জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেয়া জবির সেই সাবেক প্রক্টরের বড় পদোন্নতি

প্রতিবেদন:

·

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তারে সহযোগিতা ও আন্দোলনে বাধা দেয়ার অভিযোগে সমালোচিত ও বিতর্কিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত ও নিষ্পত্তি ছাড়াই তাকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পাশাপাশি পদোন্নতি উপলক্ষে উপাচার্যের কাছ থেকে ফুলেল শুভেচ্ছাও পেয়েছেন তিনি। এ ঘটনায় জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা দেয়া হয়। সভায় দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি পান। তাদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় জাহাঙ্গীর হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন। ওই সময় আন্দোলনে অংশ নেয়ার কারণে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া একই বছরের ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগকে কেন্দ্র করে সে সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রক্টরের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তবে অভিযোগগুলোর তদন্ত বা নিষ্পত্তির বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়াই তাকে পদোন্নতি ও সংবর্ধনা দেয়ায় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তুলে সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টর জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাদের পুলিশের গুলির মুখে ঠেলে দেয়ার ঘটনা কাছ থেকে দেখেছি।

২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহিদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় হিসেবে আমাকেও গুম করা হয়েছিল। অথচ এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক ওই প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন। ’তিনি আরও বলেন, ‘এ ঘটনা শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রকাশ্যে সন্ত্রাসবিরোধী অবস্থান দেখালেও পর্দার আড়ালে নিপীড়কদের পুনর্বাসনের মাধ্যমে বর্তমান উপাচার্যের দ্বিচারিতা ও ভণ্ডামি প্রকাশ পেয়েছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, ‘জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তার সঙ্গে সমঝোতা করলেও আমরা তাকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা আজ অনানুষ্ঠানিকভাবে উপাচার্যকে জানিয়েছি, জুলাইয়ে যাদের হাতে রক্ত লেগে আছে, তাদের এ ধরনের পদোন্নতি আমরা মেনে নেব না। উপাচার্য আমাদের জানিয়েছেন, এটি একাডেমিক নিয়ম। কিন্তু আমরা বলেছি, একাডেমিক নিয়মের বেড়াজালে আওয়ামী লীগের দোসরদের স্থান দেয়া চলবে না। আমরা উপাচার্যের কাছে বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছি। ’

তিনি আরও বলেন, ‘যেহেতু এটি একাডেমিক ও ইউজিসির প্রচলিত নিয়মের বিষয়, তাই ছাত্রদলের পক্ষ থেকে ইউজিসির কাছেও চিঠি দেয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যেন একাডেমিকভাবেই ব্যবস্থা নেয়া হয়, সেই দাবি জানাব। ’জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘সাবেক প্রক্টর জাহাঙ্গীর সরাসরি জুলাই বিপ্লবের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্বার্থে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তার মতো একজন চিহ্নিত স্বৈরাচারকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন যেভাবে সংবর্ধনা দিয়েছেন, তাতে আমরা মনে করি, তিনি জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করেছেন। উপরে উপরে স্বৈরাচারবিরোধী র‍্যালি ও সমাবেশ করছেন, অন্যদিকে এমন ব্যক্তিদের ডেকে এনে পদোন্নতি দিচ্ছেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম দ্বিচারিতা এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। ’

তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন দৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডেরও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই পদোন্নতি বাতিল করতে হবে এবং কেন এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতারণার জবাব উপাচার্যকে দিতে হবে।শিক্ষার্থীদের দাবি, জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের যেসব কর্মকর্তার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। অভিযোগের সুরাহা না করে সংশ্লিষ্ট ব্যক্তিকে পদোন্নতি দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। তারা পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Read this report in English · ইংরেজি সংস্করণ