চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় চোর সন্দেহে চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে তালা, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার পাশাপোল বাজার থেকে দশপাখিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আলালের ছেলে হাসান (২৮), সাহ প্রতাপ গ্রামের হানিফের ছেলে লিমন (২৭), আলোক বালী গ্রামের কামালের ছেলে হৃদয় (২৫) এবং কাউনিয়া পাড়া গ্রামের ফরিদের ছেলে সাগর (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চারজন একটি পিকআপ ভ্যানে চৌগাছার পাশাপোল বাজার থেকে দশপাখিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে ইজিবাইকচালক করিম তাদের থামার সংকেত দেন। তবে তারা সংকেত উপেক্ষা করে দ্রুত চলে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে করিম মোবাইল ফোনে দশপাখিয়া গ্রামের শওকতকে জানান। পরে শওকত স্থানীয়দের বিষয়টি জানালে গ্রামবাসী সড়কে গাছ ফেলে পিকআপটির গতিরোধ করেন। এ সময় পিকআপে থাকা চারজনকে আটক করা হয়।
খবর পেয়ে দশপাখিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছেন, আটক ব্যক্তিরা গভির রাতে এ এলাকায় কি করছিল সঠিক তথ্য দিতে না পারায় চোর সন্দেহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার এ এস আই সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
