গণভোটের রায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ঐক্যের এই শীর্ষ নেতা জানান, যেকোনো মূল্যে অপশক্তিকে মোকাবিলা করবে ১১ দল।
মামুনুল হক বলেন, “কয়েকদিনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতায় জনগণ আতঙ্কিত। সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সুযোগ পেয়েছে নাশকতাকারীরা।
নির্বাচনের পর গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে বিএনপি। ”
তিনি আরও বলেন, “বর্তমান এই সংকটে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই ১১ দল। নৈরাজ্য করে জাতিকে পরাজিত করা যায় না। ”
আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানান তিনি।
বুধবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বৈঠকে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রাথমিক বার্তা এসেছে। গণভোটের গণরায় মেনে না নিলে এই ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেন মামুনুল হক।
এর আগে বুধবার সংসদের চুতর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Read this report in English · ইংরেজি সংস্করণ
