কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিয়েছেন এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ সতর্কবার্তা দেন।
এআইয়ের কাছে মানবজাতির নিয়ন্ত্রণ ও স্বাধীন ইচ্ছা সমর্পণ করা উচিত, এমনটা মনে করেন না দারিও আমোদেই। তিনি বলেছেন, এআইয়ের ওপর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ছেড়ে দেওয়া হবে ভয়ংকর একটি সিদ্ধান্ত। বরং এ প্রযুক্তির ব্যবহার অবশ্যই বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় থাকতে হবে।
এমন এক সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা পূর্বাভাস দিচ্ছেন, এআই শিগগিরই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, অ্যানথ্রপিকের ভেতরে এআইয়ের কাছে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে এক ধরনের ঐকমত্য রয়েছে।ওই প্রতিবেদনের জবাবে আমোদেই বলেন, ‘আমি যদি এসবকে ভালো ধারণা মনে করতাম, তাহলে প্রকাশ্যেই এর পক্ষে কথা বলতাম। গত কয়েক বছরে অনেক অজনপ্রিয় মতামতের পক্ষেও কথা বলতে আমি পিছপা হইনি। কিন্তু আমি তা করছি না। কারণ, এআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তুলে দেওয়া ভয়াবহ একটি ধারণা।’
আমোদেইয়ের বক্তব্যের মধ্যে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) ও কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা (এএসআই) নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এজিআই বলতে মানুষের সমপর্যায়ের বা তার চেয়ে বেশি সক্ষমতাসম্পন্ন এআই এবং এএসআই বলতে মানুষের সেরা বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাওয়া এআইকে বোঝানো হয়।
সিলিকন ভ্যালিসহ বিভিন্ন জায়গায় এ প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহার করা সম্ভব কি না, নাকি এটি মানবজাতির জন্য বিপর্যয়কর ঝুঁকি তৈরি করবে, তা নিয়ে তীব্র বিতর্ক চলছে।
এআই নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তিরা আশঙ্কা করছেন, অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলোর তৈরি এআই মডেল একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে যখন এসব ব্যবস্থা মানুষের কোনো সহায়তা ছাড়াই নিজেদের সক্ষমতা বাড়াতে শুরু করবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা পুনরাবৃত্তিমূলক স্বউন্নয়ন।
গত সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে আলোচনায় আসে অ্যানথ্রপিক।আমোদেই তার এক্স পোস্টে বলেন, এআইকে দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করানো এবং বৈশ্বিক শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ এআইয়ের হাতে তুলে দেওয়া এক বিষয় নয়। এ দুটি ধারণাকে এক করে দেখার প্রবণতার সমালোচনা করেন তিনি।
