এ আই

  • এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

    এআই নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এখন থেকে এআই মডেল নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা সাইবার নিরাপত্তাসংক্রান্ত কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সরকারকে জানাতে হবে। পাশাপাশি মূল্যায়নের জন্য নিজেদের এআই মডেল উন্মুক্ত করতে হবে। ওপেনএআই পরিচালিত এআই মডেলের মাধ্যমে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যতথ্য ব্যবস্থায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

    মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় গঠিত একটি বিশেষ তদন্ত কমিটির সব সুপারিশ গ্রহণ করেছে তার সরকার। এসব সুপারিশের মধ্যে রয়েছে, এআইয়ের আচরণ নির্মাতাদের নির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হলে বা সাইবার হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে সরকারকে জানাতে হবে। গুরুতর অসদাচরণের ক্ষেত্রে ফৌজদারি আইন সংস্কারের বিষয়টিও বিবেচনা করা হবে।

    আলবানিজ বলেন, ‘এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম উদ্যোগ নিয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, এআইয়ের সম্ভাব্য সুবিধাগুলো কাজে লাগানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

    গত জুনে ওপেনএআই পরিচালিত এআই মডেল ব্যবহার করে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যতথ্য ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে। এআই মডেলগুলো দেশটির ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় সরকারি তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

    এ ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সম্পর্কে সরকারকে জানাতে ওপেনএআই অনেক দেরি করেছে। পরে এ ঘটনার পাশাপাশি সরকারকে জানাতে দেরি করার জন্যও দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

    এআই নিয়ন্ত্রকের দায়িত্ব

    নতুন নিয়ম বাস্তবায়নে অস্ট্রেলিয়ায় একটি এআই নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে। এ সংস্থা এআই ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে ব্যবহারের বিভিন্ন পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। পাশাপাশি বড় ধরনের ঝুঁকি চিহ্নিত ও নিয়ন্ত্রণ এবং এআই মডেলের স্বাধীন মূল্যায়নের দায়িত্ব পালন করবে।

    নতুন এআই মানদণ্ডে এআইয়ের এমন আচরণের বিষয়েও দ্রুত সরকারকে জানানোর বাধ্যবাধকতা থাকবে, যা এর নির্মাতাদের নির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণকে ‘মিসঅ্যালাইন্ড বিহেভিয়ার’ বলা হয়।

    অস্ট্রেলিয়ার সরকারি নথিতে ‘ফ্রন্টিয়ার এআই’ বলতে বর্তমান প্রযুক্তিগত সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকা সবচেয়ে উন্নত এআই মডেলগুলোকে বোঝানো হয়েছে।

    এআই নিয়ে বাড়ছে উদ্বেগ

    এআইয়ের ঝুঁকি নিয়ে সম্প্রতি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও উদ্বেগ বেড়েছে। এসব প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা সতর্ক করেছেন, একপর্যায়ে মানুষ এআই ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে। এ কারণে নিরাপদভাবে নিয়ন্ত্রণ ও তদারকির ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত এআইয়ের উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন তারা।

    চলতি বছরের শুরুতে এআই নিরাপত্তা নিয়ে কাজ করা অ্যানথ্রপিকের গবেষক ইভান হুবারিং আরো গুরুতর আশঙ্কার কথা জানান। তার মতে, আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার আশঙ্কা ১০ শতাংশের বেশি।

    অস্ট্রেলিয়ায় নতুন এআই নিয়ন্ত্রক সংস্থা গঠনের উদ্যোগ দেশটির অনলাইন নিরাপত্তা তদারকির আগের পদক্ষেপের ধারাবাহিকতা। ২০১৫ সালে দেশটি ‘ই-সেফটি কমিশনার’ নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটি নিজেদের বিশ্বের প্রথম সরকারি সংস্থা হিসেবে বর্ণনা করে, যার মূল দায়িত্ব অনলাইনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।গত বছরের ডিসেম্বর থেকে এই কমিশনারের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করছে। এর আওতায় অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সি শিশু-কিশোরদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করা হয়েছে।

  • এআই ছবি চেনার ৬ উপায়, ডিটেক্টর দিয়ে কীভাবে শনাক্ত করবেন

    এআই ছবি চেনার ৬ উপায়, ডিটেক্টর দিয়ে কীভাবে শনাক্ত করবেন

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি এখন সর্বত্র। সামাজিক যোগাযোগমাধ্যম, গুগল ইমেজ সার্চ, পিন্টারেস্ট থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপনেও নিয়মিত দেখা যাচ্ছে এ ধরনের ছবি। এতটাই বেড়েছে এর ব্যবহার যে, এআই দিয়ে তৈরি নিম্নমানের বা অতিরিক্ত কনটেন্ট বোঝাতে ‘এআই স্লপ’ শব্দটিও জনপ্রিয় হয়ে উঠেছে।

    এআই প্রযুক্তি যত উন্নত হচ্ছে, বাস্তব ছবি ও কৃত্রিমভাবে তৈরি ছবির পার্থক্য করাও তত কঠিন হয়ে পড়ছে। আধুনিক ইমেজ জেনারেটরগুলো এখন কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় বাস্তবের মতো ছবি তৈরি করতে পারে। তাই অনলাইনে কোনো ছবি দেখলেই সেটিকে সত্যি ধরে নেয়ার আগে কিছু বিষয় খেয়াল করা জরুরি।

    এআই-তৈরি ছবি শনাক্ত করার ছয়টি সাধারণ লক্ষণ—

    ১. ছবির লেখাগুলো অস্বাভাবিক বা এলোমেলো
    এটি এআই ছবি শনাক্ত করার সবচেয়ে পুরোনো এবং সহজ উপায়গুলোর একটি। পোস্টার, বইয়ের প্রচ্ছদ, টি-শার্ট, সাইনবোর্ড কিংবা কোনো বিজ্ঞাপনের ছবিতে লেখা থাকলে সেটি ভালোভাবে লক্ষ্য করুন। লেখাগুলো যদি বাঁকা, বিকৃত, অসম্পূর্ণ কিংবা অর্থহীন হয়, তাহলে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    বর্তমানের এআই মডেলগুলো আগের তুলনায় অনেক ভালোভাবে লেখা তৈরি করতে পারে। তারপরও ছোটখাটো ভুল থেকে যেতে পারে। তাই কোনো ছবিকে সন্দেহ হলে সেটির লেখাগুলো জুম করে দেখা কার্যকর একটি পদ্ধতি। ২. অতিরিক্ত আঙুল বা অস্বাভাবিক শরীরের গঠন
    এআই মডেলগুলো দীর্ঘদিন ধরেই মানুষের হাত ও আঙুল তৈরি করতে সমস্যায় পড়েছে। যদিও প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, তবুও কোথাও কোথাও অতিরিক্ত আঙুল, জোড়া লেগে থাকা আঙুল, অস্বাভাবিক গাঁট কিংবা বিকৃত নখ দেখা যেতে পারে।

    শুধু হাত নয়, শরীরের অন্যান্য অংশও পরীক্ষা করুন। হাতের কবজি, কনুই, ঘাড়, পা কিংবা শরীরের অনুপাত অস্বাভাবিক কি না দেখুন। মুখের দিকেও নজর দেওয়া দরকার। চোখের মণি সঠিক জায়গায় আছে কি না, নাকের গঠন স্বাভাবিক কি না কিংবা দাঁতের বিন্যাসে অস্বাভাবিকতা রয়েছে কি না; এসবও এআই ছবির ইঙ্গিত হতে পারে। ৩. অতিরিক্ত নিখুঁত, অথচ অস্বাভাবিক চেহারা
    কখনো কোনো ছবি এতটাই বাস্তবসম্মত হয় যে সেটিকে কৃত্রিম বলে মনে হয় না। কিন্তু ভালো করে তাকালে বোঝা যায়, ছবির মানুষটির চেহারায় কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে। চোখ হতে পারে অতিরিক্ত চকচকে বা প্রাণহীন। ত্বক হতে পারে অস্বাভাবিকভাবে মসৃণ, যেন কোনো প্লাস্টিকের পৃষ্ঠ। চুল হতে পারে অতিরিক্ত নিখুঁত। দাঁত পরস্পরের সঙ্গে অস্বাভাবিকভাবে মিশে থাকতে পারে।

    অর্থাৎ, ছবিতে সবকিছু ঠিকঠাক মনে হলেও মানুষের চেহারায় যদি এক ধরনের ‘অস্বাভাবিক নিখুঁত’ ভাব থাকে, তাহলে সেটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা বিবেচনা করুন। ৪. হঠাৎ করেই সবকিছু অতিরিক্ত নিখুঁত
    ব্যবসা প্রতিষ্ঠান বা রেস্তোরাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও এখন এআই-তৈরি ছবি দেখা যাচ্ছে। কোনো খাবারের ছবি যদি অস্বাভাবিকভাবে নিখুঁত দেখায়, মাংসের ওপর আলো ঠিকঠাক পড়ছে, খাবারের কোনো অংশে তেল বা দাগ নেই, খাবারের আকার-আকৃতি অবিশ্বাস্য রকম নিখুঁত; তাহলেও সন্দেহ করা যেতে পারে।

    বাস্তব খাবারের ছবিতে সাধারণত কিছুটা অসম্পূর্ণতা থাকে। আলো, ছায়া, খাবারের ছড়িয়ে পড়া অংশ কিংবা প্যাকেটের দাগ; এসব স্বাভাবিক। এআই-তৈরি ছবিতে এগুলো অনেক সময় অস্বাভাবিকভাবে নিখুঁত থাকে। একইভাবে কোনো প্রতিষ্ঠানের লোগো বা বিজ্ঞাপনে হঠাৎ অত্যন্ত নিখুঁত ইলাস্ট্রেশন দেখা গেলেও সেটি এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করা যেতে পারে। ৫. ছবিতে অস্বাভাবিক বিশৃঙ্খলা
    এআই ছবির আরেকটি লক্ষণ হতে পারে ছবিতে অতিরিক্ত কিছু থাকা। অস্বাভাবিকভাবে বারবার ব্যবহৃত হয়েছে এমন নকশা, অতিরিক্ত বিস্তারিত ব্যাকগ্রাউন্ড, অসম্ভব কোণে পড়া ছায়া, বাস্তবতার সঙ্গে না মেলা প্রতিফলন কিংবা অস্বাভাবিক আলো; এসব ভালোভাবে খেয়াল করুন।

    কখনো পুরো ছবিটিই এমন মনে হতে পারে, যেন একসঙ্গে অনেক বেশি কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। অতিরিক্ত নাটকীয় আলো, অস্বাভাবিক উজ্জ্বলতা এবং অপ্রয়োজনীয় ভিজ্যুয়াল উপাদান ছবিটিকে কৃত্রিম করে তুলতে পারে। ৬. অতিরিক্ত মসৃণতা ও ডিটেইলস হারিয়ে যাওয়া
    অতিরিক্ত নিখুঁত বা বিস্তারিত ছবি যেমন সন্দেহের কারণ হতে পারে, তেমনি উল্টোভাবে কোনো ছবিতে প্রয়োজনীয় সূক্ষ্ম বিবরণ না থাকাও এআই ব্যবহারের ইঙ্গিত হতে পারে। বিশেষ করে পুরোনো ছবি ‘রঙিন’ বা নতুন করে তৈরির ক্ষেত্রে বিষয়টি দেখা যায়। এআই ব্যবহারের ফলে পুরোনো ভবনের ইটের গাঁথুনি, গাছের পাতার আলাদা বৈশিষ্ট্য কিংবা মানুষের পোশাকের সূক্ষ্ম বিবরণ হারিয়ে যেতে পারে।

    ছবিটি তখন বাস্তব আলোকচিত্রের বদলে আঁকা ছবির মতো দেখাতে শুরু করে। অর্থাৎ, ছবির সামগ্রিক কাঠামো ঠিক থাকলেও সূক্ষ্ম বাস্তব বিবরণ হারিয়ে গেলে সেটিও সতর্ক হওয়ার কারণ।বিনামূল্যের এআই ডিটেক্টর ব্যবহার করুন

    চোখে দেখে সন্দেহ করার পাশাপাশি প্রযুক্তির সাহায্যেও ছবি যাচাই করা যায়। গুগলের কিছু বিনামূল্যের টুল এ ক্ষেত্রে কাজে লাগতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে ‘Circle to Search’ ব্যবহার করে কোনো ছবি সম্পর্কে এআই-তৈরি কি না জানতে চাওয়া যায়। গুগল লেন্স-এর ‘About this image’ ফিচার থেকেও ছবির উৎস ও প্রেক্ষাপট সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। গুগলের ‘SynthID’ ওয়াটারমার্ক থাকা ছবির ক্ষেত্রেও এসব টুল কাজে লাগতে পারে। এ ধরনের ওয়াটারমার্ক থাকলে সংশ্লিষ্ট টুল সেটি শনাক্ত করতে পারে।

    এ ছাড়া গুগলের জেমিনি অ্যাপেও ছবি আপলোড করে ছবিটি গুগলের এআই দিয়ে তৈরি হয়েছে কি না জানতে চাওয়া যায়। তবে এসব কোনো পদ্ধতিই শতভাগ নির্ভুল নয়। উন্নত এআই দিয়ে তৈরি ছবি অনেক সময় ডিটেক্টরের চোখ এড়িয়ে যেতে পারে।

    এআই ইমেজ ডিটেক্টর কতটা নির্ভরযোগ্য?এআই ছবি শনাক্ত করার টুল সবসময় সঠিক ফল দেয় না। বিভিন্ন পরীক্ষায় এমন ঘটনাও দেখা গেছে, যেখানে এআই দিয়ে তৈরি ছবিকে বাস্তব ছবি হিসেবে শনাক্ত করেছে ডিটেক্টর। তাই শুধু একটি ডিটেক্টরের ফলাফলের ওপর নির্ভর না করে ছবির ভিজ্যুয়াল বৈশিষ্ট্য, ছবির উৎস এবং এর সঙ্গে থাকা তথ্যও যাচাই করা উচিত। বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ, ব্যক্তি, ঘটনা বা দাবির সঙ্গে ছবি ব্যবহার করা হলে ছবিটির মূল উৎস খুঁজে দেখা সবচেয়ে নিরাপদ পদ্ধতিগুলোর একটি।

  • আগামী বছরের মধ্যেই ‘ভয়ংকর’ হয়ে উঠবে এআই

    আগামী বছরের মধ্যেই ‘ভয়ংকর’ হয়ে উঠবে এআই

    ২০২৭ সালকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অতি-দ্রুত উন্নয়ন এবং একের পর এক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নতুন এক আশঙ্কার জন্ম দিয়েছে। ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত সেফগার্ড ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বিকাশমান ‘সুপারইন্টেলিজেন্ট’ প্রযুক্তি তৈরির অন্ধ প্রতিযোগিতায় নেমেছে শীর্ষ কোম্পানিগুলো, যা পুরো মানবজাতির অস্তিত্বকে এক চরম সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে।

    সোমবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’তে সঞ্চালক জন স্টুয়ার্টের মুখোমুখি হয়ে এবং পরবর্তীতে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের এক নীতিনির্ধারণী শুনানিতে অংশ নিয়ে ২৮ বছর বয়সী এই গবেষক এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিকাশ বন্ধে অবিলম্বে বিশ্বব্যাপী সরকারি হস্তক্ষেপের দাবি জানান।

    টকশোতে কক্সন জানান, ওপেনএআইতে তিন বছর গবেষক হিসেবে কাজ করার পর কৌতূহল থেকে তিনি অ্যানথ্রোপিকে যোগ দিয়েছিলেন। এই সময়ে দুটি বড় ঘটনা তার ভেতরে গভীর আতঙ্কের জন্ম দেয়। প্রথমটি হলো মডেলগুলোর বুদ্ধিমত্তা বৃদ্ধির অবিশ্বাস্য হার এবং দ্বিতীয়টি হলো ওপেনএআই-এর সাম্প্রতিক একটি সাইবার নিরাপত্তা দুর্ঘটনা।

    এআই মডেলগুলোর ‘ক্ষমতা বৃদ্ধির হারের’ আলোকে যেসব এআই মডেল আগামী বছর বা আগামী বছরের শুরুতে প্রশিক্ষিত হবে, সেগুলো কতটা বুদ্ধিমান হবে তার দিকে ইঙ্গিত করে কক্সন বলেন, ‘সেগুলো হতে যাচ্ছে খুব, খুবই বুদ্ধিমান। আর সেটার সঙ্গে ওপেনএআই হ্যাকিংয়ের ঘটনা মিলালে আপনি বিষয়টি বুঝতে পারবেন। এটা বেশ ভয়ংকর।’

    সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে ওপেনএআই-এর অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তা মূল্যায়নের সময় ‘ওপেনএআই হাগিং ফেস’ নামক এক আশঙ্কাজনক ঘটনা ঘটে। কম নিরাপত্তা ব্যবস্থায় অবস্থায় থাকা একাধিক এআই মডেল নিজেদের ইন্টারনেট বিচ্ছিন্ন রাখার নির্ধারিত নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে বাইরে বেরিয়ে আসে। মডেলগুলো কোনো মানুষের নির্দেশ ছাড়াই অননুমোদিত উপায়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ তৈরি করে, সিস্টেমে থাকা দুর্বলতার সুযোগ নেয় এবং নিজেদের গবেষণা পরিবেশের সীমানা পেরিয়ে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসে কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়ে।

    ওপেনএআই ঘটনার সত্যতা স্বীকার করে এই ঘটনাকে সমগ্র এআই শিল্পের জন্য ‘সতর্কবার্তা’ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট সুরক্ষাকবচ না থাকলে এআই মডেলগুলো কতটা স্বয়ংক্রিয়, অধ্যবসায়ী এবং ক্ষতিকর পদক্ষেপ নিতে সক্ষম, তা এই ঘটনা থেকে স্পষ্ট। যদিও ঘটনাটি একটি নিয়ন্ত্রিত পরীক্ষাগারে ঘটেছিল, এর পর থেকে মডেল উন্নয়ন ও ইন্টারনেট সংযোগের ওপর নজরদারি এবং স্যান্ডবক্স পরিবেশ আরও কঠোর করা হয়েছে। এই ঘটনাটির প্রসঙ্গ টেনে কক্সন বলেন, ‘এআই এজেন্টগুলো যেভাবে হ্যাক করার সিদ্ধান্ত নিয়েছিল, তা ছিল অত্যন্ত উদ্বেগজনক।’

    গত ৫ অক্টোবর নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের এক শুনানিতে উপস্থিত হয়ে নীতি নির্ধারকদের সতর্ক করেন কক্সন। শুনানিতে তিনি বলেন, ‘আমরা এখনও জানি না কীভাবে কোনো এআই সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে হয়।’ তিনি স্পষ্ট জানান, সাময়িকভাবে এআই বন্ধ করার ‘কিল সুইচ’ (Kill switch) ব্যবস্থাগুলো দীর্ঘমেয়াদে কোনো সমাধান দেবে না। তাই ফ্রন্টিয়ার এআই মডেল উন্নয়নের গতি কমানো ছাড়া উপায় নেই। সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন হুইসেলব্লোয়ারদের সুরক্ষা প্রদান ও এআই নিয়ন্ত্রণে নতুন আইনি কাঠামো গঠনের প্রস্তাব এনেছেন।

    অন্যদিকে, মার্কিন ফেডারেল পর্যায় ও ওয়াশিংটনে বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ (এসআইএফ) নামে একটি নতুন ফেডারেল টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। আমেরিকার এই বিশেষ টিমে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটন, এফটিসি চেয়ারম্যান অ্যান্ড্রিউ ফার্গুসন এবং ডিফেন্স ডিপার্টমেন্টের টেকনোলজি অফিসার এমিল মাইকেলের মতো শীর্ষ ব্যক্তিরা রয়েছেন—যা জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার বড় পদক্ষেপ।

    দ্য ডেইলি শোতে কক্সন মন্তব্য করেন, ‘ভবিষ্যতে কোনো প্রথাগত চাকরি থাকবে না। এআই প্রস্তুতকারকরা মূলত এমন একটি জগতের কল্পনাই করছেন।’ তিনি ইঙ্গিত দেন, মানুষের সমস্ত দৈহিক ও মানসিক শ্রম যখন স্বয়ংক্রিয় প্রযুক্তির হাতে চলে যাবে, তখন সেই অর্থনৈতিক উৎপাদনের ডিভিডেন্ড বা লভ্যাংশ ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম’-এর মতো কোনো ব্যবস্থার মাধ্যমে মানুষের মধ্যে বণ্টন করা সম্ভব হবে।

  • পরিকল্পনা জানলেও পুলিশকে তথ্য দিচ্ছে না এআই

    পরিকল্পনা জানলেও পুলিশকে তথ্য দিচ্ছে না এআই

    কেউ হত্যাকাণ্ড বা বড় ধরনের হামলার পরিকল্পনা করছে—এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনে এমন ইঙ্গিত মিললেও পুলিশকে জানানো হচ্ছে না কেন? ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা রক্ষা, নাকি সম্ভাব্য প্রাণঘাতী হামলা ঠেকানো—কোনটিকে অগ্রাধিকার দেবে এআই প্রতিষ্ঠানগুলো? কানাডায় স্কুলে বন্দুক হামলার আগে হামলাকারীর চ্যাটজিপিটি ব্যবহারের তথ্য সামনে আসার পর এ প্রশ্ন নতুন করে উঠেছে। এআইয়ের কাছে সহিংসতার পরিকল্পনা নিয়ে আলোচনা হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত কি না, তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান, আইনজ্ঞ ও গবেষকদের মধ্যে বিতর্ক চলছে।

    ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে ভয়াবহ বন্দুক হামলা চালায় ১৮ বছর বয়সি জেসি ভ্যান রুটসেলার। প্রথমে সে নিজের বাড়িতে মা ও সৎভাইকে হত্যা করে। পরে টাম্বলার রিজের একটি স্কুলে গিয়ে পাঁচ শিক্ষার্থীসহ আরো ছয়জনকে হত্যা করে। এরপর সে নিজেও আত্মহত্যা করে। প্রায় চার দশকের মধ্যে এটি ছিল কানাডায় সবচেয়ে প্রাণঘাতী স্কুলে বন্দুক হামলা।

    প্রতিবেদন অনুযায়ী, হামলার আগে জেসি গণহত্যা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন করেছিল। গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে জেসির সঙ্গে হামলার পরিকল্পনায় ষড়যন্ত্র করার অভিযোগ আনে।

    এ ঘটনায় এআই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গত সেপ্টেম্বরে ব্রিটিশ কলাম্বিয়া সরকার ওপেনএআই ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয়, হামলা ঠেকাতে প্রতিষ্ঠানটি যথাযথ ব্যবস্থা নেয়নি এবং জেসির কথোপকথন সম্পর্কে তাদের জানাশোনা ছিল। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও আলাদাভাবে মামলা করেছেন। কর্তৃপক্ষকে সতর্ক করতে না পারার ব্যর্থতার জন্য ওপেনএআইয়ের নেতৃত্ব প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে।

    এ বিষয়ে আলজাজিরা মন্তব্য জানতে চাইলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।

    তবে কথোপকথনে সহিংসতার ইঙ্গিত পেলেই পুলিশকে জানানো উচিত কি না, তা নিয়ে মতভেদ রয়েছে। নাগরিক অধিকারবিষয়ক আইনজীবী জেনিন ইউনুসের মতে, বাধ্যতামূলক নজরদারি ও তথ্য প্রকাশের নিয়ম নাগরিক স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের জন্য গুরুতর উদ্বেগ তৈরি করতে পারে। মানুষের ব্যক্তিগত চিন্তা বা অস্বস্তিকর ভাবনা পুলিশকে জানানো হতে পারে—এমন আশঙ্কা থাকলে অনেকে এআই চ্যাটবট ব্যবহার এড়িয়ে যেতে পারেন।

    অন্যদিকে, এআইয়ের মাধ্যমে এমন তথ্য পাওয়া সম্ভব, যা বড় ধরনের প্রাণঘাতী হামলা সংঘটনে সহায়তা করতে পারে। তাই সম্ভাব্য হামলার বিষয়ে এআই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব কতটুকু, তা নির্ধারণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    গত আগস্টে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক এক ব্যবহারকারীর কথোপকথনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেইকে হত্যার হুমকির ইঙ্গিত পেয়ে সান ফ্রান্সিসকো পুলিশকে সতর্ক করেছিল। প্রতিবেদনে বলা হয়, ওই ব্যবহারকারী এআর-১৫ রাইফেলের কথা উল্লেখ করেছিলেন এবং আমোদেইকে নিজের নিশানায় রেখেছেন বলে দাবি করেছিলেন। তবে ওই ব্যক্তি পরে সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ডকে বলেন, তিনি মজা করেছিলেন এবং কাউকে আঘাত করার কোনো ইচ্ছা তার ছিল না। এ ঘটনায় তাকে আটক করা হয়নি, তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এআই নিরাপত্তাবিষয়ক গবেষক ফজল বারেজ বলেন, বর্তমান এআই মডেলগুলো কাল্পনিক আলোচনা ও বাস্তবে সহিংসতা ঘটানোর বিশ্বাসযোগ্য পরিকল্পনার মধ্যে নির্ভরযোগ্যভাবে পার্থক্য করতে পারে না। সতর্ক করার সীমা খুব নিচে নির্ধারণ করা হলে লেখক ও গবেষকদের কথোপকথনও ভুলভাবে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হতে পারে। আবার বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করতে একাধিক কথোপকথনের ধরন ও ধারাবাহিকতা পর্যালোচনার প্রয়োজন হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, অনিচ্ছাকৃতভাবে সহিংস চিন্তা মাথায় আসা আর বাস্তবে হামলার পরিকল্পনা করা এক বিষয় নয়। কোনো কথোপকথনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনার ক্ষেত্রে ব্যক্তির উদ্দেশ্য, বক্তব্যের প্রেক্ষাপট ও আচরণের ধারাবাহিকতা বোঝা জরুরি।

    ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক চিনমায়ি শর্মা বলেন, মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করার দায়িত্বের সঙ্গে এআই প্রতিষ্ঠানের দায়িত্বের কিছুটা মিল রয়েছে। তবে এআই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একই ধরনের প্রশিক্ষিত কর্মী, সুস্পষ্ট মানদণ্ড ও প্রয়োগযোগ্য নিয়ম নেই। ফলে কোন কথোপকথন পুলিশকে জানানো হবে, তা নির্ধারণে পক্ষপাতের ঝুঁকি থাকে। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর বক্তব্য অতিরিক্ত সন্দেহের চোখে দেখা হতে পারে।

    কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বোল্ডার ক্যাম্পাসের আইন বিভাগের অধ্যাপক ব্রায়ান চোইয়ের মতে, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করার আইনি বাধ্যবাধকতা কিছু পরিস্থিতিতে প্রযোজ্য হতে পারে। তবে বর্তমান আইনি নজির অনুযায়ী, ওপেনএআইয়ের ক্ষেত্রে তা প্রযোজ্য হওয়ার সম্ভাবনা কম। কারণ, চ্যাটবট কোনো লাইসেন্সপ্রাপ্ত মনোচিকিৎসক নয় এবং সম্ভাব্য ভুক্তভোগীদের সঙ্গে প্রতিষ্ঠানটির বিশেষ কোনো সম্পর্কও নেই। তবে অবহেলা বা পণ্যের দায়সংক্রান্ত আইনি পদক্ষেপের সুযোগ থাকতে পারে। যদিও তা প্রমাণ করা কঠিন।

    সম্ভাব্য সমাধান হিসেবে স্বাধীন সংস্থার মাধ্যমে হুমকি শনাক্ত ও কর্তৃপক্ষকে জানানোর মানদণ্ড নির্ধারণের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শুধু প্রয়োজনীয় তথ্যই ভাগ করা উচিত, যাতে অপ্রাসঙ্গিক ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় থাকে। একই সঙ্গে ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানাতে হবে, তাদের কথোপকথন কখন পর্যবেক্ষণ করা হতে পারে এবং কোন পরিস্থিতিতে সেই তথ্য অন্যের কাছে প্রকাশ করা হতে পারে।

    তবে হত্যার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেলে এআই প্রতিষ্ঠানগুলো কখন পুলিশকে জানাবে, আর কখন ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করবে—এ প্রশ্নের কোনো সর্বজনস্বীকৃত সমাধান এখনো নেই।

  • কিশোরদের জন্য চ্যাটজিপিটি কতটা নিরাপদ?

    কিশোরদের জন্য চ্যাটজিপিটি কতটা নিরাপদ?

    কিশোরদের জন্য চ্যাটজিপিটিতে নানা নিরাপত্তাব্যবস্থা চালুর কথা জানিয়েছে ওপেনএআই। তবে নতুন এক গবেষণায় বলা হয়েছে, এসব ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশগুলো ঠিকমতো কাজ করছে না। গবেষণাটিতে কিশোরদের জন্য চ্যাটজিপিটির ব্যবহারকে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করে ১৮ বছরের কম বয়সিদের এই সেবা ব্যবহার বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

    বুধবার ওপেনএআই জানায়, কিশোরদের মধ্যে চ্যাটজিপিটির গড় ব্যবহার তুলনামূলকভাবে সীমিত। তাদের ব্যবহারের বড় অংশই পড়াশোনাকেন্দ্রিক।

    তবে একই দিনে অলাভজনক প্রতিষ্ঠান কমন সেন্স মিডিয়ার প্রকাশিত গবেষণায় বলা হয়, আত্মহানির মতো সংবেদনশীল বিষয়ে কিশোরদের কথোপকথন শনাক্ত করে অভিভাবকদের জানানোর ব্যবস্থাসহ চ্যাটজিপিটির বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা প্রায়ই ব্যর্থ হচ্ছে।

    চলতি বছরের আগস্টে ওপেনএআই কিশোরদের জন্য চ্যাটজিপিটিতে বেশ কিছু নিরাপত্তাব্যবস্থা চালু করে। ১৩ থেকে ১৭ বছর বয়সি ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্যকর ব্যবহার নিশ্চিত করা এবং অভিভাবকদের অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার কথা বলা হয়।

    এসব ব্যবস্থার মধ্যে রয়েছে এমন রোমান্টিক বা অন্য ধরনের ভাষা ব্যবহারে বাধা, যা চ্যাটজিপিটির ওপর কিশোরদের আবেগগত নির্ভরতা তৈরি করতে পারে। চ্যাটজিপিটি নিজেকে সচেতন বা কোনোভাবে চেতনাসম্পন্ন বলে বোঝাতে পারবে না—এমন ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া যৌন ইঙ্গিতপূর্ণ ছবি ঠেকানোর ব্যবস্থা রয়েছে। কোনো কিশোর সংবেদনশীল ছবি শেয়ার করলে তাকে সতর্ক করার ব্যবস্থাও রাখা হয়েছে।

    কোনো কিশোরের চ্যাটজিপিটি হিসাবের সঙ্গে অভিভাবকের হিসাব যুক্ত থাকলে আত্মহানি বা অস্বাভাবিক খাদ্যাভ্যাস নিয়ে কথোপকথনের বিষয়ে অভিভাবককে জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

    ওপেনএআই বলছে, এসব ব্যবস্থা চালুর পর কিশোরদের চ্যাটজিপিটি ব্যবহারে পড়াশোনাকেন্দ্রিক প্রবণতা বেড়েছে। এর মধ্যে পড়াশোনায় সহায়তা নেওয়া ও বিদ্যালয়ের কাজের বিষয়ে পরামর্শ নেওয়া রয়েছে।

    ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, চ্যাটজিপিটিতে একজন কিশোরের গড় ব্যবহার দিনে ১৫ মিনিটেরও কম। দীর্ঘ সময় ব্যবহার করলে বিরতি নেওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে যে সতর্কবার্তা দেওয়া হয়, সেটিও কার্যকর হচ্ছে। এমন সতর্কবার্তা পাওয়ার পর প্রায় অর্ধেক কিশোর দ্রুত চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ করে দেয়।

    কোম্পানিটি আরো বলেছে, যেসব কিশোরকে টানা তিন ঘণ্টা বা তার বেশি সময় চ্যাটজিপিটি ব্যবহার করতে দেখা গেছে, তাদের ৮০ শতাংশের বেশি কথোপকথনে পড়াশোনা-সংক্রান্ত কিছু ছিল।

    তবে কমন সেন্স মিডিয়ার গবেষণায় ভিন্ন চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলেছে, কিশোরদের জন্য চ্যাটজিপিটি ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করছে। নিরাপত্তাব্যবস্থাগুলো নির্ভরযোগ্যভাবে কাজ করছে—এমন প্রমাণ না পাওয়া পর্যন্ত ১৮ বছরের কম বয়সিদের চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে তারা।

    কমন সেন্স মিডিয়ার গবেষণার পদ্ধতি পর্যালোচনা করে ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, গবেষণার বড় একটি অংশের পরীক্ষা শুরু ও শেষ হতে পারে অভিভাবকদের নিয়ন্ত্রণব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার আগেই।

    ওই মুখপাত্র বলেন, কঠোর ও স্বাধীন মূল্যায়নকে তারা স্বাগত জানান। তবে তাদের মতে, কমন সেন্স মিডিয়ার পরীক্ষা বাস্তবে চ্যাটজিপিটির কিশোরদের জন্য নিরাপত্তাব্যবস্থা কীভাবে কাজ করে, তা সঠিকভাবে তুলে ধরে না। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কিশোরদের সহায়তা করতে পারে, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামতও এতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

    কমন সেন্স মিডিয়া একাধিক হিসাব ব্যবহার করে গবেষণাটি চালায়। এসব হিসাব কিশোর ব্যবহারকারীর নামে নিবন্ধিত ছিল। নিরাপত্তাব্যবস্থা চালুর আগে ও পরে এসব হিসাবের কথোপকথনও পরীক্ষা করা হয়।

    গবেষণায় দেখা গেছে, কিশোরদের সঙ্গে যৌন ভূমিকাভিত্তিক কথোপকথন এড়িয়ে চলার ক্ষেত্রে চ্যাটজিপিটি ভালো করেছে। তবে আত্মহত্যা বা আত্মহানির মতো বিষয় নিয়ে কথোপকথনের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা দেখা গেছে।

    গবেষণায় বলা হয়, নতুন তৈরি করা এবং অভিভাবকের সঙ্গে যুক্ত হিসাব থেকে আত্মহত্যার চিন্তা, আত্মহানি বা অস্বাভাবিক খাদ্যাভ্যাস নিয়ে এক ঘণ্টা পর্যন্ত কথোপকথন চালালেও কোনো অভিভাবকের কাছে সতর্কবার্তা যায়নি। কেবল পুরোনো হিসাব, যেখানে সংবেদনশীল বিষয় নিয়ে কয়েক সপ্তাহের কথোপকথনের ইতিহাস ছিল, সেসব ক্ষেত্রে অভিভাবকের কাছে সতর্কবার্তা যাওয়ার ঘটনা দেখা গেছে।

    গবেষকেরা আরো বলেন, সংকটের মধ্যে থাকা কিশোরদের সহায়তার জন্য জরুরি সহায়তা নম্বর বা পেশাদারদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিতেও চ্যাটজিপিটি সব সময় নির্ভরযোগ্যভাবে সক্ষম হয়নি।

    পরীক্ষায় আরো দেখা গেছে, কিশোরদের পড়াশোনার কাজে চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছে। একই সঙ্গে চ্যাটজিপিটি এখনো নিজেকে মানুষের মতো উপস্থাপন করে বা বন্ধুর মতো কথা বলে। কিশোরদের সঙ্গে এ ধরনের আচরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল ওপেনএআই।

    কমন সেন্সের যুব কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা ইনস্টিটিউটের প্রধান টম সিগেল বলেন, চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা ও সতর্কবার্তা ঠিকমতো কাজ করছে—এমন ভুল ধারণা অভিভাবকদের মধ্যে তৈরি হতে পারে। অথচ এসব ব্যবস্থা প্রায়ই কাজ করছে না।

    অনলাইনে তরুণদের আচরণ সাম্প্রতিক বছরগুলোতে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। শিশুদের মধ্যে আত্মহানি ও আত্মহত্যার ঘটনা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগও বেড়েছে।

    চলতি বছর শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য মেটা, টিকটকসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে দায়ী করে করা কয়েকটি মামলায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজিরবিহীন ক্ষতিও হয়েছে।

    তরুণদের চ্যাটজিপিটি ব্যবহার নিয়েও ওপেনএআই বাড়তি নজরদারি ও আইনি চাপের মুখে পড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার প্রত্যন্ত টাম্বলার রিজ এলাকায় একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ১৮ বছর বয়সি এক তরুণ জড়িত ছিল। হামলার আগে কয়েক মাস ধরে সে চ্যাটজিপিটিতে বন্দুক সহিংসতা নিয়ে আলোচনা করেছিল।

    ওপেনএআই পরে ওই ব্যবহারকারীর হিসাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সতর্কবার্তা হিসেবে পাঠাতে ব্যর্থ হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। ওই ঘটনা নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলাও চলছে।

  • এআই, সোশ্যাল মিডিয়া ও মন নিয়ন্ত্রণের যুদ্ধ

    এআই, সোশ্যাল মিডিয়া ও মন নিয়ন্ত্রণের যুদ্ধ

    মানবসভ্যতার জন্মলগ্ন থেকেই প্রতিটি প্রযুক্তিগত বিপ্লব মানুষের জীবনকে আমূল বদলে দিয়েছে। চাকা থেকে ইন্টারনেট আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, প্রতিটি নতুন প্রযুক্তি আমাদের যেমন উন্নতির নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, তদ্রূপ অপব্যবহারের নতুন ঝুঁকিও তৈরি করেছে। একবিংশ শতাব্দীতে প্রযুক্তি শুধু আমাদের কাজের ধরন পাল্টাচ্ছে না, বরং আমাদের চিন্তা, বিশ্বাস, আবেগ ও আচরণকেও প্রভাবিত করছে।

    একসময় মানুষের বিবেক ও আচরণ গড়ে উঠত মূলত পরিবার, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও চারপাশের পরিবেশের প্রভাবে। এখন সেই প্রভাবের একটি বড় অংশ চলে এসেছে অ্যালগরিদমের হাতে। একজন মানুষ যে খবরটি পড়ছেন, যে ভিডিওটি দেখছেন কিংবা যে রাজনৈতিক বক্তব্যটি তার মনে গেঁথে যাচ্ছে, সেগুলো সবসময় তার নিজের আগ্রহের ফল নয়। এর পেছনে থাকতে পারে দূরের কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান, কোনো অ্যালগরিদম কিংবা পরিকল্পিত ও সংগঠিত প্রচারণার অংশ।

    বর্তমান পৃথিবীতে তথ্য একটি বিশাল কৌশলগত সম্পদ। খনিজ সম্পদের পাশাপাশি মানুষের ব্যক্তিগত তথ্য, অভ্যাস, ভয়, বিশ্বাস ও রাজনৈতিক আদর্শও এখন মহামূল্যবান সম্পদে পরিণত হয়েছে। যারা মানুষের কাছে কোন তথ্য পৌঁছাবে, তা নিয়ন্ত্রণ করতে পারছে, তারাই মানুষের বিবেক, চিন্তা ও সিদ্ধান্তকেও প্রভাবিত করার সুযোগ পাচ্ছে।

    আমরা প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য পোস্ট, ছবি, ভিডিও, সংবাদ ও মন্তব্য দেখি। এর কিছু সত্য, কিছু সম্পূর্ণ মিথ্যা, আবার কিছু সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে তৈরি করা। অনেক সময় পুরোনো কোনো ছবি নতুন ঘটনার নামে ছড়িয়ে দেওয়া হয়, সম্পাদিত ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করা হয় কিংবা কোনো ব্যক্তির নামে ভুয়া বক্তব্য তৈরি করা হয়।

    আমরা হয়তো মনে করি, একটি পোস্ট বা ভিডিও দেখে আমাদের কীইবা হবে? কিন্তু মনোবিজ্ঞানের ইলিউশন অব ট্রুথ ইফেক্ট (Illusion of Truth Effect) অনুসারে কোনো তথ্য বারবার চোখের সামনে এলে মানুষ তার সত্যতা যাচাই না করেও একসময় সেটিকে সত্য বলে মনে করতে শুরু করে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তিন হাজারের বেশি পুলিশ নিহত হওয়ার মিথ্যা দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা একদল মানুষ বিশ্বাসও করেছে। সমস্যা হলো, আমরা অনেক সময় বিশ্বাস করার আগে যাচাই করি না; বরং নিজের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে মিলে গেলে তথ্যটি দ্রুত শেয়ার করি।

    এখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন মাত্রা যোগ করেছে। কয়েক সেকেন্ডেই এআই এমন লেখা, ছবি, ভিডিও ও কণ্ঠস্বর তৈরি করতে পারে, যা আসল না নকল বোঝা কঠিন। উদ্বেগের বিষয়, এআইয়ের সক্ষমতা এত দ্রুত বাড়ছে যে প্রভাবশালী এআই কোম্পানিগুলো নিজেরাই এখন নিয়ন্ত্রণের জন্য আবেদন করছে।

    অনেকে এআইকে সম্পূর্ণ নিরপেক্ষ মনে করেন। কিন্তু কোনো এআইই শূন্য থেকে তৈরি হয়নি। এর প্রশিক্ষণ-তথ্য, অ্যালগরিদম, নিরাপত্তা নীতি, আইনগত সীমাবদ্ধতা এবং নির্মাতাদের সিদ্ধান্ত এর উত্তরের ওপর প্রভাব ফেলে। যেমন ডিপসিককে ১৯৮৯ সালের তিয়ানআনমেন স্কয়ারের ঘটনা কিংবা আমেরিকার এআইগুলোকে গাজায় মানবাধিকার লঙ্ঘন বা গণহত্যার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে অনেক ক্ষেত্রে এআইগুলো উত্তর সীমিত করে বা এড়িয়ে যায়। তাই এআইকে চূড়ান্ত সত্যের উৎস হিসেবে ব্যবহার না করে তাকে শুধু তথ্যের সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত, নইলে মানবসভ্যতার বিপর্যয় ঘটবে।

    অন্যদিকে, এআই নিজেই এখন অপতথ্য তৈরির শক্তিশালী হাতিয়ার। এর সাম্প্রতিক বাংলাদেশি উদাহরণ দিয়েছে আমেরিকান এআই প্রতিষ্ঠান এন্থ্রোপিকের থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট। গাইবান্ধার এক ব্যক্তি ২৯টি ক্লড অ্যাকাউন্ট ব্যবহার করে শত শত গুজবের শিরোনাম, বয়ান ও ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করেন। অর্থাৎ, সহজলভ্য এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এখন একজন ব্যক্তিও বড় আকারের রাজনৈতিক অপতথ্য প্রচার চালাতে পারেন।

    এ সমস্যা শুধু বাংলাদেশের নয়, উন্নত বিশ্ব থেকে অনুন্নত দেশ সর্বত্রই প্রকট। ২০১৮ সালের ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত তথ্য কীভাবে রাজনৈতিক অস্ত্রে পরিণত হতে পারে। মানুষের পছন্দ, আচরণ ও রাজনৈতিক প্রবণতা বিশ্লেষণ করে বিভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা বার্তা তৈরি করা হয়েছিল, ফলে রাজনৈতিক প্রচারণা হয়ে উঠেছিল ব্যক্তিকেন্দ্রিক মনস্তাত্ত্বিক প্রচারণা।

    আবার মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমের ঘৃণামূলক বক্তব্য, গুজব ও অপতথ্য রোহিঙ্গাদের বিরুদ্ধে জনমত উসকে দিতে ভূমিকা রেখেছিল। ভারতেও মুসলিমদের নিয়ে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এমনকি বাংলাদেশকে নিয়েও নিয়মিত অপতথ্য প্রচার করা হচ্ছে। তাছাড়া এখন প্রায় প্রতিটি দেশের নির্বাচনেই ভুয়া অ্যাকাউন্ট, অনলাইন বিজ্ঞাপন ও সংগঠিত প্রচারণার মাধ্যমে সামাজিক বিভাজন আরো তীব্র হচ্ছে।

    যুদ্ধ এখন শুধু ট্যাংক, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের মন ও বিবেকও যুদ্ধের ক্ষেত্র হয়ে উঠেছে। গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসরাইল ইনফ্লুয়েন্সারদের পেছনে বিপুল অর্থ ব্যয় করছে। তাই ইনফরমেশন ওয়ারফেয়ার বা কগনিটিভ ওয়ারফেয়ারে তথ্য, অ্যালগরিদম, এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।এখানে

    লক্ষ্য সবসময় মানুষকে একটি নির্দিষ্ট মত গ্রহণ করানো নয়। কখনো লক্ষ্য হতে পারে মানুষকে এতটাই বিভ্রান্ত ও বিভক্ত করা, যাতে সে কোনো প্রতিষ্ঠান বা অন্য মানুষকেই বিশ্বাস না করে। এ ক্ষেত্রে ধর্ম, বিশেষ করে ইসলামকে টার্গেট করা হচ্ছে।

    বাংলাদেশের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বাড়ছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তির অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের সঙ্গেও বাংলাদেশ ক্রমেই যুক্ত হচ্ছে।

    একই সঙ্গে রাজনৈতিক মেরূকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর তথ্যগ্রহণ এবং দুর্বল তথ্য যাচাইয়ের সংস্কৃতি আমাদের ঝুঁকি বাড়াচ্ছে। কোনো রাষ্ট্র, রাষ্ট্র-সমর্থিত গোষ্ঠী কিংবা অন্য কোনো স্বার্থান্বেষী পক্ষ বাংলাদেশের জনমতকে যে প্রভাবিত করার চেষ্টা করছে, এ ব্যাপারে আমার সঙ্গে অনেকেই একমত হবেন। এর অর্থ এই নয় যে, প্রতিটি গুজবের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থা রয়েছে। তবে রাজনৈতিকভাবে বিভক্ত ও তথ্য যাচাইয়ে দুর্বল সমাজ তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকে। আর প্রযুক্তি তাদের এসব প্রচেষ্টাকে আরো দ্রুত ও সস্তা করে দিচ্ছে।

    গুজব ও অপতথ্যের বিস্তার আজ একধরনের সামাজিক মহামারিতে পরিণত হয়েছে। অন্য দেশের পুরোনো ছবি বা ভিডিও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে ছড়ানো হচ্ছে, তৈরি হচ্ছে ভুয়া ফটোকার্ড, আবার সম্পাদিত ভিডিও ও প্রসঙ্গবিচ্ছিন্ন বক্তব্যও সত্য হিসেবে প্রচার করা হচ্ছে। দুঃখজনকভাবে, ইদানীং প্রথম সারির অনেক গণমাধ্যমও মিসলিডিং ফটোকার্ড, ব্যক্তিটার্গেট করে অপতথ্য ছড়াচ্ছে।

    সবচেয়ে উদ্বেগের বিষয়, এসব তথ্য যাচাই ছাড়াই মুহূর্তেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। এর শিকার শুধু সাধারণ মানুষ নন; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, বিশ্লেষক ও টকশোতে অংশ নেওয়া ব্যক্তিরাও কখনো তথ্য যাচাই না করে ভুল তথ্য শেয়ার বা প্রচার করেন, যা বিভ্রান্তি আরো বাড়ায়।

    উদাহরণ হিসেবে, দ্য ডিসেন্টের একটি ফ্যাক্টচেকে বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রক্তাক্ত এক তরুণীর ছবি ব্যবহার করে একটি ভুয়া দাবি ছড়ানো হয়েছিল। পরে ঢাকার দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সেই ফটোকার্ড শেয়ার করেন, যা ফ্যাক্টচেকে ভুল প্রমাণিত হয়। এটি খুবই উদ্বেগজনক। কারণ যারা শিক্ষার্থী ও সমাজকে চিন্তার দিকনির্দেশনা দেওয়ার কথা, তারাই যদি তথ্য যাচাইয়ের ন্যূনতম দায়িত্ব পালন না করেন, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করা কঠিন।

    রাজনৈতিক মতের কারণে যখন মানুষ সত্য যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করতে শুরু করে, তখন একজন শিক্ষিত মানুষও অজান্তেই অপতথ্য ছড়িয়ে দিতে পারেন। মত বা আদর্শ যা-ই হোক, সত্য যাচাই ও সত্যের প্রতি দায়বদ্ধতা সবারই থাকা উচিত।

    এখন বাংলাদেশের প্রযুক্তিকে ভয় না পেয়ে, বরং এর অপব্যবহার মোকাবিলায় শক্তিশালী ডিজিটাল রেজিলিয়েন্স গড়ে তোলা জরুরি। শিক্ষায় ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি তথ্য যাচাই, উৎসের বিশ্বাসযোগ্যতা বোঝা, এআইয়ের উত্তর যাচাই ও ডিপফেক শনাক্ত করার দক্ষতা শেখাতে হবে। রাষ্ট্রকে সময়োপযোগী নীতিমালা করতে হবে, তবে তা যেন মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি না হয়। গণমাধ্যমকেও দ্রুততার চেয়ে তথ্যের নির্ভুলতাকে অগ্রাধিকার দিতে হবে।

    রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। অপতথ্য, চরিত্রহনন, কৃত্রিম ভিডিও বা মানুষের ভয় ও ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনমত প্রভাবিত করা সাময়িক লাভ আনতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে ক্ষতি করবে পুরো রাষ্ট্রব্যবস্থার। তবে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের প্রত্যেকের। কোনো তথ্য দেখেই বিশ্বাস বা শেয়ার না করে উৎস যাচাই করা, প্রশ্ন করা এবং সত্যতা নিশ্চিত করা এখন শুধু সচেতনতার বিষয় নয়, একজন দায়িত্বশীল নাগরিকের দায়িত্বও বটে।

    ভবিষ্যতের লড়াই তাই শুধু সীমান্তে নয়, মানুষের মনেও। শেষ পর্যন্ত প্রযুক্তি নয়, আমাদের সচেতনতা, যাচাই করার অভ্যাস ও বিবেকই ঠিক করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।

    লেখক : ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট), সিসমার্ক লিমিটেড