নরওয়ে -সেনেগালের অগ্নি পরীক্ষা

প্রতিবেদন:

·

ক্রীড়া ডেস্ক:

ইরাককে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে নরওয়ে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল।

এ ম্যাচ জিততে পারলে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করবে তারা। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ সেনেগালের সামনে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। তাই বিশ্বকাপের নকআউট পর্বে খেলার আশা ‍জিইয়ে রাখতে হলে নরওয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। ভিন্ন দুই সমীকরণ নিয়ে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।


আগের ম্যাচে নরওয়ের সবচেয়ে বড় তারকা আর্লিং হ্যালান্ড জোড়া গোল উপহার দিয়েছেন। সেনেগালের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। আর তাকে ঘিরেই ম্যাচের মূল পরিকল্পনা করছেন নরওয়ে কোচ স্টালে সোলবাকেন। সেনেগালের বিপক্ষেও হাই-প্রেসিং ফুটবল খেলার কৌশল নিতে পারেন এই কোচ। সেক্ষেত্রে ৪-৩-৩ ফরমেশনে দল সাজাতে পারে নরওয়ে।

যেখানে আক্রমণভাগের প্রাণশক্তি থাকবেন হ্যালান্ড। অন্যদিকে প্রতিআক্রমণে নরওয়েকে বিপদে ফেলতে পারে সেনেগাল। সাদিও মানে, কালিদু কুলিবালি ও এডোয়ার্ড মেন্ডিÑএই ত্রয়ী মিলে নরওয়ের রক্ষণভাগের ভালো পরীক্ষা নেবে। ২০২৪ সাল থেকে সেনেগাল দলের দায়িত্ব পালন করছেন কোচ পেপ থিয়াও। তার অধীনে নেশনস কাপের ফাইনাল খেলে সেনেগালও। যদিও বিতর্কিত ফাইনালে হেরেছে তারা। সেই পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে এসেছে সেনেগাল। যদিও প্রথম ম্যাচটি ভালো যায়নি তাদের। ওই ম্যাচ ভুলে নরওয়ের বিপক্ষে জয়ে ফিরতেই মাঠে নামবে সেনেগাল। এর আগে একবারই প্রীতি ম্যাচে সেনেগালের মুখোমুখি হয়েছিল নরওয়ে। এ ম্যাচে সেনেগাল ২-১ গোলে হারায় নরওয়েকে।

এবার বিশ্বকাপ মঞ্চে কারা শেষ হাসি হাসবেÑসেটি মাঠের লড়াইয়ে দেখার অপেক্ষা।

Read this report in English · ইংরেজি সংস্করণ