উৎপাদনের

  • চলনবিলে শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩২০ মেট্রিক টন

    নাটোরের চলনবিলের শুঁটকি শিল্প ঘিরে রয়েছে বিপুল সম্ভাবনা। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও রয়েছে এ অঞ্চলের শুঁটকির চাহিদা। তবে দেশীয় মাছের প্রাপ্যতা কমে যাওয়া, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার, কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ এবং বিলের ভেতরে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে সংকটে পড়েছে ঐতিহ্যবাহী এ শিল্প। এর প্রভাব পড়ছে শুঁটকি উৎপাদন, ব্যবসা ও এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষের জীবিকায়। চলতি বছর নাটোর জেলায় শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২০ মেট্রিক টন। তবে চলনবিলের পানি দ্রুত কমে যাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

    একসময় দেশীয় মাছের প্রাচুর্যে সমৃদ্ধ ছিল নাটোরের চলনবিল। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জলাভূমিতে বিভিন্ন প্রজাতির মাছের বিচরণে মুখর হয়ে উঠত পুরো এলাকা। বর্ষার পানি কমতে শুরু করলে মাছ আহরণ, শুঁটকি তৈরি ও বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়তেন জেলে, ব্যবসায়ী ও শ্রমিকরা। চলনবিলের শুঁটকির সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। কিন্তু নানা প্রতিকূলতায় ঐতিহ্যবাহী এ শিল্প এখন সংকটের মুখে।

    শুঁটকি শিল্পের অন্যতম বড় সমস্যা কাঁচা মাছের সংকট। চলনবিলের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহারে মাছের স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। এসব জালে মা মাছের পাশাপাশি ছোট পোনা ও বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ছে। ফলে মাছের বংশবিস্তার ও বড় হওয়ার সুযোগ কমে যাচ্ছে। বিশেষ করে প্রজনন মৌসুমে এসব জালের ব্যবহার দেশীয় মাছের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে।

    এ ছাড়া চলনবিলের আশপাশের কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে বৃষ্টির পানির সঙ্গে এসব রাসায়নিক পদার্থ খাল-বিল ও জলাশয়ে মিশছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন, পোনা মাছের বেঁচে থাকা এবং জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগও রয়েছে।

    অন্যদিকে বিলের মাঝখানে অপরিকল্পিতভাবে পুকুর খনন, মাটি দিয়ে জলপথ ভরাট এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে এক বিলের সঙ্গে অন্য বিল, খাল ও নদীর সংযোগ ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে মাছের বিচরণ ও প্রজননের স্বাভাবিক পরিবেশ সংকুচিত হয়ে পড়ছে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কৃষিকাজেও বিরূপ প্রভাব পড়ছে।

    কমছে মাছের সরবরাহ, বাড়ছে উৎপাদন খরচ

    সিংড়া উপজেলার নিংগইনে অবস্থিত শুঁটকির চাতালের মালিক নয়ন ঢাকা পোস্টকে জানান, তার বাবা দীর্ঘদিন ধরে শুঁটকির ব্যবসা করতেন। ২০০৭ সাল থেকে তিনিও এ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। চলনবিলের কাচকি, কাইকলা ও খৈড়াসহ বেশ কয়েক প্রজাতির দেশীয় মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। গত বছরের তুলনায় এ বছর মাছের আমদানি অনেক কম।

    তিনি আরও জানান, তার শুঁটকির চাতালে ৯ জন নারী কাজ করেন। তাদের কাজের মাধ্যমে সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। এ বছর চাতালে পুঁটি, শোল, বোয়াল ও ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছের শুঁটকি তৈরি হচ্ছে।

    শুঁটকির বাজারদর সম্পর্কে নয়ন বলেন, বর্তমানে প্রতি কেজি ট্যাংরা মাছের শুঁটকি ১ হাজার টাকা, টাকি মাছের শুঁটকি ১ হাজার টাকা, বোয়াল মাছের শুঁটকি সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা, চান্দা মাছের শুঁটকি ৫০০ থেকে ৬০০ টাকা, গুচি মাছের শুঁটকি ১ হাজার ২০০ টাকা এবং বাতাসা মাছের শুঁটকি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    চাতাল মালিকদের অভিযোগ, কাঁচা মাছের দাম বেড়ে যাওয়ায় এ বছর শুঁটকি উৎপাদন করেও তারা আশানুরূপ লাভ করতে পারছেন না।

    শুঁটকি চাতালে কাজ করে স্বাবলম্বী নারীরা

    চলনবিলের শুঁটকির চাতাল শুধু ব্যবসার ক্ষেত্র নয়, স্থানীয় অনেক নারীর কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছে। এমনই একজন নারী শ্রমিক রুনা বেগম ঢাকা পোস্টকে বলেন, তার দুই ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে ও স্বামী ভ্যান চালান। তিনি চার বছর ধরে শুঁটকির চাতালে কাজ করছেন। প্রতিদিন কাজ করে ২৯০ টাকা মজুরি পান।

    চাতাল মালিকদের সূত্রে জানা যায়, এলাকায় চার থেকে পাঁচটি শুঁটকির চাতালে ১৫ থেকে ২০ জন নারী কাজ করেন। তাদের উপার্জন পরিবারের আর্থিক সচ্ছলতায় কিছুটা হলেও ভূমিকা রাখছে।

    দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চলনবিলের শুঁটকি

    চাতাল মালিক শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তারা নাটোরের চলনবিলে মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করেন। তার চাতালে পুঁটি, ট্যাংরা, বোয়াল ও শোল মাছসহ বিভিন্ন ধরনের শুঁটকি তৈরি হয়। সকালে আড়ত থেকে মাছ কিনে এনে লবণ দিয়ে দুই থেকে তিন ঘণ্টা রেখে রোদে শুকানো হয়। এরপর এসব শুঁটকি রংপুর, সৈয়দপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এমনকি ভারতেও তাদের শুঁটকির কেনাবেচা হয়।

    তিনি আরও বলেন, পুঁটি, ট্যাংরা, শোল ও টাকি মাছের শুঁটকির চাহিদা বেশি। গত বছরের তুলনায় এ বছর কাঁচা মাছের দাম বেশি। কিন্তু সেই অনুপাতে শুঁটকির দাম পাওয়া যাচ্ছে না। এ বছর চলনবিলে পানি অল্প সময়ের মধ্যে কমে যাওয়ায় মাছের সরবরাহও কমেছে। ফলে কাঁচা মাছের দাম বেড়ে গেছে।

    ক্রেতাদের কাছেও রয়েছে চলনবিলের শুঁটকির চাহিদা

    শুঁটকি বিক্রেতা আজহার আলী বলেন, আমি প্রায় ২০ বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। চলনবিলের মাছ ধুয়ে লবণজাত করে শুকিয়ে বাজারজাত করেন। বগুড়া ও রংপুরের অনেক মানুষ এখান থেকে শুঁটকি কিনে নিয়ে যান।

    নন্দীগ্রামের ট্রাকের হেলপার রানা জানান, তারা প্রায় প্রতিদিন নাটোর থেকে বগুড়ায় ভাড়া নিয়ে যান। মাঝেমধ্যে চলনবিলের শুঁটকি বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যান। পরিবারের সবাই এ শুঁটকি মাছ পছন্দ করেন।

    অ্যাম্বুলেন্সচালক গালিব জানান, তিনি সিংড়া এলাকায় মাঝেমধ্যে রোগী নিয়ে আসেন। এখানে এলে চলনবিলের শুঁটকি কিনে নিয়ে যান। এসব শুঁটকি খেতে তার ভালো লাগে।

    মাছের উৎপাদন কমার পেছনে পরিবেশগত সংকট

    চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ ঢাকা পোস্টকে বলেন, অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণ, পুকুর খনন এবং বসতবাড়ি নির্মাণের কারণে চলনবিলের জলাভূমি ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি বিলে বিষ প্রয়োগ করে মাছ শিকার, কচুরিপানা নিধনে বালাইনাশক প্রয়োগ এবং চায়না জালের আধিপত্যের কারণে মা মাছের প্রজননক্ষেত্র নষ্ট হচ্ছে। এসব কারণে দেশীয় মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে দেশীয় অনেক প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। এ কারণে এবার শুঁটকির চাতালগুলোতে মাছের সংকট দেখা দিয়েছে।

    চলনবিল রক্ষা কমিটির পক্ষ থেকে বলা হয়, চলনবিলের শুঁটকি শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য ও বহু মানুষের জীবিকার উৎস। মাছের উৎপাদন কমে গেলে জেলে, আড়তদার, শুঁটকি চাতালের মালিক এবং নারী-পুরুষ শ্রমিকসহ এ শিল্পের সঙ্গে জড়িত সবাই ক্ষতিগ্রস্ত হবেন।

    প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দিচ্ছে মৎস্য বিভাগ

    নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী ঢাকা পোস্টকে বলেন, নাটোর মৎস্য উৎপাদনে সমৃদ্ধ একটি জেলা। এ জেলায় বদ্ধ জলাশয়ের পাশাপাশি খাল, বিল ও নদীর মতো উন্মুক্ত জলাশয়েও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এসব মাছ স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি উদ্বৃত্ত মাছ দিয়ে মৎস্যজীবী ও উদ্যোক্তারা শুঁটকি তৈরি করেন। ঐতিহ্যগতভাবেই নাটোর জেলায় শুঁটকি উৎপাদন হয়ে আসছে।

    তিনি বলেন, চলতি বছর নাটোর জেলায় শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২০ মেট্রিক টন। তবে চলতি বছর অক্টোবরে চলনবিলের পানি কমে যাওয়ায় শুঁটকি উৎপাদন কিছুটা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারপরও উদ্যোক্তারা শুঁটকি উৎপাদন শুরু করেছেন। এ অঞ্চলে মানসম্মত শুঁটকি উৎপাদিত হয়, যা রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছে। স্থানীয় মানুষ ছাড়াও এ পথে চলাচলকারী অনেকেই চলনবিলের শুঁটকি কিনে নিয়ে যান।

    জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, মানসম্মত শুঁটকি উৎপাদনের জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে।