বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।গতকাল রোববার এক বার্তায় শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন। আলহামদুলিল্লাহ, তিনি দ্রুত পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। মহান আল্লাহর কাছে তার আশু আরোগ্য কামনা করছি।’
গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
