যাকাত ইসলামের ফরজ বিধান। সামর্থ্যবান ব্যক্তিরা ঠিকমতো যাকাত আদায় করলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আবার কেউ যাকাত আদায়ে গড়িমসি করলে বা ঠিকমতো যাকাত না দিলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির কথা বলা হয়েছে।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা সালাত আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন। (সুরা বাকারা, আয়াত : ১১০)
প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে?
অনেকে বছরের বিভিন্ন সময় এবং ঈদ ও উৎসবের সময় দামী কাপড়-চোপড় কেনেন। কেউ কেউ এতো বেশি কাপড় কেনেন যে অধিকাংশ কাপড় নিয়মিত ব্যবহার করা হয় না। আলমারিতে পড়ে থাকে। অল্প কিছু কাপড়ের বাইরে অধিকাংশ কাপড় অপ্রয়োজনীয় বলা যায়। কারো সংগ্রহে এমন অতিরিক্ত কাপড় থাকলে সেই অতিরিক্ত কাপড়ের কি যাকাত দিতে হবে?
কারো অতিরিক্ত কাপড় থাকলে সেই অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে না। কারণ, তা ব্যবহারের কাপড়। ব্যবহারের কাপড়চোপড় প্রয়োজনের অতিরিক্ত ও মূল্যবান হলেও তার উপর যাকাত আসে না। কিন্তু স্বর্ণ, রূপার অলংকার ব্যবহারের জন্য হলেও তার যাকাত দিতে হয়।
জাকাত আদায়ে সম্পদে যে বরকত দেখা দেয়
যাকাত সম্পর্কিত যে ১০ প্রশ্নের উত্তর জানা জরুরি
হঠাৎ বাড়ছে স্বর্ণের দাম, যাকাত দেবেন যেভাবে
তবে জামা-কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনা-রুপার কারুকাজ করা থাকলে তা-ও জাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে এবং যে পরিমাণ সোনা-রুপা কারুকাজে লেগেছে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে তারও জাকাত দিতে হবে।
আর সাধারণ অতিরিক্ত কাপড়ের উপর যাকাত না আসলেও তা থেকে নফল সদকা করা যায়। হাদিস শরিফে ব্যবহৃত কাপড় সদকা করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং এ ধরনের কাপড় সদকা করার ফজিলতও অনেক।
ওমর (রা.) বলেন, আমি রাসুলকে (সা.) বলতে শুনেছি যে, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে দোয়া পড়বে এরপর পুরাতন কাপড়টি সদকা করে দিবে সে আল্লাহ তায়ালার হেফাযত ও নিরাপত্তায় থাকবে এবং জীবনে ও মরণে আল্লাহ তায়ালার পথে থাকবে। (জামে তিরমিজি, হাদিস: ৩৫৬০)
Read this report in English · ইংরেজি সংস্করণ
