দুই সিজদার
নামাজ মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু মানুষ মাত্রই নামাজে ভুলত্রুটি হওয়া অস্বাভাবিক নয়। নামাজে অত্যন্ত সাধারণ একটি ভুল হলো, ভুলবশত দুই সিজদার জায়গায় একটি সিজদা দিয়ে ফেলা। এমন পরিস্থিতিতে সঠিক করণীয় কী, তা নিয়ে অনেক সময় সাধারণ মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
এ বিষয়ে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় শরিয়তের নির্দেশনা জানিয়েছেন ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার।
তিনি বলেন, শরিয়তের বিধান অনুযায়ী নামাজে উভয় সিজদা আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নামাজের অন্যতম প্রধান ফরজ বিধান। কোনো কারণে নামাজের ফরজ ভঙ্গ হলে বা বাদ পড়লে নামাজ শুদ্ধ হয় না। তাই দুই সিজদার জায়গায় কোনো একটি সিজদা বাদ পড়লে তা সংশোধন করা আবশ্যক।
ভুলবশত এক সিজদা দিলে সঠিক সমাধান
মোজার ওপর মাসাহের সময় কখন থেকে শুরু, কখন শেষ?
রেজাউল করীম আবরার জানান, যদি কোনো মুসল্লি নামাজে ভুলবশত একটি সিজদা আদায় করেন এবং অপরটি বাদ পড়ে যায়, তবে তার প্রধান দায়িত্ব হলো, ছুটে যাওয়া সিজদার কাজা করা এবং শেষে সিজদায়ে সাহু আদায় করা।
অনেকের মনে একটি ভুল ধারণা থাকে যে, সিজদা ছুটে গেলে শুধু নামাজের শেষে সিজদায়ে সাহু দিলেই নামাজ হয়ে যাবে। কিন্তু ইসলামের প্রকৃত বিধান অনুযায়ী এটি সঠিক নয়।
ইসলামি এই স্কলার বলেন, আরবিতে সিজদায়ে সাহুকে বলা হয় ওয়াজিবের ‘জাবরে নুকসান’। এর অর্থ হলো, কেবল ওয়াজিব কাজ ছুটে যাওয়ার কারণে নামাজে যে অপূর্ণতা তৈরি হয়, তা পূর্ণ করার জন্যই এই সিজদা নির্ধারিত। কিন্তু সিজদা দেওয়া নামাজের একটি ফরজ বিধান, তাই শুধু সিজদায়ে সাহু আদায়ের মাধ্যমে ছুটে যাওয়া সিজদার (ফরজের) পরিপূরণ বা ক্ষতিপূরণ সম্ভব নয়।
তাই যদি কেউ ছুটে যাওয়া সিজদাটি পুনরায় আদায় না করে কেবল সিজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করেন, তবে তার নামাজ আদায় হবে না। এই ক্ষেত্রে নামাজের ফরজ ভঙ্গ হওয়ার কারণে নামাজটি পুনরায় পড়তে হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
