ফুটবল

  • ফিফপ্রো বর্ষসেরা দলে ফিরলেন মেসি; ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

    ফিফপ্রো বর্ষসেরা দলে ফিরলেন মেসি; ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

    বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন এএফপি

    পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর এবারের ছেলেদের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের। ফুটবলাররা ভোটের মাধ্যমে চার ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে জায়গা পাননি গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করা বায়ার্ন মিউনিখ তারকা। এবার বর্ষসেরা দল বেছে নিতে ৭৩ দেশ থেকে ভোট দিয়েছেন মোট ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলার।

    গত মাসে লন্ডনে ব্যক্তিগত পর্যায়ে বর্ষসেরার শ্রেষ্ঠ পুরস্কার ব্যালন ডি’অর জেতেন কেইন। ফিফা পুরুষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একেকজন প্রতিনিধি নিয়ে মোট ১০০ সাংবাদিকের একটি জুরিবোর্ড ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করে ব্যালন ডি’অরে। কেইনের মতো তাঁর ক্লাব সতীর্থ ফরাসি তারকা মাইকেল ওলিসে এবং গত বছর ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও জায়গা পাননি এবারের বর্ষসেরা একাদশে।

    এবার আক্রমণভাগে জায়গা পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড, রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

    ৩৩ বছর বয়সী হ্যারি কেইন গত মাসে ব্যালন ডি’অর জেতেন এএফপি

    ২০২৩ সালের পর এই প্রথম ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ফিরলেন ৩৯ বছর বয়সী মেসি। এ নিয়ে ১৮তমবার একাদশে জায়গা পেয়ে সর্বোচ্চবার জায়গা করে নেওয়ার রেকর্ডটি আরও এক ধাপ এগিয়ে নিলেন সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কিংবদন্তি।

    স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ইয়ামাল গত বছর ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ছিলেন। এবারও থাকায় প্রথম খেলোয়াড় হিসেবে ২০ বছর বয়স হওয়ার আগেই ফিফপ্রোর বর্ষসেরা একাদশে দুবার জায়গা করে নেওয়ার রেকর্ড গড়লেন। ১৯ বছর বয়সী ইয়ামালের সঙ্গে স্পেনের ২০২৬ বিশ্বকাপজয়ী দল থেকে জায়গা পেয়েছেন আরও তিনজন। রক্ষণে পাউ কুবারসি, মাঝমাঠে রদ্রি ও গোলপোস্টে ডেভিড রায়া।

    টানা দুবার চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি থেকে জায়গা পেয়েছেন দুই উইং—ব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ। মাঝমাঠে আছেন ভিতিনিয়া। রিয়াল মাদ্রিদ থেকে এমবাপ্পের সঙ্গে আছেন জুড বেলিংহাম।

    ফিফপ্রো ২০২৬ পুরুষ বর্ষসেরা একাদশ

    দেশ ও ক্লাব মিলিয়ে গত মৌসুমে ৭৩ গোল করা কেইন এ মৌসুমে এখন পর্যন্ত ১৬ গোল করেছেন। এ বছর বায়ার্নের হয়ে জেতেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পথে করেন ৬ গোল।

    ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। ৬০ হাজারের বেশি ফুটবলার এ সংগঠনের প্রতিনিধিত্ব করেন। ফিফপ্রো ২০০৫ সাল থেকে ছেলেদের ও ২০১৫ সাল থেকে মেয়েদের বছরের সেরা একাদশ নির্বাচন করছে। এই একাদশকে বলা হয় ‘ওয়ার্ল্ড ১১’।

    মেয়েদের বর্ষসেরা দলের কী খবর

    গত বছরগুলোর মতো এবারও মেয়েদের বর্ষসেরা একাদশে কিছু খেলোয়াড়ের বাদ পড়া বেশ আলোচনার জন্ম দিয়েছে। দুর্দান্ত এক মৌসুম কাটিয়েও ম্যানচেস্টার সিটির খাদিজা শ, কানসাস সিটি কারেন্টের তেমওয়া চাওউয়িঙ্গা ও বার্সেলোনার পাত্রি গুইহারো ও এভা পাইয়রের জায়গা হয়নি এবারের একাদশে।

    ফিফপ্রো ২০২৬ নারী বর্ষসেরা একাদশ

    ইংল্যান্ড ও চেলসির রাইটব্যাক লুসি ব্রোঞ্জ প্রথম নারী ফুটবলার হিসেবে এবারের বর্ষসেরা একাদশে নবমবারের মতো জায়গা পেয়েছেন। ৬৪ দেশের ৬ হাজার ৫১১ জন নারী ফুটবলারদের ভোটে নির্বাচিত এই একাদশে ইংল্যান্ড ও স্পেনের বাইরে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন জাম্বিয়ার ফরোয়ার্ড বারবারা বান্দা।

    স্পেনের দুই মিডফিল্ডার আইতানা বোনমাতি ও আলেক্সিয়া পুতেয়াস আছেন এবারের দলে। গত মাসে পুতেয়াস তৃতীয় ব্যালন ডি’অর জেতেন। বোনমাতি ও পুতেয়াস এখন যৌথভাবে সর্বোচ্চ তিনবার মেয়েদের ব্যালন ডি’অরজয়ী।

  • মেসি যেসব টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

    মেসি যেসব টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

    যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমে ইন্টার মায়ামি শেষ ম্যাচটা খেলেছে গত পরশু। সেদিনই গোল্ডেন বুট পেয়েছেন মেসি। যদিও ম্যাচে তিনি গোল পাননি।

    এমএলএসের ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় গোল্ডেন বুট ট্রফি জেতেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি। এ বয়সে মেসির হাতে আরেকটি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার ট্রফি দেখে একটি প্রশ্ন জাগতেই পারে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ক্যারিয়ারে কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন?

    মেসির ক্যারিয়ারে তাকালে এ প্রশ্নের উত্তর খুঁজতে গলদঘর্ম হওয়াই স্বাভাবিক। কারণ তাঁর ক্যারিয়ারের দৈর্ঘ্য তো ছোট নয়! ২১ বছর আর্জেন্টিনার হয়ে খেলার পর অবসর নিয়েছেন গত মাসে। আর পেশাদার ফুটবলে ২২ বছরের ক্যারিয়ার কোথায় নিয়ে গিয়ে শেষ করেন, সেটাও আপাতত অজানা। এই দীর্ঘ সময়ে অনেক টুর্নামেন্টেই খেলেছেন মেসি। এসবের ভেতর থেকে মেসি যেসব টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন, তার একটি তালিকা তৈরি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’।

    মেসি তাঁর ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ৩৩টি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৮ মৌসুমে, চ্যাম্পিয়নস লিগে ৬ ও কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে ৫ বার। ইউরোপিয়ান সুপার কাপ এবং এমএলএসে দুবার করে সর্বোচ্চ গোল করেছেন। ক্লাব বিশ্বকাপ, কোপা আমেরিকা, লিগস কাপ, চ্যাম্পিয়নস কাপ ও দক্ষিণ আমেরিকান বাছাইয়ে একবার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি।

  • মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না ক্লাব রোমা

    মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না ক্লাব রোমা

    আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার কথা ছিল নাহুয়েল মলিনার। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডারকে এবার ছাড়তে রাজি নয় তাঁর ক্লাব রোমা। ফিফার নিষেধাজ্ঞা কমে যাওয়ায় আর্জেন্টিনা দলে ফেরার সুযোগ তৈরি হলেও মলিনাকে ইতালিতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

    ‘ফুটবল ইতালিয়া’র খবর, মলিনাকে জাতীয় দলে যোগ দেওয়ার অনুমতি দেবে না বলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) জানিয়ে দিয়েছে রোমা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁকে দলে পেতে চাইলেও ক্লাবের সিদ্ধান্তে আপাতত সেটি সম্ভব হচ্ছে না। রোমার নির্দেশ, আগামীকাল থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে হবে এই রাইটব্যাককে।

    মলিনাকে নিয়ে রোমার এই অবস্থানের পেছনে আছে ফিফার শাস্তির হিসাব। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে হারের ম্যাচ শেষে সহিংস আচরণের দায়ে মলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা। সঙ্গে জরিমানা করা হয়েছিল ছিল ৯০ হাজার ডলার। একই ঘটনায় শাস্তি পেয়েছিলেন তাঁর সতীর্থ ও রোমার সাবেক মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও। তাঁকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।

    রোমার অনুশীলনে পাওলো দিবালা ও নাহুয়েল মলিনাএক্স

    তবে গত শনিবার মলিনার নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করেছে ফিফা। এরই মধ্যে নিষেধাজ্ঞার তিন ম্যাচ কাটিয়েছেন তিনি। অক্টোবরে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি। ফলে নিষেধাজ্ঞার বাকি আছে আর মাত্র এক ম্যাচ।

    নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে খেলার সুযোগ না থাকলেও দ্বিতীয় ম্যাচে মলিনার খেলার যোগ্যতা থাকছে। কিন্তু লম্বা ভ্রমণের ধকল এড়াতে তাঁকে ইতালিতে রাখাই খেলোয়াড় ও ক্লাবের জন্য ভালো হবে বলে মনে করছে রোমা।

    স্কালোনির সর্বশেষ দলে ইতালিয়ান লিগের সাতজন ফুটবলার জায়গা পেয়েছেন। মলিনার রোমা সতীর্থ লিওনার্দো বালেরদি, মাতিয়াস সুলে ও সান্তিয়াগো কাস্ত্রো আছেন সেই তালিকায়। এ ছাড়া কোমোর নিকো পাজ ও মাক্সি পেরোনে, পারমার মারিয়ানো ত্রোইলো এবং ফিওরেন্তিনার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও ডাক পেয়েছেন।

    ক্লাবের হয়ে অবশ্য ভালোই সময় কাটছে মলিনার। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে ১২ ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়নস লিগে করেছেন একটি গোল, সিরি আ-তে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

    মলিনার পারফরম্যান্সে রোমাও এগিয়ে যাচ্ছে ভালোভাবেই। ২৭ পয়েন্ট নিয়ে সিরি আ-র পয়েন্ট তালিকার তিনে আছে দলটি। শীর্ষে থাকা লাৎসিওর সঙ্গে ব্যবধান মাত্র দুই পয়েন্ট।

  • হামজার অপেক্ষায় বাংলাদেশ দল

    হামজার অপেক্ষায় বাংলাদেশ দল

    সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশেরর ম্যাচে গ্যালারি টইটম্বুর থাকবে বলে মনে করছেন বোদ্ধারা। কেননা সেই ম্যাচে যে মাঠে নামবেন বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী। যদিও প্রথম ম্যাচে টিকিটের দাম শেষ মুহূর্তে কমিয়ে দিলেও সেভাবে গ্যালারি ভরেনি।

    গতকাল শনিবার শেফিল্ডের হয়ে ম্যাচ খেলার পর আজ ঢাকার বিমানে ওঠার কথা তাঁর। সোমবার সকালে তাঁর সঙ্গে আসবেন ফারহান আলি ওয়াহিদও।

    এ দুই তারকা ফুটবলারের আগমনে দলীয় সংহতি আরও বেড়ে যাবে বলে মনে করছেন মোরছালিন। ‘আমরা অবশ্যই খুব আশাবাদী। হামজা ভাই, ফারহান (আলি ওয়াহিদ) এলে আমাদের দলের স্পিরিট আরও বাড়বে।’ মোরছালিন নিজেও সেই ম্যাচের জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন গতকাল শনিবার। জ্বর থাকায় ভুটানের প্রথম ম্যাচের স্কোয়াডে ছিলেন না মোরছালিন। তাই নাম্বার নাইনে বাধ্য হয়ে বিশ্বনাথকে খেলিয়েছিলেন কোচ থমাস ডুলি। তবে গতকাল দলের সঙ্গে অনুশীলনের পর মোরছালিনের ঘোষণা, ‘আমি প্রস্তুত আছি ম্যাচটি খেলতে। আমরা সবাই একমত যে শ্রীলঙ্কার দল খুবই ভালো। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। যেহেতু আমরা প্রথম জিতেছি, আমাদের সবার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। জেতার জন্যই আমরা খেলব।’

    ভুটানের বিপক্ষে দলের অন্যতম সেরা চার ফুটবলারকে পাননি কোচ ডুলি। হামজা, মোরছালিন, ফারহানের সঙ্গে তপু বর্মণও ছিলেন না সেদিন। শ্রীলঙ্কার বিপক্ষেও তপুকে ঘিরে অনিশ্চয়তা আছে, তবে বাকি সবাইকে পেতে পারেন তিনি। এখানেই প্রশ্ন থেকে যায়, সেদিনও কি লঙ্কার বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথকে ফরোয়ার্ডে খেলাবেন কোচ? আপাতত যা খবর, তাতে ডুলি সেদিনও আক্রমণভাগে বিশ্বনাথের ক্ষিপ্রতা ব্যবহার করতে চাইছেন। মাঝমাঠে রাখতে চাইছেন হামজাকে। ফারহানকেও ম্যাচ টাইম দেবেন তিনি। সেই সঙ্গে মোরছালিনকেও রাখবেন ম্যাচের কোনো এক অংশে। কোচের এই কৌশল নিয়ে মিডিয়াতে পাঁচ কথা হলেও লকাররুমে আস্থা আছে। বিশ্বনাথের পাশেই থাকছেন মোরছালিন। ‘আমাদের তো নাম্বার নাইনের সমস্যা অনেক দিন ধরে, এটা সবাই জানে। আমরা যখন যেখানেই সুযোগ পাই… যেমন আমি মিডফিল্ডের প্লেয়ার হয়েও অ্যাটাকিং মিডফিল্ডে অনেক সময় খেলেছি। কোচ যেখানেই সুযোগ দেবে আমাকে সেখানে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বনাথ দাদাও চেষ্টা করেছেন। ডিফেন্ডার হয়েও আক্রমণভাগে ভালো খেলেছেন বা চেষ্টা করেছেন। আমার মনে হয়, যারা আছে সবারই এ রকম মানসিকতা থাকা উচিত, যে যেখানেই সুযোগ পাক, ভালো করতে হবে।’

    দলের বাইরে আরও একটি গুঞ্জন বেশ শোনা যায়– স্থানীয় ফুটবলারদের সঙ্গে বংশোদ্ভূত ফুটবলারদের একটা মানসিক দূরত্ব আছে। এমন অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়েছেন মোরছালিন। ‘না সেরকম কিছু আমার মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ দলে যারা আছে, সবাই দেশের জন্যই খেলে। আমরা সবাই মিলে দেশকে বারবার জয়ের আনন্দে ভাসাতে চাই।’

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনালদোর

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনালদোর

    ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ (৫নভেম্বর) ইনষ্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা।

    এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে রেকর্ড গড়া এক আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

    ভিডিওতে নিজের আইকনিক ৭ নম্বর জার্সির কথা উল্লেখ করে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’

    আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২৩২ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর কীর্তিও আছে তাঁর।

    তবে বিদায়টা সুখকর হলো না ৪১ বছর বয়সী এই তারকার। পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের জের ধরে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে একাদশে তো ছিলেনই না, বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও রোনালদো সরাসরি ড্রেসিংরুমে চলে যান।

    ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একাদশে জায়গা পাবেন না জানার পর তিনি কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান। তখন অভিযোগ করেন, কোচ জেসুস তাঁকে দেওয়া কথা রাখেননি। এরপর এ ঘটনায় নিজের ভুল স্বীকারও করেছিলেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশনও তাঁকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল।

    আর সেই নিষেধাজ্ঞার মধ্যেই পর্তুগালকে বিদায় বললেন পাঁচবার ব্যালন ডি’অর জেতা এই মহাতারকা।

  • পেটে খাবার,পায়ে জুতা ছিল না, সেই ছেলে আজ রিয়াল মাদ্রিদের তারকা

    পেটে খাবার,পায়ে জুতা ছিল না, সেই ছেলে আজ রিয়াল মাদ্রিদের তারকা

    ভাগ্য কখন যে কাকে কোথায় নিয়ে যায়, কেউ বলতে পারে না। আজ যে ধনী, কাল সে পথের ফকির। আজ যে রাজা, কাল সে ফকির। এমনই এক গল্পের নায়ক রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলার ইয়ান দিওমান্দে।

    পুরনো কাপড়, ছেঁড়া মোজা কিংবা ন্যাকড়া পেঁচিয়ে বানানো ফুটবল। কখনো ভাগ্য ভালো থাকলে জুটত প্লাস্টিকের বল। আরও বেশি ভাগ্যবান হলে পুরোনো চামড়ার একটা ফুটবল।

    আইভরিকোস্টের আবিদজান শহরের ইয়োপুগন এলাকার সিকোজি মহল্লায় এভাবেই ফুটবল খেলত একদল শিশু। পায়ের নিচে কখনো মাটি, কখনো সিমেন্টের রাস্তা। আশপাশে মানুষের ভিড়। সেই ভিড় বাঁচিয়ে বল নিয়ে ছুটে চলা। পায়ে জুতা নেই। থাকলেও স্যান্ডেল। সেই শিশুদের একজনের নাম ইয়ান দিওমান্দে।

    যে মহল্লায় তিন বেলা খাবার জোটানোই স্বপ্ন, সেখানে ফুটবল বুট তো রাজকীয় বিলাসিতা! অথচ ওই ছেলেটার স্বপ্ন ছিল রাজকীয়ই। একদিন আফ্রিকার ক্রিস্টিয়ানো রোনালদো হবে সে। স্বপ্নটা যে একদিন সত্যি হওয়ার পথে এত দূর এগোবে, কে জানত! দিওমান্দে এখন রিয়াল মাদ্রিদের ফুটবলার। যে পায়ে একদিন জুতাও ছিল না, সেই পায়ে এখন ইউরোপীয় ফুটবলের সবচেয়ে অভিজাত ক্লাবের স্বপ্ন। যেন রূপকথার কোনো গল্প!

    কিন্তু রূপকথার শুরুটা মোটেও সুন্দর ছিল না। কাজের সন্ধানে বাবা চলে গিয়েছিলেন ফ্রান্সে। মা আর বোন রোকসানের কাছে বেড়ে ওঠা দিওমান্দের। অভাব ছিল নিত্যসঙ্গী। আনন্দ বলতে ফুটবল। আর সেই ফুটবলে ছোটবেলা থেকেই ছেলেটা অন্য রকম।

    ড্রিবলিংয়ে অবিশ্বাস্য দক্ষতা। শটে প্রচণ্ড শক্তি। পাড়ার লোকজন তাই নাম দিয়েছিল ‘রবার্তো কার্লোস’। ব্রাজিলের সেই বিখ্যাত বাঁ পায়ের ফুটবলারের নামে। একদিন রাস্তার ফুটবলে বদলে গেল জীবন।

    দেজ বাম্বা নামের এক ব্যবসায়ী ও ফুটবল প্রতিভা অন্বেষকের চোখে পড়ল ছেলেটা। বাম্বা তাঁকে নিয়ে গেলেন নিজের প্রতিষ্ঠিত এএফআই সুদ কোমোয়ে একাডেমিতে। আবিদজান থেকে ১০০ কিলোমিটার পূর্বে আসুবার সেই একাডেমিতে ২০১৪ সালে পৌঁছাল ১০ বছরের দিওমান্দে। সেখানে আরও ৪০ জন প্রতিভাবান শিশু। অনেকের জীবনেই প্রথমবার স্কুলে যাওয়ার সুযোগ। দিনে তিন বেলা, কখনো চার বেলা খাবার! দিওমান্দের কাছে যেন স্বর্গ।

    এল ক্লাসিকোয় লামিনে ইয়ামালের সঙ্গে বল দখলের লড়াইয়ে ইয়ান দিওমান্দে রয়টার্স

    একাডেমির দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচ হোসে হুলিয়ান লোপেস। এখন স্পেনের ভালদেমোরো ফুটবল একাডেমির সমন্বয়ক। তাঁর স্মৃতিতে আজও উজ্জ্বল সেই ছোট্ট ছেলেটা। লোপেসের ভাষায়, ‘প্রথম দেখাতেই বুঝেছিলাম, বল পায়ে ছেলেটা বিশেষ কিছু। ড্রিবলিং করত, ডিফেন্ডারদের চ্যালেঞ্জ জানাত, ভেতরে ঢুকে পড়ত। অসম্ভব সাহসী ছিল।’ এতটাই প্রতিভাবান যে অনূর্ধ্ব-১২ থেকে সরাসরি অনূর্ধ্ব-১৪ দলে তুলে নেওয়া হয়।

    সমস্যা ছিল একটাই। বল পেলে থামতে চাইত না দিওমান্দে। নিজেদের গোলপোস্টের কাছ থেকে ড্রিবলিং শুরু করে পাঁচ-ছয়জন বড় ফুটবলারকে কাটিয়ে প্রতিপক্ষের গোলপোস্টে পৌঁছে যেত। কখনো গোল, কখনো বল হারানো। লোপেসের প্রথম কাজ ছিল তাঁকে থামতে শেখানো। কখন ড্রিবলিং করতে হবে, কখন পাস দিতে হবে, সেটা বোঝানো। ছেলেটা শিখতও অবিশ্বাস্য দ্রুততায়। লোপেস বলেন, ‘কোনো কিছু বোঝানোর সময় ও যেভাবে আমার দিকে তাকিয়ে থাকত, এখনো মনে আছে। শুধু কী করতে হবে, তা নয়, কেন করতে হবে, সেটাও বুঝতে চাইত।’

    শুধু মাঠে নয়, পড়াশোনাতেও মেধাবী। একাডেমিতে আসা ৮০ শতাংশ শিশুই পড়তে বা লিখতে জানত না। তাদের শিক্ষার ব্যবস্থাও ছিল সেখানে। দিওমান্দে দুই জায়গাতেই এগিয়ে। আর ফুটবল? লোপেসের স্মৃতিচারণা, ‘ড্রিবলিং আর শুটিং ছিল জন্মগত। আমরা ওকে প্রথম বুটজোড়া দিলাম। তারপর যেন উড়তে শুরু করল! অন্য ছেলেরা শট নিয়ে গোলপোস্টের কাছেও পৌঁছাতে পারত না। আর ও কর্নার নিত অবিশ্বাস্য দক্ষতায়।’

    সর্বশেষ দলবদল উইন্ডোয় রিয়াল মাদ্রিদ তাঁকে লাইপজিগ থেকে ১২ কোটি ৫০ লাখ ইউরোয় কিনেছে। আফ্রিকার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন দিওমান্দে।

    বয়সে পাঁচ বছরের বড় ছেলেদের বিপক্ষেও ভয় পেত না। নিয়মিত লিগ না থাকায় একাডেমি প্রীতি ম্যাচ খেলত বিভিন্ন দলের সঙ্গে। সেখানে মূলত ডান উইংয়ে খেলত দিওমান্দে। ডিফেন্ডারদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। বাঁ উইংয়ে খেলা শুরু আরও পরে। আফ্রিকান ট্যালেন্ট এলিট একাডেমির পরিচালক ফ্রান কাস্তানিয়ো প্রথম তাঁকে দেখেন অনূর্ধ্ব-১৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাই টুর্নামেন্টে। বয়স তখন মাত্র ১৫। কাস্তানিয়োর স্মৃতিতে, ‘প্রথম মুহূর্তেই নজর কেড়েছিল। দুই উইংয়ে খেলতে পারত। গতি, শক্তি, দক্ষতা, গোল করার ক্ষমতা, সবই ছিল। টুর্নামেন্টে বেশ কয়েকটি গোলও করেছিল। বাকিদের চেয়ে পরিষ্কারভাবে এগিয়ে ছিল।’

    এমন প্রতিভার গন্তব্য ইউরোপই হওয়ার কথা। কিন্তু বাধা ফিফার নিয়ম। ১৮ বছরের আগে ইউরোপে গিয়ে খেলার সুযোগ নেই। ১৬ বছরে চুক্তি করা গেলেও খেলা যায় না। তাই দিওমান্দেকে যেতে হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। অথচ তাঁর একাডেমি বছরে দুবার স্পেনে টুর্নামেন্ট খেলতে যেত। দিওমান্দেকে দেখে মুগ্ধ হলেও দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগের সাহস করেনি কেউ। সেই ছেলেই শেষ পর্যন্ত পৌঁছে গেল রিয়াল মাদ্রিদে।

    ইয়ান দিওমান্দে রয়টার্স

    সর্বশেষ দলবদল উইন্ডোয় রিয়াল মাদ্রিদ তাঁকে লাইপজিগ থেকে ১২ কোটি ৫০ লাখ ইউরোয় কিনেছে। আফ্রিকার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন দিওমান্দে। শুরুটা ছিল মন্থর। রিয়ালের জার্সিতে প্রথম গোল ১০ অক্টোবর, ভিয়ারিয়ালের বিপক্ষে।

    ওই গোলে ১-০ ব্যবধানে জেতে দল। এরপর ছন্দ পেয়েছেন দ্রুত। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট। চ্যাম্পিয়নস লিগে সাবেক ক্লাব লাইপজিগের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে বদলি নেমে কিলিয়ান এমবাপ্পেকে দিয়েছেন অ্যাসিস্ট, আবার নিজে করেছেন দলের চতুর্থ গোলটিও। সব মিলিয়ে রিয়ালের জার্সিতে এই মৌসুমে ১৩ ম্যাচে খেলেছেন ৬৫৬ মিনিট। ৩ গোল, ৪ অ্যাসিস্ট। লা লিগায় শুরুর একাদশে পাঁচ ম্যাচ খেলেছেন, পাঁচটিতেই জিতেছে রিয়াল। তাই কোচ হোসে মরিনিওর ‘পয়মন্ত’ হিসেবেও আলোচনায় এসেছেন।

    আইভরিকোস্টে এখন উৎসব! দেশটির বাস্কেটবল দলের স্প্যানিশ কোচ মিগেল আনহেল ওইয়ো আবিদজান থেকে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে বলেছেন, ‘এখানে সবাই শুধু দিওমান্দেকে নিয়েই কথা বলছে। চরম দারিদ্র্য থেকে প্রতিভা, পরিশ্রম আর অধ্যবসায়ে যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়, ও তার প্রমাণ।’

    এখন দিওমান্দে সেই ভালোবাসাকে নতুন মাত্রা দিয়েছেন। দেশটির মানুষের কাছে তাঁর নাম উঠে আসছে দ্রগবা ও ইয়াইয়া তোরের মতো কিংবদন্তিদের পাশে।

    দেশটির রাস্তায় এমনিতেই রিয়াল মাদ্রিদের সাদা আর বার্সেলোনার নীল-মেরুন জার্সি পরিচিত দৃশ্য। এখন সাদার আধিপত্য বাড়ছে। ওইয়োর কথায়, ‘পুরো দেশ যেন সাদা হয়ে যাচ্ছে।’

    স্পোর্ট আইভরির সাংবাদিক কাদের গিলাভোগির মতে, এই উন্মাদনার পেছনে ইতিহাসও আছে। ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে চেলসি ও বার্সেলোনার বিতর্কিত ম্যাচের পর দিদিয়ের দ্রগবার প্রতি সমর্থন থেকে অনেক আইভরিয়ান বার্সেলোনার বিপক্ষে চলে যান। জোসে মরিনিওর জনপ্রিয়তাও রিয়ালের প্রতি আকর্ষণ বাড়িয়েছে।

    এখন দিওমান্দে সেই ভালোবাসাকে নতুন মাত্রা দিয়েছেন। দেশটির মানুষের কাছে তাঁর নাম উঠে আসছে দ্রগবা ও ইয়াইয়া তোরের মতো কিংবদন্তিদের পাশে। গিলাভোগি বলছেন, শুরুর মানিয়ে নেওয়ার সমস্যা কাটিয়ে দিওমান্দে এখন নিজের সামর্থ্য দেখাচ্ছেন। দেশের তরুণদের জন্য হয়ে উঠেছেন উদাহরণ।

    এমবাপ্পের সঙ্গে দিওমান্দে রয়টার্স

    অথচ এই খ্যাতির মধ্যেও শিকড় ভোলেননি দিওমান্দে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের দারিদ্র্য থেকে বের করে এনেছেন। নিয়মিত অর্থ পাঠান নিজের পুরোনো মহল্লায়। সেই সিকোজিতে, যেখানে একদিন ন্যাকড়ার ফুটবল নিয়ে দৌড়াতেন। তাঁর এই পথচলার সবচেয়ে বড় প্রেরণা ছিলেন বোন রোকসান। সেই প্রিয় বোন আর বেঁচে নেই। আফ্রিকার ক্রিস্টিয়ানো রোনালদো হওয়ার স্বপ্নটা দেখেছিলেন তাঁরই উৎসাহে।

    লোপেসের একাডেমির ১১ জন এখন ইউরোপে খেলেন। ২০ জনের বেশি আইভরিকোস্টের প্রথম বিভাগে। কিন্তু দিওমান্দের গল্পটা তাঁর কাছে আলাদা। কেন আলাদা? একাডেমির ছেলেদের কাছে একবার জানতে চেয়েছিলেন লোপেস, সেখানে থাকার সবচেয়ে বড় আনন্দ কী? উত্তর এসেছিল, ‘প্রতিদিন খেতে পারা।’ সেই শিশুদেরই একজন আজ রিয়াল মাদ্রিদে।

    ফুটবল কখনো কখনো শুধু জীবন বদলায় না। একটা শিশুকে আকাশের ঠিকানাও দিয়ে দেয়।

  • লাইপজিগকে ৪-১ গোলে হারালো রিয়াল

    লাইপজিগকে ৪-১ গোলে হারালো রিয়াল

    সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে জোসে মরিনহোর দল। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে এই জয় রিয়ালের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

    নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্বাগতিকেরা। রিয়ালের হয়ে গোল করেন বার্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে। অন্যদিকে লাইপজিগের হয়ে একমাত্র গোলটি করেন তিদিয়াম গোমিস।

    ম্যাচের প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল লাইপজিগ। তবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ২৮ মিনিটে রোমুলোর শট এবং ৪১ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর গোলের সম্ভাবনা দারুণ দক্ষতায় নস্যাৎ করে দেন বেলজিয়ামের এই গোলরক্ষক।

    প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় রিয়াল। ৪৩ মিনিটে আরদা গুলেরের শট ফিরিয়ে দেন লাইপজিগের গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা। রিয়ালের জার্সিতে এটিই তার প্রথম গোল। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দল।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় রিয়াল। ৫২ মিনিটে জুড বেলিংহামের ক্রস থেকে এমবাপ্পের হেডে বল পান আরদা গুলের। সুযোগটি কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তুরস্কের এই তরুণ ফুটবলার।

    ম্যাচের ৮৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন কিলিয়ান এমবাপ্পে। ইয়ান দিওমান্দের পাস ধরে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১২ ম্যাচে এটি তার ১২তম গোল।

    এর দুই মিনিট পর, ৮৫ মিনিটে লাইপজিগের হয়ে ব্যবধান কমান বদলি খেলোয়াড় তিদিয়াম গোমিস। তবে তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ করে দেয় রিয়াল। ৮৭ মিনিটে ব্রাহিম দিয়াজের নিখুঁত ক্রস থেকে দৃষ্টিনন্দন ভলিতে দলের চতুর্থ গোলটি করেন ইয়ান দিওমান্দে। তাতেই ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

    এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে জয়ের রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, দুই ম্যাচে ১০ গোল হজম করে তালিকার ২৯ নম্বরে নেমে গেছে লাইপজিগ।

    চ্যাম্পিয়নস লিগের এই জয়ের পর এবার রিয়ালের নজর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার দিকে। আগামী রোববার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই স্প্যানিশ পরাশক্তি।

  • মেসির সঙ্গে তু্লনা; থামালেন পিএসজি কোচ, যা বললেন ইয়ামালকে নিয়ে

    মেসির সঙ্গে তু্লনা; থামালেন পিএসজি কোচ, যা বললেন ইয়ামালকে নিয়ে

    পিএসজির কোচ লুইস এনরিকে একটি বিষয়ে পরিষ্কার কথা বলেছেন। তিনি লামিন ইয়ামালকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করতে রাজি নন। বার্সেলোনার এই ১৮ বছর বয়সী তারকাকে নিয়ে এই তুলনা এখন প্রায় রোজই শোনা যায়।

    ১৯ বছর বয়স মাত্র। এই বয়সেই লামিন ইয়ামাল ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট। বার্সেলোনায় খেলছেন, তার পছন্দের জায়গা রাইট উইংয়ে, বাম পায়ের খেলোয়াড়… এমন সব সাদৃশ্যের কারণে তার সঙ্গে তুলনা চলছে লিওনেল মেসিরও। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে এই বিষয়টি নিয়ে প্রশ্ন ধেয়ে গেছে পিএসজির কোচ লুইস এনরিকের কাছেও। সে বিষয়ে তিনি তার অভিমত দিয়েছেন।

    এনরিকে নিজে বার্সেলোনায় মেসির কোচ ছিলেন। তার অধীনে দল ট্রেবল জিতেছিল। তখন মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ মিলে দারুণ আক্রমণভাগ গড়েছিলেন।

    এই মৌসুমেও ইয়ামাল ভালো খেলছেন। গত মৌসুমের ভালো ফর্মটা তিনি ধরে রেখেছেন এবারও। ১১ ম্যাচে তিনি ৯টি গোল করেছেন। গোল করিয়েছেন আরও ১০টি। বুধবার রাতে তার দল বার্সেলোনা মুখোমুখি হবে পিএসজির। সেই ম্যাচেও তিনি বার্সেলোনার মূল ভরসা হবেন বলে ধরা হচ্ছে।

    এনরিকে মনে করেন, ইয়ামালের উচিত নিজের পরিচয় গড়া। মেসির ছায়ায় থাকা তার জন্য ঠিক নয়। এই কোচ তরুণ খেলোয়াড়ের উন্নতির প্রশংসা করেছেন। কিন্তু মেসিকে তিনি সর্বকালের সেরা মানেন। তাই অন্য কারও সঙ্গে তার তুলনা অন্যায়, এমনটাই এনরিকের মত।

    সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমার মনে হয় লামিন একটা কাজ খুব ভালো করছে। সে লামিন ইয়ামালই হতে চায়। সে খেলার নানা দিকে উন্নতি করছে। সর্বকালের সেরা খেলোয়াড় মেসির সঙ্গে অন্য কাউকে তুলনা করলে কেউই জিতবে না।’

    তিনি আরও বলেন, ‘লামিন নিজের সেরা রূপটা হতে চায়। অন্যের সঙ্গে নিজেকে না মেলানোই ভালো। সে খুব বুদ্ধিমান।’ নিজের পুরনো ক্লাব বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে তিনি এসব কথা বলেন।

    এনরিকে মানেন, ইয়ামাল পিএসজির জন্য বড় হুমকি। তার মতে, ইয়ামালকে থামানোর সেরা পথ হলো বার্সেলোনার হাতে বল কম দেওয়া। হ্যান্সি ফ্লিকের দলের বিপক্ষে এটা করা কঠিন, তা তিনি স্বীকার করেছেন। তাই তিনি নিজের খেলোয়াড়দের বলেছেন, নিজেদের শক্তির ওপর ভরসা রাখতে। সবাইকে একসঙ্গে খেলতে হবে।

    তিনি বলেন, ‘খুব সহজ। ওকে বল পেতে দেওয়া যাবে না। কারণ বল পেলেই বিপদ। লামিনকে আটকানোর সেরা উপায় হলো বার্সেলোনাকে বলই না পেতে দেওয়া। আমাদের জন্য এটাই আদর্শ অবস্থা। কিন্তু তা হবে না। কারণ বার্সেলোনার বিপক্ষে খেলা কতটা কঠিন, আমরা জানি।’

    ৫৬ বছর বয়সী এই কোচ আরেকটি কথাও বলেছেন। শুধু ইয়ামালকে নিয়ে ভাবলে পিএসজির চলবে না। কারণ বার্সেলোনার পুরো দলেই মান আছে। তাই পিএসজিকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে রক্ষণ সামলাতে হবে।

    শেষে তিনি বলেন, ‘আমরা জানি ওদের দলে অসাধারণ মানের খেলোয়াড় আছে। শুধু লামিন নয়। রাফিনিয়া, পেদ্রি, কুবার্সি, হোয়ান গার্সিয়া… অনেকেই আছে। আমরা মনোযোগী ও সতর্ক থাকব। ওকে আমাদের দল হিসেবেই হারাতে হবে।’

  • বড় জয় পেল সিটি, ২ বছর পর ফোডেনের হ্যাটট্রিক

    বড় জয় পেল সিটি, ২ বছর পর ফোডেনের হ্যাটট্রিক

    চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঙ্গলবার রাতে এইকে এথেন্সকে ৫-১ গোলে হারিয়েছে তারা। জয়ের নায়ক ফিল ফোডেন। তিনি একাই করেছেন তিনটি গোল।

    গত দুই মৌসুম ভালো কাটেনি ফোডেনের। ২৬ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার নিজেই মানসিক সমস্যার কথা স্বীকার করেছেন। এই বছরের শুরুতে বিশ্বকাপের দল থেকেও তিনি বাদ পড়েন। শনিবার ইপসউইচের বিপক্ষে গোল করার আগে প্রায় ১০ মাস তিনি কোনো গোল পাননি। চ্যাম্পিয়ন্স লিগেও ২০২৫ সালের নভেম্বরের পর তার গোল ছিল না। তাই এই রাত তার জন্য বড় স্বস্তির।

    খেলার ১২ মিনিটেই সিটি এগিয়ে যায়। এনজো ফার্নান্দেজের ফ্রি কিক বারে লেগে ফিরে আসে, এলিয়ট অ্যান্ডারসন সুযোগ নিয়ে ১০ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠান। নটিংহাম ফরেস্ট থেকে এসে এটিই তার সিটির হয়ে প্রথম গোল।

    ৩৪ মিনিটে ফোডেন ব্যবধান দ্বিগুণ করেন। রিকো লুইসের সঙ্গে দ্রুত পাস খেলে তিনি এইকের রক্ষণ ভেঙে দেন। এরপর দুরূহ কোণ থেকে বল জালের ছাদে পাঠান।

    বিরতির পর সিটি মনোযোগ হারায়। ৫২ মিনিটে স্তাভরোস পিলিওস এইকের হয়ে এক গোল শোধ করেন। এটাই ছিল তাদের প্রথম লক্ষ্যে নেওয়া শট। তবে ৫৭ মিনিটে সিটি আবার দুই গোলে এগিয়ে যায়। ফোডেন প্রতিপক্ষ বিপদসীমার কাছে বল বাড়ান। রায়ান শেরকি ঘুরে গিয়ে দারুণ এক শটে গোল করেন।

    ৬৫ মিনিটে রিকো লুইসের পাস থেকে বল পেয়ে ফোডেন ১৮ গজ দূর থেকে গোল করে বসেন। ৭৬ মিনিটে রায়ান মাকাইদুর ক্রস থেকে তিনি বল জালে ঠেলে দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন। দুই বছর পর প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি।

    লিগ পর্বে এটি সিটির দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা পোর্তোকে হারায়। গত সপ্তাহে শিরোপাধারী প্যারিস সাঁ-জার্মেইনের কাছে হেরে যায়। চলতি মৌসুমে ১১ ম্যাচের ১০টিতেই তারা জিতেছে।

  • চ্যাম্পিয়ন্স লিগে হেরেও নতুন রেকর্ড বার্সেলোনার

    চ্যাম্পিয়ন্স লিগে হেরেও নতুন রেকর্ড বার্সেলোনার

    চ্যাম্পিয়নস লিগে পরাজয়ের পরও নতুন রেকর্ড গড়েছে লা-লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত রাতে প্যারিসের পার্ক দ্যে প্রাঁসে বার্সেলোনা হেরেছে পিএসজির কাছে। ম্যাচের ফল ৪-২।

    এই হারের মধ্যেই বার্সা একটি রেকর্ড গড়ে ফেলেছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা এর আগে কেউ করতে পারেনি।

    এই মৌসুমে প্রথমবার কোনো প্রতিযোগিতায় হারল কোচ হান্সি ফ্লিকের দল। অথচ দ্বিতীয়ার্ধে তারা দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল। প্রথমে এগিয়ে যায় পিএসজি। গোল করেন দেজিরে দুয়ে। পরে লুকাস এরনান্দেজ আবার তাদের এগিয়ে দেন। দুবারই সমতা ফেরায় বার্সা। প্রথম সমতার গোলটি করেন শাভি এসপার্ত। এই মৌসুমে তিনি নিয়মিত মূল দলে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় গোলটি করেন লামিন ইয়ামাল। তখন ম্যাচ ২-২ হয়ে যায়।

    কিন্তু শেষ দিকে খেলা ঘুরে যায়। নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে গোল করেন ভিতিনহা ও ফাবিয়ান রুইস। এই দুই গোলেই জয় নিশ্চিত হয় লুইস এনরিকের দলের। ম্যাচটি ছিল বেশ কঠিন লড়াই।

    বার্সার হার হয়েছে ঠিকই। তবে ফ্লিকের একাদশ বাছাইয়ের কারণে ক্লাবটির নামে একটি অসাধারণ রেকর্ড বসেছে। পরিসংখ্যান সংস্থা অপটাজো’র তথ্য অনুযায়ী, বার্সাই এখন প্রথম ও একমাত্র ক্লাব, যারা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারীর বিপক্ষে শুরুর একাদশে চারজন কিশোর খেলোয়াড় নামিয়েছে।

    এসপার্ত ও ইয়ামাল ছাড়াও একাদশে ছিলেন পাউ কুবার্সি ও মার্ক বের্নাল। জার্মান কোচ চারজনকেই শুরু থেকে নামান। দ্বিতীয়ার্ধে বের্নাল ও এসপার্তকে তুলে নেওয়া হয়।

    চাইলে আরও দুই কিশোরকে নামাতে পারতেন ফ্লিক। বেঞ্চে ছিলেন ১৮ বছর বয়সী ডিফেন্ডার আলেক্স কাম্পোস ও স্ট্রাইকার হামজা আবদেলকারিম। কিন্তু দুজনের কেউই মাঠে নামেননি। মিশরের জাতীয় দলের খেলোয়াড় আবদেলকারিম এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে দুটি ম্যাচ খেলেছেন। স্পেনের যুব দলের খেলোয়াড় কাম্পোস এখনো অভিষিক্তই হননি। এই মৌসুমে তিনি বার্সেলোনা বি দলের হয়ে উয়েফা ইউথ লিগে খেলছেন।