অর্থ ও বাণিজ্য

  • আইআরসি ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ

    আইআরসি ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ

    রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ ও উৎপাদন প্রক্রিয়া সহজ করতে ক্যাপিটাল মেশিনারি আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানগুলো শিল্প স্থাপনের প্রয়োজনে আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আনতে পারবে। একই সঙ্গে উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের খুচরা যন্ত্রাংশ আমদানির সুযোগও আছে। চূড়ান্ত আমদানি নীতিমালায় এমন বিধান রাখা হয়েছে।

    রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সংশোধিত বিধানগুলো জানানো হয়। আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯–এ একগুচ্ছ সংশোধনী এনে এসব সুবিধা দেওয়া হয়েছে।

    সংশোধিত বিধান অনুযায়ী, অনুমোদিত শিল্পপ্রতিষ্ঠানগুলো শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারি আইআরসি ছাড়াই আমদানি করতে পারবে। পাশাপাশি কারখানার যন্ত্রপাতি সচল রাখতে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সামগ্রী আনার পথও সহজ করা হয়েছে। শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায়ে আমদানি প্রক্রিয়ার একটি প্রশাসনিক বাধা কমানোর পাশাপাশি বিদ্যমান কারখানার উৎপাদন ধারাবাহিক রাখতেও এ সিদ্ধান্ত সহায়ক হবে।

    রপ্তানিমুখী পোশাক খাতের কাঁচামাল আমদানিতেও শর্ত শিথিল করা হয়েছে। সিমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের কৃত্রিম তন্তুর কাপড় এখন আকার ও সাইজের বাধা ছাড়াই আনা যাবে। তবে এসব পণ্য আমদানিতে বিজিএমইএ অথবা বিকেএমইএর সুপারিশ নিতে হবে।

    সংশোধনীতে কটন ফেব্রিক, ম্যান-মেইড ফাইবার ও সিনথেটিক ফেব্রিকের পাশাপাশি ‘অন্যান্য উপকরণ’ অন্তর্ভুক্তির বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। ফলে বিশেষায়িত পোশাক উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সুযোগ বাড়বে।

    বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্য রপ্তানির ক্ষেত্রেও কাঁচামাল সংগ্রহের বিধান সহজ করা হয়েছে। ব্যাক-টু-ব্যাক ঋণপত্র বা চুক্তিপত্রের বিপরীতে ইউডি কিংবা ইউপি অনুযায়ী নির্ধারিত পরিমাণে কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানি করা যাবে। নির্ধারিত নিয়মে নিষিদ্ধ বা শর্তযুক্ত তালিকায় থাকা পণ্যও এ সুবিধার আওতায় আনা যাবে।

    নির্দিষ্ট ক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য ঋণপত্র বা চুক্তিপত্রের পাশাপাশি টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমেও পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। বন্ড লাইসেন্সধারী শিল্পকারখানার লবণ আমদানির ক্ষেত্রেও কমেছে প্রশাসনিক ধাপ। এখন কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদিত বার্ষিক প্রাপ্যতা ও প্রকৃত ব্যবহারের ভিত্তিতে আমদানির পরিমাণ নির্ধারণ করবে। এ জন্য সংশ্লিষ্ট পোষক কর্তৃপক্ষের সুপারিশ আর প্রয়োজন হবে না।

    এছাড়া বেসরকারি আমদানিকারকদের বীমাসংক্রান্ত কাগজপত্র জমার প্রক্রিয়া অনলাইনে করা হয়েছে। সাধারণ বীমা করপোরেশন, দেশীয় বীমা কোম্পানি অথবা প্রযোজ্য ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের দেওয়া কভার নোট ও বীমা পলিসি পণ্য খালাসের সময় ইলেকট্রনিক পদ্ধতিতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

    বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রপ্তানিমুখী শিল্পের চাহিদা বিবেচনায় নিয়ে আমদানি প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যেই এসব সংশোধনী আনা হয়েছে। বিশেষ করে ম্যান-মেইড ফাইবারভিত্তিক পোশাক, বিশেষায়িত টেক্সটাইল এবং নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে কাঁচামাল ও যন্ত্রপাতি সংগ্রহে বিদ্যমান কিছু জটিলতা কমবে।

    উল্লেখ্য, আইআরসি হলো বাংলাদেশে পণ্য আমদানির জন্য ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় সরকারি নিবন্ধন সনদ, যা আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে দেওয়া হয়। বাণিজ্যিক ও শিল্প আমদানিকারকদের জন্য পৃথক আইআরসি রয়েছে। দীর্ঘদিন ধরে এটি দেশের আমদানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর মাধ্যমে আমদানিকারকের বৈধতা, কে কী ধরনের পণ্য আমদানি করছে এবং সংশ্লিষ্ট ব্যবসার তথ্য যাচাই করা হয়। ব্যাংকিং চ্যানেলে এলসি খোলা বা বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধের আগে আমদানিকারকের আইআরসি নিবন্ধন যাচাইয়ের বিধানও ছিল।

  • ক্ষতিপূরণ পাচ্ছেন পাঁচ ব্রোকারেজ হাউসের ৯৭ শতাংশ বিনিয়োগকারী

    ক্ষতিপূরণ পাচ্ছেন পাঁচ ব্রোকারেজ হাউসের ৯৭ শতাংশ বিনিয়োগকারী

    অর্থ আত্মসাতকারী পাঁচটি ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৯৭ শতাংশ তাদের ক্ষতিপূরণ পাবেন। পাঁচটি ব্রোকারেজ হাউসের ১৭ হাজার ৯২৫ জন বিনিয়োগকারীদের মধ্যে ১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ বাবাদ প্রায় ৭২ কোটি টাকা দেওয়া হবে। চলতি সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ থেকে ক্ষতিপূরণের অর্থ ফেরত দেওয়া হবে। আগামী ২ মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

    মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি জানানো হয়। রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ইনভেস্টর প্রটেকশান ফান্ডের (আইটিএফ) চেয়ারম্যান নাসরিন বেগম উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, মশিউর, বানকো, তামহা, ক্রেস্ট ও শাহ মোহাম্মদ সগির সিকিউরিটিজ হাউস বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়। ২০২২ সাল ও তার পূর্বেকার সময়ে এসব ঘটনা ঘটে। পাঁচটি ব্রেকারেজ হাউস থেকে সাধারণ বিনিয়োগকারীদের প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

    এছাড়া সালতা সিকিউরিটিজ হাউসের বিরুদ্ধেও বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির তদন্ত চলমান রয়েছে। এ হাউসটি বিনিয়োগকারীদের কি পরিমাণ অর্থ আত্মসাত করেছে সে বিষয়ে ডিএসইর পক্ষ থেকে কোন তথ্য দেওয়া হয়নি।

    সংবাদ সম্মেলনে আইটিএফ চেয়ারম্যান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ইনভেস্টর প্রটেকশান ফান্ড) বিধিমালা-২০১৪৫ এর ১৬ ধারার উপবিধি (৭) অনুযায়ী বিনিয়োগকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। সে বিধানের আলোকে আইটিএফ থেকে প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। সে অনুযায়ী বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৯৭ শতাংশ বিনিয়োগকারী তাদের অর্থ ক্ষতিপূরণ হিসাবে পাচ্ছেন।

    তিনি বলেন, দীর্ঘ প্রক্রিয়া ও দায়িত্বশীলতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ক্ষতিপূরণের মাধ্যমে শুধু বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে না এর মাধ্যমে পুঁজিবাজারে আস্থা পুনর্গঠনের একটি ক্ষুদ্র প্রয়াসও বটে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকলে পুঁজিবাজারের স্বার্থও সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

    ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে পাঁচটি ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ইতোমধ্যে প্রায় ৩৭ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হয়েছে। এখন আইটিএফ ফান্ড থেকে প্রায় ৭২ কোটি টাকা দেওয়া হবে। এরমাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ১৭ হাজার ৩৩২ জন তাদের পুরো অর্থই ফেরত পাবেন। অর্থ আত্মসাতকারী পাঁচটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের কাছ থেকে অর্থ আদায়ে চাপ তৈরি করা হবে। তাদের নিজস্ব শেয়ার, ডিএসইতে তাদের ধারণকৃত শেয়ার, ব্যক্তিগত যেসব সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রির চেষ্টা করা হবে। পাশাপাশি আইটিএফ ফান্ডে ভবিষ্যতে যে অর্থ জমা হবে সেখান থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আরও অর্থ ফেরত দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

    ডিএসই চেয়ারম্যান বলেন, এটা শুধু আইনগত বিষয়ই নয়, এটা একটা মানবিক ইস্যুও বটে। টাকা ফেরত না পাওয়ায় এসব ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীরা আর্থিক ও মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। ভবিষ্যতে যাতে এ ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মনিটিরিং ও সার্ভিল্যান্স ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

  • দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

    দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

    ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।

    পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এই ডিজেল আমদানি করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, রোববার সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের এই প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বিকালে তা শেষ হয়।

    ২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

    আমদানিকৃত এই জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান-পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমপরিমাণে বিতরণ করা হয়।

    উল্লেখ্য, পাইপলাইনের বাংলাদেশ অংশটি ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পার্বতীপুরে পৌঁছেছে।

  • জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

    জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

    দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    এর আগে, সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

    সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

  • ওবিইউর মাধ্যমে সাশ্রয়ী বাণিজ্য অর্থায়নে নতুন পদক্ষেপ

    ওবিইউর মাধ্যমে সাশ্রয়ী বাণিজ্য অর্থায়নে নতুন পদক্ষেপ

    বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করতে অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে বৈদেশিক মুদ্রা সরাসরি ক্রয়-বিক্রয় এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনুমোদিত বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রমে প্রতিযোগিতামূলক ব্যয়ে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ আরও বাড়বে।

    সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহক লেনদেন সহজ করা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা জোরদার করা, সম্পদ-দায় ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি কার্যক্রমের সঙ্গে দেশের অফশোর ব্যাংকিং কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতেই এ সুবিধা দেওয়া হয়েছে।

    সার্কুলার বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় ওবিইউগুলো নিজ নিজ ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট, অন্যান্য অনুমোদিত ডিলার ও ওবিইউ এবং সংশ্লিষ্ট কাউন্টারপার্টির সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এবং ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেন করতে পারবে।

    এর ফলে ওবিইউগুলো উপযুক্ত উৎস থেকে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ, তহবিলের কাঠামো আরও কার্যকরভাবে সাজানো এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারবে। বিশেষ করে অনুমোদিত বাণিজ্য অর্থায়নের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ব্যয়ে অর্থায়ন দেওয়ার সুযোগ তৈরি হবে।

    সার্কুলার অনুযায়ী, এসব লেনদেন অনুমোদিত গ্রাহক লেনদেন, তহবিলের প্রয়োজন, নিষ্পত্তির দায়, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা অথবা বৈদেশিক মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে হবে।

    বাংলাদেশ ব্যাংক ওবিইউগুলোকে বিচক্ষণ বৈদেশিক মুদ্রা তহবিল ব্যবস্থাপনা কৌশল গ্রহণে উৎসাহিত করেছে। প্রয়োজনে তুলনামূলক কম ব্যয়ের বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ এবং উপযুক্ত বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় বা ক্রস-কারেন্সি সোয়াপের মাধ্যমে সংশ্লিষ্ট মুদ্রা ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

  • রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ফরিদপুর জেলা সদরে অবস্থিত এসডিসি টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

    তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করার পাশাপাশি ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মনিরুল হক।

    এ সময় ফরিদপুর বিভাগের আওতাধীন ৩টি জোনাল অফিসের জোনাল ম্যানেজার, ৩৫টি শাখার ব্যবস্থাপক এবং ৩টি উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় বিভাগের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ জোরদার, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের অর্থায়ন এবং রূপালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ‘রূপালী ক্যাশ’, রূপালী ই-ব্যাংকিং অ্যাপ, বাংলা কিউআর ও সর্বজনীন পেনশন স্কিমসহ আধুনিক ব্যাংকিং সেবাগুলো গ্রাহকদের কাছে আরো সহজলভ্য ও জনপ্রিয় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

  • বাংলাদেশ-ভারত বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিটুবি টাস্কফোর্স গঠনের তাগিদ

    বাংলাদেশ-ভারত বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিটুবি টাস্কফোর্স গঠনের তাগিদ

    বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আর জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।

    এফবিসিসিআইর গুলশান কার্যালয়ে আজ প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব বিষয়ে আলোকপাত করেন।

    এসময় দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডেপুটি হাইকমিশনার। তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তার দপ্তর দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছে। এ বিষয়ে এফবিসিসিআইর নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা আহ্বান করেন তিনি।

    ভারতীয় ডেপুটি হাইকমিশনার জানান, এই মুহূর্তে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ইন্ডিয়ান হাইকমিশন দৈনিক প্রচুর সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানান তিনি।

    এফবিসিসিআইর প্রশাসক জানান, বাংলাদেশ-ইন্ডিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে যৌথ টাস্কফোর্স গঠন ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। উদীয়মান এবং সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ ও বাণিজ্য এগিয়ে নিতে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান মো. ফজলুল হক।

  • সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার

    সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার

    চলতি বছরের বাকি সাড়ে তিন মাসের জন্য সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীনের ইউনিপ্যাক ও পেট্রো চায়না এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে এসব জ্বালানি কেনা হবে।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। এর বাইরেও দরপত্র ছাড়া একই সময়ের জন্য আরও ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল এবং জেট ফুয়েল কেনার অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

    দরপত্র ছাড়া সরাসরি কেনাকাটা করতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের নীতিগত অনুমোদন লাগে।

    পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় এর আগে দরপত্র ছাড়া ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত হয়েছিল এ কমিটির সভায়।

    অগাস্টেও একইভাবে দরপত্র ছাড়া দুই দফায় ২২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। ১৯ অগাস্ট সিদ্ধান্ত নেওয়া হয় সাতটি কোম্পানি থেকে দুই কার্গো করে মোট ১৪টি কার্গো এলএনজি কেনার। ৮ কার্গো এলএনজি এবং দেশের ‘আপৎকালীন’ এলপিজি চাহিদা পূরণ ও বাজারের ‘স্থিতিশীলতা’ নিশ্চিত করতে ৫ হাজার টন এলপিজি আমদানির সিদ্ধান্ত হয়।

    বুধবারের পরিশোধিত জ্বালানি আমদানির সিদ্ধান্তের বিষয়ে অর্থ মন্ত্রণালয় বলেছে, জিটুজি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০:৫০ অনুপাতে কেনার যে শর্ত ছিল তা বৈঠকে শিথিল করা হয়েছে।

    সে অনুযায়ী দুই দেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি (চীনের ইউনিপেক ও পেট্রো চায়না এবং ইন্দোনেশিয়ার বিএসপি) থেকে জিটুজি চুক্তির আওতায় এসব পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত হয়।
    তাতে খরচ হবে ১২ হাজার ৫৩৭ কোটি টাকা।

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় ছয় মাস ধরে কার্যত বন্ধ। সম্প্রতি ইয়েমেনের হুতি যোদ্ধারা মান্দেব প্রণালিতেও হুমকি তৈরি করায় নতুন সংকট তৈরি হয়েছে।

    জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারকে পশ্চিম এশিয়ার বাইরে অন্য উৎস থেকে বাড়তি দামে তেল-গ্যাস আমদানি করতে হচ্ছে। কখনও আবার দরপত্র ছাড়াই কিনে চাহিদা মেটাতে হচ্ছে।

  • ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম, বাংলাদেশ ব্যাংকের সামনে চাকরিচ্যুতরা

    ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম, বাংলাদেশ ব্যাংকের সামনে চাকরিচ্যুতরা

    রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মীরা। একই সময়ে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের দিলকুশা প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মতিঝিল শাপলা চত্বর হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে যায়।

    পরে তারা আবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ফিরে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা।

    অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত নারী-পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের ছাতা মাথায় দিয়ে অবস্থান করতে দেখা যায়। চাকরি পুনর্বহালের এক দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

    কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে। এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুতরা।

    সচেতন গ্রাহক ফোরামের সচিব মুতাসিম বিল্লাহ বলেন, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

    চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের এক দফা দাবি তারা চাকরি পুনর্বহালের চাই।

    ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবি, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ কোনো পরীক্ষা ছাড়াই প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ দেয়। তাদের মধ্যে অনেকে মূল সনদ ছাড়াই চাকরি পান বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হলেও বেশির ভাগ কর্মকর্তা পরীক্ষায় অংশ নেননি। এতে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা চাকরি হারান।

  • মূল্যস্ফীতি কমছে, বেড়েছে বাজার খরচ

    মূল্যস্ফীতি কমছে, বেড়েছে বাজার খরচ

    সরকারি হিসাবে মূল্যস্ফীতি কমছে, মানে মূল্যবৃৃদ্ধির হার কমছে। কিন্তু সাধারণ মানুষের বাজারের খরচ কমছে না; বরং নিম্ন ও সীমিত আয়ের পরিবারগুলোর মাসিক ব্যয়ের চাপ ক্রমেই বাড়ছে। এর প্রধান কারণ- মূল্যস্ফীতির হার কমেছে, কিন্তু গত কয়েক বছরে যে উচ্চ মূল্যস্তর তৈরি হয়েছে, তা নিচে নামেনি। ফলে বাজারে নতুন করে দাম বৃদ্ধির গতি কিছুটা কমলেও আগের বাড়তি দামের ওপরই নতুন দাম যোগ হচ্ছে।
    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে আগস্টে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ; অর্থাৎ এক মাসে মূল্যস্ফীতির হার কমেছে মাত্র শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট। খাদ্য মূল্যস্ফীতিও জুলাইয়ের ৭ দশমিক ১৬ শতাংশ থেকে আগস্টে ৭ দশমিক ০২ শতাংশে নেমেছে। কিন্তু একই সময়ে খাদ্যপণ্যের মাসওয়ারি মূল্যসূচক বেড়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ; অর্থাৎ বার্ষিক হিসাবে দাম বাড়ার গতি কিছুটা কমলেও বাজারে দামের স্তর কমেনি। আরো উদ্বেগের বিষয়, আগস্টে জাতীয় মজুরি বৃদ্ধির হার নেমে এসেছে ৮ দশমিক ০৫ শতাংশে; অর্থাৎ গড় মজুরি বৃদ্ধির হারও ৮ দশমিক ২৬ শতাংশ মূল্যস্ফীতির নিচে। এর অর্থ গড়ে মানুষের আয় যে হারে বাড়ছে, তার চেয়ে সামান্য বেশি হারে জীবনযাত্রার ব্যয় বাড়ছে। ফলে প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত রয়েছে।
    মূল্যস্ফীতি কমলেই দাম কমে না : অর্থনীতির এই পার্থক্যটিই এখন সাধারণ মানুষের অভিজ্ঞতা ও সরকারি পরিসংখ্যানের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান তৈরি করছে। ধরা যাক, একটি পণ্যের দাম এক বছর আগে ছিল ১০০ টাকা। এক বছর পর দাম হলো ১০৮ টাকা। তা হলে মূল্যস্ফীতি ৮ শতাংশ। পরের বছর দাম ১০৮ টাকা থেকে ১১২ টাকা হলে মূল্যস্ফীতি কমে প্রায় ৩ দশমিক ৭ শতাংশ হবে। কিন্তু পণ্যের দাম ১০০ টাকায় ফিরে যায়নি; বরং দুই বছরে তা ১২ টাকা বেড়েছে।
    বাংলাদেশের বাজারেও অনেকটা একই পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির ফলে চাল, তেল, ডাল, মাছ, গোশত, মসলা ও অন্যান্য নিত্যপণ্যের মূল্যস্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন বৃদ্ধির হার কিছুটা কমলেও আগের মূল্যস্তর বহাল রয়েছে। ফলে সরকারি হিসাবে মূল্যস্ফীতি কমার যে স্বস্তির কথা বলা হচ্ছে, তা বাজারে গিয়ে অনেক পরিবার অনুভব করছে না।
    এক বছরে কোন পণ্যে কী পরিবর্তন
    টিসিবির বাজারদর বিশ্লেষণেও এই দ্বৈত চিত্র স্পষ্ট। গত বছরের একই সময়ের তুলনায় চলতি সময়ে কিছু পণ্যের দাম কমেছে, আবার বেশ কয়েকটি মৌলিক খাদ্যপণ্যের দাম বেড়েছে।
    সেপ্টেম্বর ২০২৫-এ প্রকাশিত টিসিবি-ভিত্তিক বাজার বিশ্লেষণে দেখা যায়, এক বছর আগের থেকে মোটা চালের দাম প্রায় সাড়ে ৭ শতাংশ, সরু চাল ১১ দশমিক ১১ শতাংশ এবং মাঝারি মানের চিকন চাল ১৭ দশমিক ৩৯ শতাংশ বেশি ছিল। দেশী পেঁয়াজ অবশ্য গত বছরের একই সময়ের ১১০-১২০ টাকা থেকে নেমে ৫০-৬০ টাকার আশপাশে এসেছিল; অর্থাৎ পেঁয়াজে বড় ধরনের বার্ষিক স্বস্তি তৈরি হয়েছে।
    অন্য দিকে টিসিবির পরবর্তী এক বছর মেয়াদি তুলনায় দেখা গেছে, চাল, ডাল, আটা, ময়দা, তেল, মাছ ও গোশতসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে; বিপরীতে পেঁয়াজ, রসুন ও ডিমের মতো কিছু পণ্যের দাম আগের বছরের তুলনায় কম ছিল। টিসিবি-ভিত্তিক ওই বিশ্লেষণে মোটা চাল, আটা, খোলা সয়াবিন তেল, মসুর ডাল, ব্রয়লার মুরগি, রুই মাছ ও গরুর গোশতে বার্ষিক মূল্যবৃদ্ধির কথা উঠে আসে; অর্থাৎ বাজারে এখন একক কোনো প্রবণতা নেই। কিছু পণ্যের দাম কমেছে, কিন্তু পরিবারের মোট খাদ্যঝুড়ির ব্যয় কমার মতো পর্যায়ে তা নামেনি।
    এক বছরের হিসাব ছাড়িয়ে এখনকার বাজার
    রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে পণ্যের দামে আবার নতুন করে অস্থিরতা দেখা যাচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়। কয়েক দিন আগেও দাম ছিল ১৪০-১৪৫ টাকা; অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে ডজনপ্রতি প্রায় ২০ টাকা বেড়েছে।
    সবজির বাজারেও একই সাথে বৃদ্ধি ও পতনের প্রবণতা রয়েছে। আলু বিক্রি হচ্ছে কেজি ২৫ টাকা, টমেটো ১০০, পেঁয়াজ ৫০, করলা ৮০, সাদা বেগুন ১২০ ও লম্বা বেগুন ১০০ টাকায়। সাদা বেগুন কিছু দিন আগেও ৯০-১০০ টাকা এবং লম্বা বেগুন ৮০ টাকা ছিল।
    পটোল ৬০ থেকে বেড়ে ৭০ টাকা এবং ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা হয়েছে। অন্য দিকে মুলা ৬০ থেকে কমে ৫০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ থেকে কমে ১২০ টাকা হয়েছে।
    লাউ আকারভেদে ৫০-৭০ টাকা, বরবটি ৮০ টাকা এবং ধনেপাতা প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েক মাস আগে আলু ছয় কেজি ১০০ টাকায় পাওয়া গেলেও এখন কেজি ২৫ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।
    মুরগির বাজারে সাময়িক কিছুটা স্বস্তি রয়েছে। ব্রয়লার ১৮০ টাকা কেজি, যা প্রায় এক সপ্তাহ আগে ছিল ১৯০ টাকা। তবে লেয়ার ও কক মুরগি প্রায় ৩৭০ টাকা কেজি।
    মাছের বাজারে তেলাপিয়া ২৫০-৩০০ টাকা কেজি। বিক্রেতাদের হিসাবে আগের তুলনায় কেজিতে প্রায় ৪০-৫০ টাকা বেড়েছে। বড় পাঙ্গাশ ২২০-২৫০ টাকা এবং ছোট পাঙ্গাশ প্রায় ২০০ টাকা কেজি।
    এই ওঠানামার মধ্যেই প্রকৃত সমস্যা হলো- একটি পণ্যের দাম কমলেও অন্য কয়েকটি পণ্যের বৃদ্ধি সেই স্বস্তি কেড়ে নিচ্ছে।
    নিম্নআয়ের পরিবারের বাজেটে কোথায় কাটছাঁট?
    ঢাকায় রিকশা চালিয়ে ছয় সদস্যের সংসার চালান মনির হোসেন। তার মাসিক আয় প্রায় ১৮ হাজার টাকা এবং ছেলের আয় প্রায় ২৪ হাজার টাকা; অর্থাৎ পরিবারের মোট আয় প্রায় ৪২ হাজার টাকা।
    বাসাভাড়া, বিদ্যুৎ ও গ্যাসে প্রায় ১০ হাজার টাকা এবং খাবারে ২৩-২৪ হাজার টাকা ব্যয় হয়। প্রতিদিন বাজারে গড়ে ৭০০-৮০০ টাকা খরচ হয়।
    দেড় মাসে পরিবারের প্রায় ৫০ কেজি চাল লাগে। মাসে প্রায় ছয় লিটার ভোজ্যতেল প্রয়োজন। প্রতি লিটার ২১০ টাকা হিসাবে শুধু তেলেই মাসে প্রায় এক হাজার ২৬০ টাকা চলে যাচ্ছে।
    মনিরের হিসাবে, তিন-চার মাস আগেও নিত্যপণ্যের পেছনে মাসে তিন থেকে চার হাজার টাকা কম খরচ হতো। তার বক্তব্যের মূল সঙ্কটটি হলো- আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে।
    এর অর্থ মূল্যস্ফীতি শুধু বাজারের সমস্যা নয়; এটি পরিবারের বাজেট পুনর্বিন্যাসের সমস্যা। খাবারের ব্যয় বাড়লে চিকিৎসা, শিক্ষা, পোশাক, যাতায়াত কিংবা সঞ্চয়ে কাটছাঁট করতে হয়। নিম্নআয়ের পরিবারে এ কাটছাঁট আরো দ্রুত ঘটে।
    তেজগাঁওয়ের ক্ষুদ্র টং দোকানদার হাসানের অভিজ্ঞতাও প্রায় একই। দুই-তিন মাস আগে যেখানে সপ্তাহে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় কাঁচাবাজার করা যেত, এখন একই ধরনের বাজারে তার ব্যয় বেড়েছে। তার হিসাবে দুই-তিন মাসে সাপ্তাহিক বাজার খরচ প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
    আসল চাপ খাদ্যে নয়, ক্রয়ক্ষমতায়
    মূল্যস্ফীতির সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতায়। আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ হলেও জাতীয় মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৫ শতাংশ; অর্থাৎ মূল্যবৃদ্ধির তুলনায় মজুরি বৃদ্ধির হার ০ দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম।
    এই ব্যবধানকে ছোট মনে হলেও নিম্নআয়ের পরিবারের ক্ষেত্রে এর প্রভাব বড়। কারণ তাদের আয়ের বড় অংশই খাবার, বাসাভাড়া, যাতায়াত ও জ্বালানিতে চলে যায়। উচ্চ আয়ের পরিবারের মতো তারা ব্যয়ের বড় অংশ সহজে সঞ্চয় বা বিলাসী খাত থেকে কমিয়ে সামঞ্জস্য করতে পারে না।
    তাই মূল্যস্ফীতি সামান্য কমলেও নিম্নআয়ের মানুষের কাছে স্বস্তি আসতে হলে একই সাথে প্রয়োজন- খাদ্যপণ্যের মূল্যস্তর স্থিতিশীল হওয়া; প্রকৃত মজুরি বৃদ্ধি; সরবরাহ ব্যবস্থার উন্নতি; পরিবহন ও মধ্যস্বত্বভোগী ব্যয় কমানো; বাজারে প্রতিযোগিতা বাড়ানো; এবং আকস্মিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কার্যকর নজরদারি।
    বাজারে সমস্যা শুধু আন্তর্জাতিক বাজারে নয়
    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, দাম বাড়ার ব্যাখ্যায় প্রায়ই আন্তর্জাতিক বাজার, জ্বালানি ব্যয় ও ভর্তুকির প্রসঙ্গ সামনে আসে। তার মতে, এর পাশাপাশি দেশীয় কাঠামোগত অদক্ষতা, অস্বচ্ছ চুক্তি, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা ও বাজার ব্যবস্থাপনার সমস্যাও বিবেচনায় নিতে হবে।
    তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ও চাঁদাবাজির অভিযোগগুলো কার্যকরভাবে মোকাবেলা না করলে শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যচাপ সামাল দেয়া কঠিন। তবে তার দাবি, চাঁদাবাজি বন্ধ হলে ঢাকায় পণ্যের দাম ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে- এটি তার একটি অনুমান; এর পক্ষে নির্ভরযোগ্য পরিমাণগত প্রমাণ ছাড়া এটিকে বাজারদরের নিশ্চিত সম্ভাব্য পতন হিসেবে বিবেচনা করা যায় না।
    এ জায়গাটিই নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ। বাজারে কোনো একটি পণ্যের দাম কত শতাংশ বেশি, সেটি জানা জরুরি; কিন্তু সেই অতিরিক্ত দামের কত অংশ উৎপাদন ব্যয়, কত অংশ পরিবহন, কত অংশ পাইকারি-খুচরা মার্জিন এবং কত অংশ অনানুষ্ঠানিক খরচ- সেটি না জানলে প্রকৃত কারণ নির্ণয় কঠিন।
    সরবরাহ বাড়ানো ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান কঠিন
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ নয়া দিগন্তকে বলেন, মূল্যস্ফীতি কমলেই বাজারে পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসে না। মৌসুমি পণ্যের দাম, উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে কোনো কোনো পণ্যের দাম বেশি থাকতে পারে।
    তার মতে, উৎপাদন ও সরবরাহ বাড়াতে বেসরকারি খাতকে সক্রিয় করা প্রয়োজন। বিনিয়োগ পরিবেশ সহজ করা, উৎপাদন ব্যয় কমানো এবং ব্যবসায়িক কার্যক্রমে অনিশ্চয়তা কমানো গুরুত্বপূর্ণ।
    এ বক্তব্যের সাথে সাম্প্রতিক বাজারচিত্রের একটি সরাসরি যোগ রয়েছে। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০২ শতাংশে নেমেছে, কিন্তু খাদ্যদ্রব্যের মাসওয়ারি মূল্যসূচক ৩ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে; অর্থাৎ বার্ষিক মূল্যস্ফীতির গতি কমলেও মাসের মধ্যে বাজারদর বাড়ার চাপ ছিল।
    সরকারি পরিসংখ্যান বনাম বাজারের অভিজ্ঞতা- দু’টিই সত্য
    এখানে সরকারি পরিসংখ্যান এবং সাধারণ মানুষের অভিজ্ঞতার মধ্যে আসলে কোনো সরাসরি বিরোধ নেই। বিবিএস বলছে, দাম বাড়ার হার কমেছে। ভোক্তা বলছেন, দাম কমেনি। দু’টি বক্তব্য একই সঙ্গে সত্য হতে পারে।
    মূল্যস্ফীতি হলো দাম বৃদ্ধির হার; এটি সরাসরি বাজারদরের মাত্রা নয়। ফলে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নামার অর্থ এই নয় যে বাজারে পণ্য ৮ দশমিক ২৬ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে। বরং এর অর্থ এক বছর আগের তুলনায় সামগ্রিক মূল্যস্তর এখনো প্রায় ৮ শতাংশের বেশি হারে বেশি।
    আর এই উচ্চ মূল্যস্তর যখন একাধিক বছর ধরে জমা হয়, তখন সামান্য মূল্যস্ফীতি কমে সাধারণ মানুষের জীবনে তাৎক্ষণিক স্বস্তি তৈরি নাও হতে পারে।
    সামনে নীতির বড় প্রশ্ন
    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখন মূল প্রশ্ন শুধু ‘হার কত’ নয়; বরং কোন পণ্যের দাম কত, কেন বেশি এবং কার আয় কতটা বাড়ছে- এ তিনটি বিষয় একসাথে দেখা।
    টিসিবির বাজারদর নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে এবং তাদের দৈনিক ও গত ৩০ দিনের বাজারদরের তথ্য প্রকাশ করা হয়। কিন্তু বাজার ব্যবস্থাপনার জন্য শুধু তথ্য প্রকাশ যথেষ্ট নয়। কোন পণ্যে অস্বাভাবিক মার্জিন তৈরি হচ্ছে, কোথায় সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, কোথায় পরিবহন বা মধ্যস্বত্বভোগীর ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ছে- সেগুলোরও ধারাবাহিক অনুসন্ধান দরকার।
    কৃষি বিপণন অধিদফতরের বর্তমান বাজারদর ব্যবস্থাতেও পণ্যভিত্তিক, বাজারভিত্তিক ও সময়ভিত্তিক তুলনার সুযোগ রয়েছে; অর্থাৎ তথ্যের ঘাটতি পুরোপুরি নেই; ঘাটতি রয়েছে তথ্যকে দ্রুত বাজার ব্যবস্থাপনার সিদ্ধান্তে রূপান্তর করার ক্ষেত্রে।
    স্বস্তির মাপকাঠি কোথায়?
    একজন নিম্নআয়ের পরিবারের কাছে মূল্যস্ফীতি কমার অর্থ হবে তখনই, যখন মাস শেষে হাতে কিছু টাকা থাকবে। বাজার থেকে আগের চেয়ে বেশি পণ্য কেনা যাবে। চিকিৎসা বা সন্তানের পড়াশোনার জন্য ধার করতে হবে না। হঠাৎ ডিম, মাছ বা সবজির দাম বাড়লে পুরো খাদ্যতালিকা পাল্টাতে হবে না।
    সুতরাং মূল্যস্ফীতির ৮ দশমিক ২৬ শতাংশে নামা একটি ইতিবাচক পরিসংখ্যানগত পরিবর্তন হলেও এটিকে জীবনযাত্রার ব্যয় কমে যাওয়ার সমার্থক বলা যাবে না; বরং বর্তমান বাস্তবতা হলো- মূল্যস্ফীতির গতি কিছুটা কমেছে, কিন্তু উচ্চ মূল্যস্তর রয়ে গেছে; একই সময়ে মজুরি বৃদ্ধির হারও মূল্যস্ফীতির নিচে নেমেছে।
    টিসিবির এক বছরের তুলনাতেও একই দ্বৈত চিত্র- পেঁয়াজের মতো কিছু পণ্যে বড় স্বস্তি, কিন্তু চাল, তেল, ডাল, মাছ-গোশতসহ বহু প্রয়োজনীয় পণ্যে ব্যয়ের চাপ।
    তাই বাজারে প্রকৃত স্বস্তি আনতে শুধু মূল্যস্ফীতির হার কমানো যথেষ্ট নয়। প্রয়োজন মূল্যস্তর স্থিতিশীল করা, প্রকৃত আয় বাড়ানো এবং উৎপাদন-সরবরাহ থেকে খুচরা বাজার পর্যন্ত পুরো শৃঙ্খলে অদক্ষতা ও অস্বাভাবিক ব্যয় কমানো।
    কারণ শেষ পর্যন্ত একজন মানুষের কাছে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানটি হলো- মাস শেষে বেতন বা আয় থেকে বাজার করার পর হাতে কত টাকা থাকে।