স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযান;উপ-পরিচালক প্রত্যাহার

প্রতিবেদন:

·

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের চরম অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ এবং চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পূর্বঘোষণা ছাড়াই নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। তিনি হাসপাতালের পুরুষ, নারী, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

পরিদর্শনকালে হাসপাতালের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরা টয়লেট দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি নির্ধারিত সময়ে চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টিও তার নজরে আসে।

এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনস্থল থেকেই তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে এ নির্দেশ দেন।রে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামানের সঙ্গেও কথা বলেন এবং হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দূর করতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে কাউকে পদে রাখা হবে না বলেও তিনি সতর্ক করেন।

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ