অসুস্থতার

  • অসুস্থতার কারণে টেবিলে সিজদা দেওয়ার বিধান কি?

    অসুস্থতার কারণে টেবিলে সিজদা দেওয়ার বিধান কি?

    ইসলাম একটি সহজ ও মানবিক জীবনবিধান। মানুষের শারীরিক সক্ষমতা, বয়স ও অসুস্থতার বিষয়টি বিবেচনা করে ইসলামী শরিয়ত ইবাদতের নিয়মে এনেছে অপরিসীম নমনীয়তা। তবে বর্তমানে হাঁটু বা কোমরের ব্যথায় আক্রান্ত অনেকেই খাটে বা চেয়ারে বসে সামনে টেবিল কিংবা উঁচু টুল রেখে তাতে কপাল ঠেকিয়ে নামাজের সিজদা আদায় করেন।

    বাহ্যিকভাবে এটিকে সহজ মনে হলেও ইসলামী শরিয়তের দৃষ্টিতে এটি একটি প্রচলিত ভুল নিয়ম। এ প্রসঙ্গে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক আলোচনায় শরয়ি ব্যাখ্যা প্রদান করেছেন বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।

    তিনি বলেন, শারীরিক অসুস্থতা, তীব্র শারীরিক কষ্ট, প্রবীণ বয়স কিংবা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগ স্থায়ী হওয়ার আশঙ্কা থাকলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে চেয়াারে বা টুলে বসে নামাজ পড়ার স্পষ্ট অনুমতি রয়েছে। তবে সিজদা দেওয়ার ক্ষেত্রে সামনে টেবিল, টুল বা উঁচু কোনো আসবাবপত্র রেখে তার ওপর কপাল ঠেকানো শরিয়তসম্মত নয়।

    শায়খ আহমাদুল্লাহ জানান, কপাল ঠেকিয়ে সিজদা করার একমাত্র নির্ধারিত স্থান হলো ফ্লোর বা মাটি। মাটিতে মাথা রাখা সম্ভব না হলে সামনে কৃত্রিমভাবে মাথা বরাবর কোনো উঁচু বস্তু রেখে তাতে কপাল ঠেকানোর আলাদা কোনো ফজিলত বা বিধান ইসলামে নেই। তাই এ ধরনের অনাবশ্যক কসরত করার কোনো প্রয়োজন নেই

    সিজদার সঠিক দুটি পদ্ধতি

    ইসলামী এই স্কলার বলেন, শরিয়তে অসুস্থ ব্যক্তির জন্য সিজদা আদায়ের বৈধ পথ মূলত দুটি:

    • সরাসরি জমিন বা মাটিতে সিজদা করা: স্বাভাবিক অবস্থায় কিংবা বসে পড়া সত্ত্বেও সক্ষম হলে ফ্লোর বা মাটিতে কপাল রেখে সিজদা সম্পন্ন করা।
    • ইশারার মাধ্যমে সিজদা করা: শারীরিক অক্ষমতার কারণে মাটিতে কপাল ঠেকানো একেবারেই অসম্ভব হলে কোনো উঁচু বস্তুর ওপর মাথা না ঠেকিয়ে কেবল মাথার ইশারায় রুকু ও সিজদা সম্পন্ন করা।

    ইশারায় নামাজ আদায়ের সুন্নাহসম্মত নিয়ম

    ইশারায় নামাজ পড়ার সময় কোনো প্রকার কৃত্রিম উঁচু উপাদানের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে নিয়মটি হলো:

    • রুকুর নিয়ম: বসে থাকা অবস্থায় রুকুর নিয়তে মাথা সামান্য নিচের দিকে ঝুকাতে হবে।
    • সিজদার নিয়ম: সিজদার নিয়তে রুকুর চেয়ে আরেকটু বেশি মাথা নিচের দিকে ঝুকাতে হবে।
    • পরবর্তী রুকন: এরপর পুনরায় মাথা সোজা করে বসার বা দাঁড়ানোর নিয়তে অবস্থান গ্রহণ করতে হবে।