দেশের সকল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি উপজেলা হাসপাতালে আরও ১০০টি করে নতুন শয্যা সংযুক্ত করার এই সিদ্ধান্ত আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় যাবে বলে তিনি ৩০০ আসনের সকল সংসদ সদস্যকে জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী এ সুখবর দেন।
সংসদে বক্তব্য রাখার সময় ঢাকা-৪ আসনের সংসদ সদস্যের উত্থাপিত স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার সূত্র ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু ঢাকা-৪ আসনের বিষয় নয়, বরং সমগ্র বাংলাদেশের ৩০০ আসনের সকল সংসদ সদস্যের উদ্দেশ্যেই তিনি এই সুসংবাদ দেন।
উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বর্তমানে প্রায় প্রতিটি উপজেলায় যে ৫০ শয্যার হাসপাতাল রয়েছে, তার প্রথম ৩০ শয্যা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সেই ৩০ শয্যার সঙ্গে আরও ২০ শয্যা যুক্ত করে হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন। অর্থাৎ বর্তমান ৫০ শয্যার পুরো কাঠামোটিই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন বাস্তবায়ন করেছিল বলে তিনি উল্লেখ করেন।
বিগত সরকারের সমালোচনা করে সংসদ নেতা বলেন, পলাতক স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে পরিচালিত করা হয়েছিল যাতে মানুষ একটি বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হয় এবং দেশের ভেতরে মানসম্মত স্বাস্থ্যসেবা গড়ে তোলা হয়নি। সরকারি হাসপাতালগুলোতে শয্যার অভাবে প্রায় ৪০ লাখ মানুষ বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন—একটি পরিসংখ্যানের এই তথ্য উল্লেখ করে তিনি একে অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর বলে অভিহিত করেন।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত কয়েক মাসে সরকার সারা দেশের স্বাস্থ্যসেবায় প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করতে সক্ষম হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের সকল উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় রূপান্তরিত করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসা সংকট নিরসন হবে বলে তিনি সংসদে আশাবাদ ব্যক্ত করেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
