রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে চিকিৎসকেরা বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা কমিশন পান। পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন হিসেবে দেওয়া হয় চিকিৎসকদের। একই সঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ও রোগীদের হয়রানির ভয়াবহ চিত্র উঠে এসেছে এক গবেষণায়।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসকদের কমিশন বাবদ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার লেনদেন হতে পারে। তবে এ হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়মের আরও কয়েকটি উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি।
এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। কোনো কোনো সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজিরও রয়েছে।
১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটিতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। এটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব, অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা দায়ী। তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা ও অনিয়মকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও দুর্নীতিকে উৎসাহিত করছে।
তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সততা ও নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়াই সমস্যার একমাত্র সমাধান নয়। স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে। আর্থিক অনিয়ম ও দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অন্তর্ভুক্ত।
হাসপাতালে রোগীদের হয়রানি
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হওয়ার তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো।গবেষণায় এমন একটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে অস্ত্রোপচারের তারিখ নির্ধারণের আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। পরে ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়।
নিয়োগ-বদলিতে রাজনৈতিক প্রভাব
স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতাও চিহ্নিত করেছে গবেষণা দল। এ ক্ষেত্রে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিশ্চিত করার পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে এই সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি হয়নি। সংস্কারের সুপারিশ
স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম কমাতে বেশ কয়েকটি কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে।
ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে। পাশাপাশি চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কথা বলা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালু, প্রত্যন্ত অঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রণোদনা এবং সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশের সুপারিশ করেছে সংস্থাটি।
এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়া এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের নিয়োগের সুযোগ বন্ধ এবং এসব প্রতিষ্ঠানে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাবও রয়েছে।
