জাতীয়

  • আমার দেশ-এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপে জামায়াতের উদ্বেগ ও নিন্দা

    আমার দেশ-এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপে জামায়াতের উদ্বেগ ও নিন্দা

    রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ এবং এ ঘটনায় দুইজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    সোমবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই উদ্বেগের কথা জানান।

    বিবৃতিতে তিনি বলেন, দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। গণমাধ্যমের কার্যালয় ও সংবাদপত্রের ছাপাখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সহিংস হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হওয়ার ঘটনায় আমি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

    তিনি আরো বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গণমাধ্যমের ওপর ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা সহিংসতার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে দৈনিক আমার দেশ-এর প্রেসসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

    উল্লেখ্য, রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে আমার দেশ-এর প্রেসের সামনে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। লালটেপ মোড়ানো আরেকটি অবিস্ফোরিত অবস্থায় সেখানে পড়ে ছিল। ককটেলের বিকট শব্দে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে। পরে সেখানে লোকজন জড়ো হয়।

    খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সদস্যরা উপস্থিত হয়। পরে পুলিশ দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় রেকি করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

  • রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক

    রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক

    রাজধানীর রাজপথ দখল করে কোথাও হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তবে নিয়ম মেনে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ফুটপাত পরিষ্কার রাখার দায়িত্বও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিতে হবে বলে উল্লেখ করেন প্রশাসক। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

    আব্দুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানে কাজ চলছে। অন্যদিকে, নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষ সেখানে চলাচলে ভোগান্তিতে পড়ছেন। এ কারণে অনেকেই ওই এলাকায় যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। পরিস্থিতি পরিবর্তনে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    তিনি বলেন, রাজপথে কোথাও হকার বসতে পারবেন না। নির্ধারিত নিয়ম সবাইকে মেনে চলতে হবে। তবে নিয়ম-নীতির আওতায় ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হলে সংশ্লিষ্টদের সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন তিনি।

    নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব সিটি করপোরেশনের উল্লেখ করে প্রশাসক বলেন, নগরবাসীর চাহিদা অনুযায়ী সেবা দেওয়া তাদের দায়িত্ব। দায়িত্ব পালনে কোনো অবহেলা বা সমস্যা থাকলে তা জানাতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

    একই অনুষ্ঠানে রাজধানীর সার্বিক উন্নয়ন, নাগরিক স্বস্তি ও নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

    তিনি বলেন, সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।

    মন্ত্রী আরও বলেন, কোন এলাকার সড়ক বেশি গুরুত্বপূর্ণ বা কোথায় উন্নয়ন প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ব্যক্তি বা এলাকার পরিচয় নয়, বরং প্রয়োজন ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

    বিভিন্ন ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করা হয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সিটি করপোরেশন সমস্যা সমাধানে কাজ করছে, তবে তা এখনো পর্যাপ্ত নয়। কাজের গতি ও পরিধি বাড়ানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা কর্তৃপক্ষ অবগত রয়েছে।

    রাজধানীকে আরও বাসযোগ্য করে তুলতে সব শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

  • জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

    জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

    ঢাকা মহানগর দায়রা জজ আদালত সোমবার শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করেন।

    এর আগে ৪ অক্টোবর একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল। এক দিনের রিমান্ড শেষে সেদিন তাকে আদালতে হাজির করা হলে আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    গত ২ অক্টোবর শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।গ্রেফতারের পর মামলার তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান।

    এজাহারে আরও বলা হয়েছে, ওই সময় যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয় এবং দীর্ঘ লাইন তৈরি হয়। এ পরিস্থিতিতে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। অন্যদিকে লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরাপত্তা জোরদার

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরাপত্তা জোরদার

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ইতোমধ্যে নির্বাচনি এলাকায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    সোমবার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

    নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির বিষয়ে জানানো হয়, সাধারণ টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও প্রবেশদ্বারে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। এছাড়া নির্বাচনকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াড।

    প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    তফশিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ও বিজিবির এ ব্যাপক প্রস্তুতির ফলে ভোটাররা একটি নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

  • বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো

    বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো

    বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরে জাপানের জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, বাংলাদেশে অনুকূল পরিবেশ থাকায় জাপানি কোম্পানিগুলো সেখানে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো।

    সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি তারো আসো প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

    সাক্ষাৎকালে তারো আসো বাংলাদেশ-জাপান সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। দেশটিতে বর্তমানে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের চমৎকার পরিবেশ সৃষ্টি করেছে। এই ইতিবাচক পরিস্থিতিতে জাপানি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।

    এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তার সরকার ইতোমধ্যে নানামুখী বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি সংস্কারও আনা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন অগ্রাধিকার খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয় তিনি বৈঠকে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ইপিএ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও উন্নত প্রযুক্তি হস্তান্তরের সুযোগ প্রসারিত হবে। পাশাপাশি দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন তিনি।

    বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তারো আসোর দীর্ঘদিনের ব্যক্তিগত ভূমিকা ও অবদানের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

    ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরকালে তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিপরীতে তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তার অতীত সাক্ষাতের কথা স্মরণ করেন।

    প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো সবসময়ই দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রেখেছেন।

    সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (পিপল-টু-পিপল কনট্যাক্ট) বাড়ানোর ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন।

    উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারীসহ প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    অন্যদিকে জাপানের প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ দেশটির জাতীয় সংসদের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা।

  • সরকারি এলপিজি নিয়ে সিন্ডিকেটের অভিযোগ, তদন্ত চান হামিদুর রহমান আযাদ

    সরকারি এলপিজি নিয়ে সিন্ডিকেটের অভিযোগ, তদন্ত চান হামিদুর রহমান আযাদ

    সরকারি ভর্তুকির ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ৭৭৭ টাকা। অথচ সাধারণ মানুষ এই দামে সিলিন্ডার পাচ্ছেন না কেন— সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। সরকারি এলপিজি বিতরণব্যবস্থায় অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

    সোমবার সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

    পোস্টে হামিদুর রহমান আযাদ উল্লেখ করেন, ১২ কেজি সরকারি এলপিজি সিলিন্ডারের দাম ৭৭৭ টাকা। অন্যদিকে বেসরকারি কোম্পানির ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারনির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। দুই ধরনের সিলিন্ডারের দামে বড় ব্যবধান থাকলেও সরকারি ভর্তুকির সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

    তার পোস্টে বলা হয়, প্রতি বছর বাজারে ১৮ থেকে ২০ লাখ সরকারি এলপিজি সিলিন্ডার ছাড়া হয়। অভিযোগ রয়েছে, এসব সিলিন্ডারের বড় একটি অংশ নির্ধারিত গ্রাহকদের কাছে না পৌঁছে কথিত ‘কাগুজে ডিলার’ ও সিন্ডিকেটের মাধ্যমে বেসরকারি কোম্পানির গুদামে চলে যায়। পরে সেগুলো আবার রিফিল করে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়।

    এভাবে প্রতি বছর সরকারের অন্তত ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও তুলে ধরেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জামায়াতের এই নেতা।

    হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের অর্থে ভর্তুকি দেওয়া হলেও সেই সুবিধা সাধারণ মানুষের কাছে না পৌঁছে কোনো অসাধু চক্রের মুনাফার উৎসে পরিণত হওয়া গ্রহণযোগ্য নয়। সরকারি ভর্তুকির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের ব্যয় কমানো। তাই প্রকৃত উপকারভোগীদের কাছে এই সুবিধা পৌঁছানো নিশ্চিত করতে হবে।

    তিনি সরকারি এলপিজি বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা এবং ভর্তুকিমূল্যের সিলিন্ডার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

    পোস্টে তিনি বলেন, ‘ভর্তুকি জনগণের অধিকার—সিন্ডিকেটের মুনাফা নয়। ’

  • পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরানো জাবি অধ্যাপক

    পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরানো জাবি অধ্যাপক

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

    সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন।

    এর আগে, ২০২৪ সালের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। তখন তিনি জাবির বাংলা বিভাগের সভাপতি ছিলেন। পরে তার কার্যালয়ে বসা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ছবিতে তার পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও শেখ হাসিনার ছবি ছিল না।

  • সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার : আইজিপি

    সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার : আইজিপি

    সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

    সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।

    আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

    এদিকে, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।

    এছাড়া গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান আইজিপি।

  • সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার ভারতে আঘাত হানতে পারে

    সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার ভারতে আঘাত হানতে পারে

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। এ জন্য চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৬-এ তথ্য জানানো হয়েছে।

    ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

    সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ২৮ অক্টোবর অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলেও বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। এ জন্য চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৬-এ তথ্য জানানো হয়েছে।

    ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

    সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ২৮ অক্টোবর অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলেও বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

  • ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিয়ে জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন

    ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিয়ে জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন

    কেক কেটে আনন্দ উৎসব নয় বরং শিক্ষার্থীদের হাতে উপহার এবং অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবার মতো ব্যতিক্রমী উদ্যোগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

    রোববার বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ ছাড়াও ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে দেওয়া হয় ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সংবলিত বিশেষ মগ।

    শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে নেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য—নারীশিক্ষার প্রসার ঘটানো, ছাত্রীদের যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় তাদের উৎসাহিত করা। আয়োজকদের প্রত্যাশা, বাইসাইকেল পাওয়ার ফলে শিক্ষার্থীদের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং বিদ্যালয়ে তাদের নিয়মিত উপস্থিতি বাড়াতে এটি সহায়ক ভূমিকা পালন করবে।

    একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এই কর্মসূচির আওতায় প্রায় চার হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর আগে প্রথম দিনে মোকামতলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা প্রদান করা হয়।

    বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলেও তিনি ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন নানা মানবিক কর্মসূচির মাধ্যমে পালন করেছেন। সে সময় দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ এবং চিকিৎসাসেবা ও চক্ষুশিবিরের মতো উদ্যোগ নেওয়া হয়েছিল। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এই উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে। নারীশিক্ষার সার্বিক উন্নয়নই এসব কর্মসূচির মূল লক্ষ্য।

    শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েরা যেন নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং নারীশিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়াতেই এই আয়োজনের সার্থকতা।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান শাহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী মীর লাবণী আক্তার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম এবং প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাত প্রমুখ।