দাঁত হারানোর সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়া এবং ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকির সম্পর্ক রয়েছে বলে উঠে এসেছে এক গবেষণায়। গবেষকদের দাবি, মুখে দাঁতের সংখ্যা যত কমতে থাকে, স্মৃতিভ্রংশের ঝুঁকিও তত বাড়তে পারে। দাঁত ও মাড়ির সুস্থতা শুধু খাবার চিবানোর জন্য নয়, মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্যও গুরুত্বপূর্ণ।
আমেরিকান মেডিক্যাল ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের প্রকাশিত একটি জার্নালে এ বিষয়ে গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দাঁতের রোগে আক্রান্ত এবং যাদের দাঁত ক্রমাগত পড়ে যাচ্ছে, তাদের ভবিষ্যতে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলক বেশি।
২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬০ বছর বা তার বেশি বয়সী প্রায় ৪৮ হাজার মানুষের ওপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত ৯ হাজার মানুষ স্মৃতিভ্রংশজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। জাপানের তোহোকু ইউনিভার্সিটিও এ গবেষণার সঙ্গে যুক্ত ছিল।
গবেষণার তথ্য অনুযায়ী, যাদের দাঁতের সংখ্যা ১০ থেকে ১৯টি, তাদের স্মৃতিভ্রংশের ঝুঁকি ১৪ শতাংশ বেশি। যাদের দাঁত রয়েছে মাত্র ১ থেকে ৯টি, তাদের ক্ষেত্রে এ ঝুঁকি ২৭ শতাংশের বেশি। আর যাদের মুখে একটিও দাঁত অবশিষ্ট নেই, তাদের ক্ষেত্রেও স্মৃতিভ্রংশের ঝুঁকি বেশি বলে গবেষণায় উঠে এসেছে।
গবেষকদের মতে, দাঁত, মাড়ি ও মুখগহ্বরের সঙ্গে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। খাবার চিবানোর সময় দাঁত, মাড়ি ও চোয়ালের পেশি থেকে সৃষ্ট সংকেত ট্রাইজেমিনাল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসে পৌঁছায়। মস্তিষ্কের এই অংশ স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দাঁত কমে গেলে চিবানোর সময় স্নায়ুর উদ্দীপনাও কমে যেতে পারে। এতে হিপ্পোক্যাম্পাস ও এর আশপাশের মস্তিষ্কের কার্যক্রম প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি দাঁত না থাকা বা চিবানোর ক্ষমতা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহেও প্রভাব পড়তে পারে বলে গবেষকেরা মনে করছেন। এ কারণে দাঁত ও মাড়ির যত্ন নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। যাদের মাড়িতে বারবার ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, মাড়ি থেকে রক্ত পড়ে কিংবা জিঞ্জিভাইটিসের সমস্যা রয়েছে, তাদের দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। দাঁতে কোনো সমস্যা না থাকলেও বছরে অন্তত দুবার দন্ত চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার
