কানাডার স্কারবরোয় মুসলিম সার্কেল অব কানাডার (এমসিসি) ইস্ট জোনের উদ্যোগে দিনব্যাপী লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। গত রোববার স্থানীয় এমসিসি সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, ইসলামী মূল্যবোধের চর্চা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সমাজসেবায় সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
‘Learn to Lead, Lead to Serve’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসি ইস্ট জোনের সভাপতি লুৎফুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহীন সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহীন সিদ্দিকী ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে দাওয়াহর গুরুত্ব তুলে ধরেন। পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের আলোকে তিনি ইসলামের শিক্ষা ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি দাওয়াহর পাঁচটি মৌলিক নীতি এবং এ ক্ষেত্রে ৩৬০ ডিগ্রি বা সর্বাঙ্গীণ দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।এ ছাড়া কার্যকর দাওয়াহ, যোগাযোগ ও নেতৃত্ব বিকাশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত দশটি শিক্ষাদান পদ্ধতি তুলে ধরেন তিনি। ব্যক্তিগত আচরণ, পারিবারিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এমসিসির সেক্রেটারি জেনারেল আহসানুল করিম সোহাগ মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি সংগঠনের সদস্যদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি সমাজের বৃহত্তর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এমসিসির অর্গানাইজিং সেক্রেটারি সায়েফ আহমেদ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, দায়িত্ব বণ্টন ও কার্যকর সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
প্রশিক্ষণের পৃথক একটি পর্বে এমসিসির সাংগঠনিক পোর্টালের ব্যবহারবিধি নিয়ে আলোচনা করেন জমির সোহরাওয়ার্দী। তিনি পোর্টালের বিভিন্ন কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং সাংগঠনিক যোগাযোগ ও সমন্বয়ে এর ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।
দিনব্যাপী প্রশিক্ষণে নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, দাওয়াহ কার্যক্রম, সাংগঠনিক ব্যবস্থাপনা এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
