়ির আঙিনায় পেঁপে গাছ লাগিয়ে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের চেষ্টা করছেন নারীরাও।
    বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলে স্থানীয় বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। পাইকারেরা বাগান থেকেই পেঁপে কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চলের আড়তে পাঠাচ্ছেন। কাঁচা পেঁপে সবজি এবং পাকা পেঁপে ফল হিসেবে ব্যবহৃত হওয়ায় দুই ধরনের পণ্যেরই বাজার রয়েছে।

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর ইসলাম বলেন, ‘পেঁপে একটি পুষ্টিকর ফল। কাঁচা ও পাকা—দুই অবস্থাতেই এর চাহিদা রয়েছে। কাঁচা পেঁপে সবজি এবং পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া হয়। এতে ভিটামিন এ ও সি-সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে।’

    যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘যশোরের মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য উপযোগী। আমরা কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছি। বিশেষ করে জমিতে যেন জলাবদ্ধতা তৈরি না হয়, সে জন্য উঁচু জমিতে পেঁপে চাষের ওপর জোর দেওয়া হচ্ছে। পোকামাকড় দমনে জৈব বালাইনাশক ব্যবহারের বিষয়েও কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘অতি বৃষ্টি ও জলাবদ্ধতা পেঁপে চাষের বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত পানিতে গাছের গোড়া পচে মারা যেতে পারে। আবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক সময় কৃষকদের কম দামে পেঁপে বিক্রি করতে হয়।’

    যশোরে পেঁপে চাষের বিস্তার কৃষকের আয় ও গ্রামীণ কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে এ সম্ভাবনা ধরে রাখতে উন্নত চাষপদ্ধতির পাশাপাশি জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, সংরক্ষণব্যবস্থা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।

  • দক্ষিণ কোরিয়ায় ইসলাম নিয়ে বাড়ছে আগ্রহ

    দক্ষিণ কোরিয়ায় ইসলাম নিয়ে বাড়ছে আগ্রহ

    কোরিয়ায়

    দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে। বিশেষ করে তরুণদের কেউ কেউ ইসলামের একত্ববাদ, নৈতিক শিক্ষা ও জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হচ্ছেন। মুসলিমদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ, মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টও এ আগ্রহ তৈরিতে ভূমিকা রাখছে।

    কোরিয়া টাইমসের এক প্রতিবেদনের বরাতে ইকনা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে ধারণা করা হয়।

    তাঁদের মধ্যে অনেকেই বিশ ও ত্রিশের কোঠার তরুণ। তবে এ সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান নেই।
    প্রতিবেদনে ‘ইউসুফ’ ছদ্মনামে পরিচিত ত্রিশোর্ধ্ব এক কোরীয় মুসলিমের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন।

    আরও পড়ুন: এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার কমে ৪৯.৪৩ শতাংশ মুসলিম বন্ধুদের সঙ্গে পরিচয় এবং তাঁদের জীবনযাপন কাছ থেকে দেখার মাধ্যমে ইসলামের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরে ইসলাম সম্পর্কে জানাশোনা বাড়লে তিনি ধর্মটি গ্রহণের সিদ্ধান্ত নেন।

    কোরীয় নওমুসলিমদের অনেকে ইসলামের একত্ববাদের শিক্ষা, সুস্পষ্ট ধর্মীয় মূলনীতি এবং দৈনন্দিন জীবনে নৈতিক নির্দেশনার বিষয়গুলোকে আকর্ষণীয় বলে মনে করেন। তাঁদের কাছে এসব শিক্ষা জীবন ও মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।

    সিউলের কেন্দ্রীয় মসজিদে ধর্মীয় শিক্ষা
    দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইতাওয়ন এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে ইসলাম সম্পর্কে জানতে নিয়মিত আসেন আগ্রহী কোরীয়রা। সেখানে তাঁরা ইসলামের বিশ্বাস, ইবাদত ও জীবনব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পান। কেউ কেউ ধর্মীয় শিক্ষা গ্রহণের পর শাহাদাতাইন পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

    কোরীয় মুসলিম নারী ‘আরিয়ম’ জানান, ইসলামে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মানের শিক্ষা তাঁর কাছে বিশেষভাবে অর্থবহ। কোরীয় ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গেও এই মূল্যবোধের মিল থাকায় পরিবারের কাছে নিজের ধর্মীয় সিদ্ধান্ত ব্যাখ্যা করা তাঁর জন্য সহজ হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার কিছু তরুণ প্রচলিত সামাজিক রীতিনীতি ও প্রত্যাশার বাইরে ভিন্ন জীবনদর্শন খুঁজছেন। ইসলাম সম্পর্কে জানতে গিয়ে তাঁদের কেউ কেউ নৈতিকতা, আত্মিক প্রশান্তি ও জীবনযাপনের অর্থ নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ পেয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়ছে পরিচিতি
    ইসলাম সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা থাকা সত্ত্বেও মুসলিমদের সঙ্গে সরাসরি পরিচয় অনেকের দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রেখেছে। মুসলিমদের আচরণ, ধর্মীয় অনুশীলন ও দৈনন্দিন জীবন কাছ থেকে দেখে কেউ কেউ ধর্মটি সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়েছেন।

    এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোরীয় মুসলিমদের কেউ কেউ নিজেদের ধর্মীয় অভিজ্ঞতা, দৈনন্দিন জীবন ও মুসলিম সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন। এসব কনটেন্টের মাধ্যমে কোরীয় ও আন্তর্জাতিক দর্শকেরা মুসলিমদের জীবন সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

    কোরীয় বংশোদ্ভূত মুসলিম ফ্যাশন ব্যক্তিত্ব আয়ানা জিহে মুন কিশোর বয়সে ইসলাম গ্রহণ করেন। ছোটবেলায় ইরাক যুদ্ধের সময় ইসলাম সম্পর্কে জানার পর ধর্মটি নিয়ে তাঁর কৌতূহল তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী কোরীয় মুসলিম ফ্যাশন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান।

    ইউটিউবার দাউদ কিমও তাঁর ভিডিওতে ইসলাম গ্রহণের অভিজ্ঞতা ও মুসলিম হিসেবে জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তাঁর মতো পরিচিত ব্যক্তিদের কনটেন্টের মাধ্যমে ইসলাম সম্পর্কে আগে তেমন ধারণা না থাকা মানুষেরাও ধর্মটি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
    কোরীয় মুসলিম নারীদের কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবকের সমন্বয় ঘটিয়ে নতুন ধরনের ফ্যাশন তুলে ধরছেন। এর মাধ্যমে ইসলামি মূল্যবোধ ও কোরীয় সংস্কৃতির বিভিন্ন দিক একসঙ্গে উপস্থাপিত হচ্ছে।

    মুসলিম সমাজে খুঁজছেন আপনজনের অনুভূতি
    ইসলাম গ্রহণের পর মুসলিম সমাজে নতুন সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আপনজনের অনুভূতি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন কোরীয় নওমুসলিম। পরিচিতজনের কাছ থেকে কেউ কেউ নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়লেও মুসলিমদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক তাঁদের মানসিক সমর্থন জুগিয়েছে।

    আরিয়ম জানান, সিউলের কেন্দ্রীয় মসজিদে প্রথমবার যাওয়ার সময় তাঁর মনে হয়েছিল, তিনি যেন নিজের ঘরে ফিরে এসেছেন। তাঁর অভিজ্ঞতা থেকে বোঝা যায়, ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি মুসলিম সমাজের আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধও নতুন মুসলিমদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    কোরীয় উপদ্বীপে ইসলামের ঐতিহাসিক পরিচিতি
    দক্ষিণ কোরিয়ায় ইসলাম সম্পর্কে পরিচিতি নতুন নয়। বিভিন্ন সময়ে মুসলিম বণিক, অভিবাসী ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে কোরীয় উপদ্বীপে ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে কোরীয় যুদ্ধের সময় তুর্কি মুসলিম সেনাদের উপস্থিতি দেশটিতে ইসলাম পরিচিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে বিদেশি শ্রমিক, শিক্ষার্থী ও অভিবাসীদের মাধ্যমে মুসলিম সমাজের পরিসর আরও বিস্তৃত হয়েছে।

    বর্তমানে দক্ষিণ কোরিয়ায় স্থানীয়দের ইসলাম গ্রহণের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা বার্ষিক হিসাবের নির্ভরযোগ্য হালনাগাদ পরিসংখ্যান সীমিত। তবে নওমুসলিমদের ব্যক্তিগত অভিজ্ঞতা, মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণের আগ্রহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিমদের সক্রিয় উপস্থিতি ইসলাম সম্পর্কে জানার নতুন সুযোগ তৈরি করছে।

    ইসলামের একত্ববাদ, নৈতিক জীবনব্যবস্থা, আত্মিক প্রশান্তির সন্ধান এবং মুসলিম সমাজের সঙ্গে আন্তরিক সম্পর্ক—বিভিন্ন কারণে দক্ষিণ কোরিয়ার কিছু মানুষ ধর্মটি সম্পর্কে আগ্রহী হচ্ছেন। তাঁদের অভিজ্ঞতা দেশটিতে ইসলাম সম্পর্কে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর সুযোগ তৈরি করছে।