ইসলাম

  • বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং ইসলাম গ্রহণ করলেন

    বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং ইসলাম গ্রহণ করলেন

    তাইওয়ানে জন্ম নেওয়া বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বিজ্ঞানের জগতে অসামান্য সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিজীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ইসলাম গ্রহণ। ৩৫ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। শৈশব থেকেই জীবন ও জগতের অর্থ এবং উদ্দেশ্য নিয়ে তার মনে নানা প্রশ্ন ছিল। ইসলাম সম্পর্কে জানার আগ্রহও তৈরি হয় ছোটবেলায়।

    ১৯৬৬ সালে তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্মগ্রহণ করেন জ্যাকি ইং। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে চলে যান তিনি। তার বাবা-মা সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে আগ্রহী ছিলেন। এ কারণে শৈশবে তিনি সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন।

    সিঙ্গাপুরে স্কুলজীবনে মুসলিম সহপাঠীদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের জীবনযাপন ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে গিয়ে ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয় তার। পরে ইসলাম সম্পর্কে পড়াশোনা ও অনুসন্ধান শুরু করেন তিনি। একপর্যায়ে ইসলামের শিক্ষার সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন জ্যাকি ইং। ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি।

    এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই বিজ্ঞানী। তার ভাষায়, কোরআন একটি অসাধারণ গ্রন্থ। এতে জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা রয়েছে। বিভিন্ন ধর্মীয় অনুশীলনের গুরুত্ব, মানুষের সমতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও এতে দিকনির্দেশনা পাওয়া যায়।

    জ্যাকি ইং জানান, জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে শৈশব থেকেই তার আগ্রহ ছিল। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ এবং ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তার এই অনুসন্ধান ব্যক্তিগত এক যাত্রায় পরিণত হয়।

    বিজ্ঞানের জগতেও জ্যাকি ইংয়ের অর্জন উল্লেখযোগ্য। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরের বছর যোগ দেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)।

    ২০০১ সালে মাত্র ৩৫ বছর বয়সে এমআইটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ অধ্যাপক হন তিনি। ২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি। প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন তিনি।

    ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গবেষণা, অসংখ্য বৈজ্ঞানিক প্রকাশনা এবং আন্তর্জাতিক পুরস্কার তাকে নিজ ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরিচিত বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

  • লটারির মাধ্যমে ওমরাহ পালন ইসলাম কি বলে?

    লটারির মাধ্যমে ওমরাহ পালন ইসলাম কি বলে?

    পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান লটারির আয়োজন করে থাকে। বিশেষ করে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার এমন উদ্যোগ অনেকের কাছে আকর্ষণীয়। তবে এ ধরনের লটারিতে অংশ নেওয়া কিংবা লটারির মাধ্যমে কাউকে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার বিষয়টি শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

    ইসলামী শরিয়তে লটারির মাধ্যমে কাউকে নির্বাচনের পদ্ধতি এবং অর্থের বিনিময়ে ভাগ্য নির্ধারণ করে পুরস্কার দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। সব ধরনের লটারি হারাম নয়। কোনো কোনো লটারি জুয়া বা কিমারের অন্তর্ভুক্ত, আবার কোনোটি কেবল নির্বাচনের পদ্ধতি, যা ফিকহের পরিভাষায় ‘কুরআহ’ নামে পরিচিত। লটারির পদ্ধতি ও অর্থের উৎস বিবেচনায় এর বিধান ভিন্ন হয়ে থাকে।

    হারাম লটারি

    যদি অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা জমা করে বিজয়ীকে ওমরাহ করানো হয়, তাহলে তা জুয়া হওয়ার কারণে হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ অপবিত্র, শয়তানের কাজ। অতএব, তোমরা এগুলো বর্জন করো।’ (সুরা আল-মায়িদা: ৯০)

    এভাবে সংগৃহীত অর্থ দিয়ে বিজয়ী ওমরাহ করলে অন্য অংশগ্রহণকারীদের অর্থ তার জন্য বৈধ হবে না, বরং প্রকৃত মালিকদের ফেরত দিতে হবে।

    জায়েজ লটারি

    কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব অর্থে বিনামূল্যে লটারির আয়োজন করে কাউকে ওমরাহ করানোর সুযোগ দিলে তা জায়েজ। কারণ, এটি জুয়া নয়; বরং উপহার প্রদানের একটি পদ্ধতি। তবে অর্থের মালিকানা ও ব্যবহারের শর্ত শরিয়তসম্মত হতে হবে।

    উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সফরে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর স্ত্রীদের মধ্যে কুরআহ করতেন। তাঁদের মধ্যে যার নাম উঠত, তাঁকে সঙ্গে নিয়ে সফরে যেতেন। (সহিহ বোখারি: ২৫৯৩)

    এ হাদিস থেকে প্রমাণিত হয়, সমান অধিকারী বা উপযুক্ত ব্যক্তিদের মধ্য থেকে কাউকে নির্বাচনের জন্য কুরআহ বা ড্র পদ্ধতি অবলম্বন করা বৈধ।

  • দক্ষিণ কোরিয়ায় ইসলাম নিয়ে বাড়ছে আগ্রহ

    দক্ষিণ কোরিয়ায় ইসলাম নিয়ে বাড়ছে আগ্রহ

    কোরিয়ায়

    দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে। বিশেষ করে তরুণদের কেউ কেউ ইসলামের একত্ববাদ, নৈতিক শিক্ষা ও জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হচ্ছেন। মুসলিমদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ, মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টও এ আগ্রহ তৈরিতে ভূমিকা রাখছে।

    কোরিয়া টাইমসের এক প্রতিবেদনের বরাতে ইকনা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে ধারণা করা হয়।

    তাঁদের মধ্যে অনেকেই বিশ ও ত্রিশের কোঠার তরুণ। তবে এ সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান নেই।
    প্রতিবেদনে ‘ইউসুফ’ ছদ্মনামে পরিচিত ত্রিশোর্ধ্ব এক কোরীয় মুসলিমের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন।

    আরও পড়ুন: এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার কমে ৪৯.৪৩ শতাংশ মুসলিম বন্ধুদের সঙ্গে পরিচয় এবং তাঁদের জীবনযাপন কাছ থেকে দেখার মাধ্যমে ইসলামের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরে ইসলাম সম্পর্কে জানাশোনা বাড়লে তিনি ধর্মটি গ্রহণের সিদ্ধান্ত নেন।

    কোরীয় নওমুসলিমদের অনেকে ইসলামের একত্ববাদের শিক্ষা, সুস্পষ্ট ধর্মীয় মূলনীতি এবং দৈনন্দিন জীবনে নৈতিক নির্দেশনার বিষয়গুলোকে আকর্ষণীয় বলে মনে করেন। তাঁদের কাছে এসব শিক্ষা জীবন ও মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।

    সিউলের কেন্দ্রীয় মসজিদে ধর্মীয় শিক্ষা
    দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইতাওয়ন এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে ইসলাম সম্পর্কে জানতে নিয়মিত আসেন আগ্রহী কোরীয়রা। সেখানে তাঁরা ইসলামের বিশ্বাস, ইবাদত ও জীবনব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পান। কেউ কেউ ধর্মীয় শিক্ষা গ্রহণের পর শাহাদাতাইন পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

    কোরীয় মুসলিম নারী ‘আরিয়ম’ জানান, ইসলামে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মানের শিক্ষা তাঁর কাছে বিশেষভাবে অর্থবহ। কোরীয় ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গেও এই মূল্যবোধের মিল থাকায় পরিবারের কাছে নিজের ধর্মীয় সিদ্ধান্ত ব্যাখ্যা করা তাঁর জন্য সহজ হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার কিছু তরুণ প্রচলিত সামাজিক রীতিনীতি ও প্রত্যাশার বাইরে ভিন্ন জীবনদর্শন খুঁজছেন। ইসলাম সম্পর্কে জানতে গিয়ে তাঁদের কেউ কেউ নৈতিকতা, আত্মিক প্রশান্তি ও জীবনযাপনের অর্থ নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ পেয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়ছে পরিচিতি
    ইসলাম সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা থাকা সত্ত্বেও মুসলিমদের সঙ্গে সরাসরি পরিচয় অনেকের দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রেখেছে। মুসলিমদের আচরণ, ধর্মীয় অনুশীলন ও দৈনন্দিন জীবন কাছ থেকে দেখে কেউ কেউ ধর্মটি সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়েছেন।

    এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোরীয় মুসলিমদের কেউ কেউ নিজেদের ধর্মীয় অভিজ্ঞতা, দৈনন্দিন জীবন ও মুসলিম সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন। এসব কনটেন্টের মাধ্যমে কোরীয় ও আন্তর্জাতিক দর্শকেরা মুসলিমদের জীবন সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

    কোরীয় বংশোদ্ভূত মুসলিম ফ্যাশন ব্যক্তিত্ব আয়ানা জিহে মুন কিশোর বয়সে ইসলাম গ্রহণ করেন। ছোটবেলায় ইরাক যুদ্ধের সময় ইসলাম সম্পর্কে জানার পর ধর্মটি নিয়ে তাঁর কৌতূহল তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী কোরীয় মুসলিম ফ্যাশন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান।

    ইউটিউবার দাউদ কিমও তাঁর ভিডিওতে ইসলাম গ্রহণের অভিজ্ঞতা ও মুসলিম হিসেবে জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তাঁর মতো পরিচিত ব্যক্তিদের কনটেন্টের মাধ্যমে ইসলাম সম্পর্কে আগে তেমন ধারণা না থাকা মানুষেরাও ধর্মটি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
    কোরীয় মুসলিম নারীদের কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবকের সমন্বয় ঘটিয়ে নতুন ধরনের ফ্যাশন তুলে ধরছেন। এর মাধ্যমে ইসলামি মূল্যবোধ ও কোরীয় সংস্কৃতির বিভিন্ন দিক একসঙ্গে উপস্থাপিত হচ্ছে।

    মুসলিম সমাজে খুঁজছেন আপনজনের অনুভূতি
    ইসলাম গ্রহণের পর মুসলিম সমাজে নতুন সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আপনজনের অনুভূতি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন কোরীয় নওমুসলিম। পরিচিতজনের কাছ থেকে কেউ কেউ নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়লেও মুসলিমদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক তাঁদের মানসিক সমর্থন জুগিয়েছে।

    আরিয়ম জানান, সিউলের কেন্দ্রীয় মসজিদে প্রথমবার যাওয়ার সময় তাঁর মনে হয়েছিল, তিনি যেন নিজের ঘরে ফিরে এসেছেন। তাঁর অভিজ্ঞতা থেকে বোঝা যায়, ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি মুসলিম সমাজের আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধও নতুন মুসলিমদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    কোরীয় উপদ্বীপে ইসলামের ঐতিহাসিক পরিচিতি
    দক্ষিণ কোরিয়ায় ইসলাম সম্পর্কে পরিচিতি নতুন নয়। বিভিন্ন সময়ে মুসলিম বণিক, অভিবাসী ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে কোরীয় উপদ্বীপে ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে কোরীয় যুদ্ধের সময় তুর্কি মুসলিম সেনাদের উপস্থিতি দেশটিতে ইসলাম পরিচিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে বিদেশি শ্রমিক, শিক্ষার্থী ও অভিবাসীদের মাধ্যমে মুসলিম সমাজের পরিসর আরও বিস্তৃত হয়েছে।

    বর্তমানে দক্ষিণ কোরিয়ায় স্থানীয়দের ইসলাম গ্রহণের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা বার্ষিক হিসাবের নির্ভরযোগ্য হালনাগাদ পরিসংখ্যান সীমিত। তবে নওমুসলিমদের ব্যক্তিগত অভিজ্ঞতা, মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণের আগ্রহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিমদের সক্রিয় উপস্থিতি ইসলাম সম্পর্কে জানার নতুন সুযোগ তৈরি করছে।

    ইসলামের একত্ববাদ, নৈতিক জীবনব্যবস্থা, আত্মিক প্রশান্তির সন্ধান এবং মুসলিম সমাজের সঙ্গে আন্তরিক সম্পর্ক—বিভিন্ন কারণে দক্ষিণ কোরিয়ার কিছু মানুষ ধর্মটি সম্পর্কে আগ্রহী হচ্ছেন। তাঁদের অভিজ্ঞতা দেশটিতে ইসলাম সম্পর্কে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর সুযোগ তৈরি করছে।

  • সুদের সঙ্গে জড়িত পাত্রের সাথে মেয়ের বিয়ে: কী বলে ইসলাম

    সুদের সঙ্গে জড়িত পাত্রের সাথে মেয়ের বিয়ে: কী বলে ইসলাম

    মেয়ের বিয়ে প্রতিটি মা-বাবার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রত্যেক সচেতন অভিভাবকেরই চাওয়া থাকে, মেয়ের জামাতা যেন দ্বীনদার, সৎ, নৈতিক চরিত্রবান এবং দায়িত্বশীল হন। কারণ বিয়ে কেবল দুজন মানুষের সামাজিক মেলবন্ধন নয়; এটি একটি নতুন পারিবারিক জীবনের সূচনা, যা উভয় পক্ষের দুনিয়া ও আখিরাতের কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

    কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক সময় দেখা যায়, প্রস্তাব আসা পাত্রের উপার্জনের সঙ্গে সরাসরি সুদ বা অবৈধ আর্থিক লেনদেন সম্পৃক্ত। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অভিভাবকদের মনে সংশয় জাগে—সুদ বা হারাম উপার্জনে জড়িত ব্যক্তির কাছে মেয়েকে বিয়ে দেওয়া কি শরিয়তসম্মত? তার এই উপার্জনের প্রভাব কি নতুন সংসারজীবনে পড়বে? পাত্রের অন্যান্য গুণ ভালো হলেও কেবল সুদি পেশায় থাকার কারণে অভিভাবকের কী পদক্ষেপ নেওয়া উচিত? কুরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে বিষয়টির শরয়ি সমাধান বিশ্লেষণ করা যাক।

    ১. ইসলামে সুদের ভয়াবহতা ও অবস্থান

    ইসলামি শরিয়তে সুদকে সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক কবিরা গুনাহগুলোর অন্যতম হিসেবে সাব্যস্ত করা হয়েছে। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ—যেকোনোভাবে সুদের প্রক্রিয়ায় জড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন— وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ‘আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৭৫)

    মুমিনদের সুদের যাবতীয় অবশিষ্টাংশ বর্জনের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা আরও এরশাদ করেন— يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে, তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৭৮)

    সুদের পাপের বিস্তৃতি কেবল এর প্রত্যক্ষ গ্রহীতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই সমান অপরাধী। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন— لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ ‘রাসুলুল্লাহ (সা.) সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং এর দুই সাক্ষীকে অভিশাপ দিয়েছেন। আর বলেছেন, তারা সবাই (গুনাহের ক্ষেত্রে) সমান।’ (সহিহ মুসলিম: ১৫৯৮)

    সুতরাং সুদি কারবারকে কোনোভাবেই হালকা বা সাধারণ পেশা ভাবার অবকাশ নেই; এটি আল্লাহর বিধানে চূড়ান্ত পর্যায়ের অবাধ্যতা।

    ২. সুদি কারবারির সঙ্গে মেয়ের বিয়ে কি বৈধ?

    বিষয়টি পর্যালোচনার ক্ষেত্রে পাত্রের ব্যক্তিগত সুদি কারবারে লিপ্ত থাকা এবং তার সঙ্গে বিবাহবন্ধনের বৈধতার শরয়ি দিকটির সূক্ষ্ম পার্থক্য বোঝা জরুরি।

    ইসলামি আইনশাস্ত্র অনুযায়ী, কোনো ব্যক্তি সুদের সঙ্গে জড়িত থাকার কারণে তার সঙ্গে সম্পন্ন হওয়া আকদ বা বিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা অবৈধ হয়ে যায় না। তবে কোনো ব্যক্তি যদি জেনেবুঝে হারাম সুদি লেনদেনে অবিচল থাকে এবং তা থেকে তওবা না করে, তবে তা তার দ্বীনদারির মারাত্মক ঘাটতি ও নৈতিক স্খলনের স্পষ্ট প্রমাণ।

    এমন পাত্রের ব্যাপারে অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে সে যদি সুদ নিষিদ্ধ হওয়ার বিধান জানা সত্ত্বেও তা বর্জন করতে অস্বীকৃতি জানায়, তবে মেয়ের দ্বীন ও আখিরাতের সুরক্ষায় তাকে পাত্র হিসেবে প্রত্যাখ্যান করাই বিচক্ষণ অভিভাবকের দায়িত্ব।

    শাইখ ইবনে বায (রহ.)-কে প্রশ্ন করা হয়েছিল, একজন পাত্র সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন এবং বিকল্প কাজ না পাওয়া পর্যন্ত তা ছাড়তে নারাজ; এমন পাত্রের কাছে মেয়েকে বিয়ে দেওয়া সমীচীন হবে কি না? জবাবে তিনি পরিষ্কারভাবে অভিমত দেন—পাত্রের মানসিকতা ও অবস্থা যদি এমন হয়, তবে সে ওই চাকরিতে বহাল থাকা অবস্থায় তার কাছে মেয়েকে পাত্রস্থ না করাই বাঞ্ছনীয়। সুতরাং অভিভাবকদের উচিত পাত্রের পেশাগত স্বচ্ছতার বিষয়ে আপসহীন থাকা এবং তাকে হালাল উপার্জনে ফিরে আসার জোরালো তাগিদ দেওয়া।

    ৩. পাত্র নির্বাচনে দ্বীনদারি ও চরিত্রের অগ্রাধিকার

    পাত্রের পদমর্যাদা বা সম্পদের চেয়ে তার দ্বীনদারির মূল্যায়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি ইরশাদ করেছেন— إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ ‘তোমাদের কাছে এমন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এলে, যার দ্বীনদারি ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তাহলে তার সঙ্গে বিয়ে দাও।’ (জামে তিরমিজি: ১০৮৪)

    এই নির্দেশনায় স্পষ্ট যে, বৈষয়িক প্রাচুর্য, বিলাসবহুল বাড়ি-গাড়ি বা সামাজিক প্রতিপত্তি দেখে সিদ্ধান্ত নেওয়া মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। বরং পাত্রের নিয়মিত সালাত, ধর্মীয় অনুশাসন মেনে চলা, আমানতদারি, হালাল-হারামের বাছবিচার ও সুন্দর আচরণই হওয়া উচিত প্রধান মাপকাঠি।

    ৪. পরিবারে হারাম উপার্জনের প্রভাব

    হারাম উপার্জন মানুষের জীবনে বরকত ও মানসিক প্রশান্তি কেড়ে নেয় এবং মহান আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। একজন মুমিনের প্রতিটি লোকমা হালাল হওয়া জরুরি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন— إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না।’ (সহিহ মুসলিম: ১০১৫)

    তবে ব্যবহারিক মাসআলার ক্ষেত্রে স্বামীর উপার্জনে হারামের মিশ্রণ থাকলেই সংসারের প্রতিটি পাই-পয়সা স্ত্রীর জন্য ঢালাওভাবে হারাম হয়ে যায়—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। উপার্জনের প্রকৃত ধরন, অর্থের মূল উৎস এবং স্ত্রীর নিরুপায় অবস্থার ওপর অনেক বিধান নির্ভর করে। তা সত্ত্বেও পারিবারিক জীবনের বরকত নিশ্চিত করতে বিয়ের প্রস্তাবের সময়ই পাত্রের উপার্জনের মাধ্যম শতভাগ হালাল করার ব্যাপারে শর্ত দেওয়া আবশ্যক।

    ৫. পাত্র অতীত থেকে তওবা করলে করণীয়

    কোনো পাত্র অতীতে সুদের কারবারে জড়িত থাকলেও যদি সে আন্তরিক অনুশোচনা নিয়ে তা পুরোপুরি পরিহার করে এবং হালাল বিকল্পের সন্ধানে সচেষ্ট হয়, তবে তার অতীতের কারণে তাকে আজীবনের জন্য অনুপযুক্ত ঘোষণা করা শরিয়তের উদ্দেশ্য নয়। মহান আল্লাহ তাওবাকারীদের জন্য তাঁর ক্ষমার দ্বার উন্মুক্ত রেখে ঘোষণা করেন— قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ‘বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।’ (সুরা আয-যুমার: আয়াত ৫৩)

    সুতরাং পাত্রের মধ্যে যদি আন্তরিক তাওবার প্রতিফলন দেখা যায় এবং সে বৈধ উপার্জনের প্রতি যত্নবান হয়, তবে তার সার্বিক দ্বীনদারি বিবেচনায় নিয়ে বিয়ের প্রস্তাব গ্রহণ করা যেতে পারে।

    ৬. কন্যার স্পষ্ট মতামত ও সম্মতি

    পাত্র নির্বাচনের পুরো প্রক্রিয়ায় কন্যার মতামতকে উপেক্ষা করার সুযোগ ইসলামে নেই। জোরপূর্বক অভিভাবকের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) দ্ব্যর্থহীনভাবে আদেশ করেছেন— لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ ‘বিধবা বা পূর্বে বিবাহিত নারীকে তার পরামর্শ ছাড়া বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী মেয়েকেও তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না।’ (সহিহ বুখারি: ৫১৩৬, সহিহ মুসলিম: ১৪১৯)

    মেয়ের বিয়ে কেবল একজন সচ্ছল ব্যক্তির হাতে কন্যাকে তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা নয়; এটি এমন একজন দ্বীনি অভিভাবক ও জীবনসঙ্গী খুঁজে নেওয়ার বিষয়, যার ছায়াতলে একটি মেয়ে নিরাপদে তাঁর ঈমান ও আমল সংরক্ষণ করতে পারবে।

    সুদি কারবারে লিপ্ত ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া আইনগতভাবে বাতিল না হলেও, সচেতনভাবে সুদে যুক্ত থাকা ব্যক্তিকে জামাতা হিসেবে বরণ না করাই সতর্কতামূলক ও কল্যাণকর সিদ্ধান্ত। আর যে ব্যক্তি ভুল বুঝতে পেরে সুদের কারবার ছেড়ে হালাল পথে ফিরে এসেছে, তার প্রস্তাব বিবেচনায় রাখা ইসলামের ক্ষমার নীতির অংশ।

  • বিয়ে করে আত্মীয়-স্বজনকে জানানোর বিধান

    বিয়ে করে আত্মীয়-স্বজনকে জানানোর বিধান

    ধর্ম ও জীবন

    ইসলামে বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়; এটি একটি পবিত্র ইবাদত, দায়িত্ব এবং আমানত। বিশেষ পরিস্থিতিতে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হলেও ইসলাম এটিকে কোনো শর্তহীন অধিকার হিসেবে উপস্থাপন করেনি। বরং ন্যায়বিচার, আর্থিক সামর্থ্য, দায়িত্বশীলতা এবং আল্লাহভীতিকে একাধিক বিয়ের মৌলিক ভিত্তি হিসেবে নির্ধারণ করেছে। ইসলামে বিয়ে গোপন রাখার অনুমোদন নেই। বরং বিয়ের পর তা সমাজে ঘোষণা করা বা প্রচার করা আবশ্যক।

    বিয়ের ঘোষণা (ই’লান): রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তোমরা বিয়ে প্রকাশ্যে সম্পন্ন করো। বিয়ে যে সম্পন্ন হয়েছে, তা যেন সমাজের মানুষ জানতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

    সাক্ষী ও অভিভাবক: বিয়ের আকদ বা চুক্তি বৈধ হওয়ার জন্য শর্ত হলো দুইজন মুসলিম পুরুষ (অথবা একজন পুরুষ ও দুইজন নারী) সাক্ষী এবং কনের অভিভাবকের (ওয়ালী) উপস্থিতি থাকতে হবে। হাদিসে এসেছে, অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে হয় না। (সহিহ ইবনে হিব্বান)

    ওলিমা: বিয়ের ঘোষণা দেওয়ার সবচেয়ে উত্তম এবং সুন্নাতসম্মত মাধ্যম হলো ‘ওলিমা’ বা বিয়ের খাবার আয়োজন করা। সামর্থ্য অনুযায়ী আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অভাবীদের দাওয়াত খাইয়ে বিয়ের আনন্দ ভাগ করে নেওয়া এবং জানান দেওয়া ওয়াজিব বা মুস্তাহাব পর্যায়ের আমল। রাসুলুল্লাহ (সা.) নিজে ওয়ালিমা করেছেন এবং সাহাবিদের করতে বলেছেন। রাসুলুল্লাহ (সা.) জয়নব বিনতে জাহাশ (রা.)-কে বিয়ে করার পরদিন ওয়ালিমা করেছিলেন। (বুখারি, হাদিস নম্বর-৫১৭০)। রাসুলুল্লাহ (সা.) ছাফিয়াহ (রা.)-কে বিয়ের পর

    তিন দিন যাবৎ ওয়ালিমা খাইয়েছিলেন। (মুসনাদে আবু ইয়ালা, হাদিস নম্বর-৩৮৩৪)

    ঢোল বাজানো ও আনন্দ করা: ইসলামে বিয়ের ঘোষণা দেওয়ার জন্য মেয়েদের দফ (এক ধরনের বাদ্যযন্ত্র) বাজিয়ে গান গাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যাতে আশেপাশের মানুষ বুঝতে পারে যে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা বিয়ের ঘোষণা দেবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষে দফ বাজাবে। (সুনানে তিরমিজি, হাদিস : ১০৮৯)

  • ‘ভিন্ন ধর্মের প্রতি সম্মান দেখানো সমাজের মানদণ্ড হওয়া উচিত’

    ‘ভিন্ন ধর্মের প্রতি সম্মান দেখানো সমাজের মানদণ্ড হওয়া উচিত’

    ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব সমাজে ধর্মীয় সহাবস্থান নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

    তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, ভিন্ন ধর্মবিশ্বাসের মানুষের সমন্বয়ে গঠিত সমাজে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনই হওয়া উচিত প্রধান নীতি।

    পোস্টে তিনি উল্লেখ করেন, সমাজে, রাষ্ট্রে যখন ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাসের মানুষ একসাথে বসবাস করে; তখন এক ধর্মের লোক আরেক ধর্মের প্রতি সম্মান দেখাবেন এবং পাবলিকলি অবমাননাকর/ডেরোগেটরি কোনো মন্তব্য করবেন না— এইটাই নর্ম হওয়া উচিত। অন্যথায় সহাবস্থান বিঘ্নিত হবে এবং সমাজে অ্যানার্কি তৈরি হবে।

    ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, এবং নবী-রাসূলের প্রতি মানুষের গভীর শ্রদ্ধাবোধের কথা উল্লেখ করে তিনি আরও লিখেন, মূর্খ এবং ইতরের মতো এইটাকে আঘাত করা কোনো বাকস্বাধীনতা না, বরং অত্যন্ত নিচু স্তরের অসভ্যতা। এই অসভ্য কাজ যে কোনো সভ্য সমাজে নৈতিক জায়গা থেকে নিন্দাযোগ্য এবং আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই বিবেচিত হওয়া উচিত।