অজুর সুন্নত ছেড়ে দিলে সওয়াব কম হবে?

প্রতিবেদন:

·

নামাজ, কোরআন তিলাওয়াত, অজুসহ প্রত্যেক ইবাদতের বিভিন্ন সুন্নত রয়েছে। রাসুল (সা.) সুন্নত আমলের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সুন্নত প্রত্যেকটি আমলে পূর্ণতা আনে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। সুন্নতসহ আদায় করা আমল আল্লাহ তায়ালার দরবারে সহজেই কবুল হয়ে থাকে।

ফরজ হলো প্রত্যেক ইবাদত বা আল্লাহর নির্দেশিত বিধানের মূল। ফরজকে সৌন্দর্য মোণ্ডিত এবং আল্লাহর দরবারে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে এর সঙ্গে সংশ্লিষ্ট সুন্নত আমলসমূহ। তাই সুন্নত আদায়ে সচেষ্ট থাকতে হবে এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু সুন্নত আদায় না করলে ইবাদত বা আমল সহীহ হবেই না এ ধারণা ভুল।

যেমন, অজু করার সময় পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হাত বা মুখ শুধু একবার ধৌত করে, তিনবার ধোয়ার সুন্নত পালন না করে তবে তার অজু সহীহ হবে এবং এই অজু দিয়ে নামাজ পড়া ও কোরআন মজীদ স্পর্শ করা যাবে। এই সুন্নত ছেড়ে দিলে অজু হবে না এমন ধারণা ঠিক নয়।

তবে শরীয়তের প্রত্যেকটি হুকুম স্ব স্ব স্থানে রেখেই যথাযথভাবে আমল করতে হবে। প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য এবং আল্লাহ তায়ালার নিকটে পছন্দনীয় হওয়ার জন্য সুন্নত অনুযায়ী হওয়া জরুরি।

সুন্নত ও নফল আমল মূলত বান্দার আমলের পাল্লা ভারি করে। নবীজি (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে, তা হল নামাজ। নামাজ ঠিক হলে সে পরিত্রাণ ও সফলতা লাভ করবে। নইলে (নামাজ ঠিক না হলে) ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে।

সুতরাং (হিসাবের সময়) ফরজ নামাজে কোনও কমতি দেখা গেলে আল্লাহ তায়ালা ফেরেশতাদের বলবেন, ‘দেখ, আমার বান্দার কোনও নফল (নামাজ) আছে কি না।’ অতএব তার নফল নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। তারপর অন্য আমলের হিসাব গ্রহণ করা হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৭৭০)