ইউনেস্কো

  • আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

    আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

    বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নের লক্ষ্যে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো। প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এ আগ্রহের কথা জানান।

    সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার পেশাদারিত্ব উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সব মাধ্যমের শিক্ষকদের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরি, প্রাক-চাকরি শিক্ষক প্রশিক্ষণ এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন, স্বাস্থ্য শিক্ষা, টেকসই উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করেন।

    বৈঠকে দেশের শিক্ষা ইকোসিস্টেমকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

    তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট ও এডটেক খাতে বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়াতে সরকার কাজ করছে। শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে। এর মাধ্যমে উন্নত মানের শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

    বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উভয় পক্ষই বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে দৃঢ় ঐকমত্য পোষণ করেন।

  • স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে ইউনেস্কো

    স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে ইউনেস্কো

    তরুণদের স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। এ লক্ষ্যে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ডিজিটাল যোগাযোগ ও তথ্য প্রচারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    ইউনেস্কোর এক প্রতিবেদনে বলা হয়েছে, তরুণরা জীবনের উল্লেখযোগ্য সময় অনলাইনে কাটায়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম তাদের সঙ্গে যোগাযোগ, তথ্য প্রদান ও সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

    গত ১২ থেকে ১৪ আগস্ট তানজানিয়ায় তিন দিনের একটি ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশটির ১৩টি উচ্চ ও তৃতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী সহপাঠী শিক্ষকরা অংশ নেন। কর্মসূচিটি বাস্তবায়নে ইউনেস্কোর সঙ্গে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সহযোগিতা করে।

    প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, এইচআইভি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সঠিক, আকর্ষণীয় ও তরুণবান্ধব ডিজিটাল কনটেন্ট তৈরির কৌশল শেখানো হয়। পাশাপাশি দায়িত্বশীলভাবে অনলাইনে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিশ্লেষণী তথ্য ব্যবহার করে পাঠক ও দর্শকদের আগ্রহ বোঝার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

    ইউনেস্কো জানিয়েছে, প্রশিক্ষণ শেষে এসব সহপাঠী শিক্ষক নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে তরুণদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে কাজ করবেন। তাদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বাড়ানো এবং তরুণদের সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে। তরুণরা যেসব ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়মিত ব্যবহার করে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো গেলে স্বাস্থ্য, শিক্ষা ও সুস্থতা বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।