ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে সরকার, এমন অভিযোগ করলেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তার দাবি, এখানে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তারা খবর পাচ্ছেন।
আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
জামায়াত নেতা আযাদ বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরকারকে মাগুরার নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি। মাগুরার নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি কালো অধ্যায়। ওই নির্বাচনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলন হয়েছিল, যা পরে চূড়ান্ত রূপ নিয়েছিল। ’
সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘সরকার যদি ক্ষমতায় থাকতে না চায়, তাহলে আমরা তো জোর করে ক্ষমতায় রাখতে পারব না। ’ সরকারের বিভিন্ন আচরণে অজুহাত তৈরি করে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে মাগুরার নির্বাচনের মতো ঘটনার পুনরাবৃত্তি তারা চান না উল্লেখ করে এ ধরনের কোনো অশুভ পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসার আহ্বান জানান।
দুর্নীতি বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে জামায়াতের এ নেতা বলেছেন, দুর্নীতির পথগুলো বন্ধ করতে হবে। এ জন্য দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের পাশাপাশি গুম-খুন প্রতিরোধে স্বাধীন কমিশন গঠনের কথাও তারা বলেছেন।
প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের অভিযোগ তুলে জামায়াত নেতা আযাদ বললেন, প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে। পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
‘মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলন অতীতের ফ্যাসিবাদী আমলে মেধা হত্যার বিষয়টি স্মরণ করিয়ে দেয়। কিন্তু বর্তমান সরকারও একই পথে হাঁটছে। ’
‘এখন মেধার পরিবর্তে দলীয় বিবেচনায় নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে’, অভিযোগ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এ সমন্বয়কের।
নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদমর্যাদায় শামসুল আলমের নিয়োগকে দলীয়করণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন আযাদ।
Read this report in English · ইংরেজি সংস্করণ
