সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২৪ সেনাসদস্যকে পদক পরিয়ে দেন তিনি।
সোমবার (২৩নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় ২০২৬-২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে অবদানের স্বীকৃতি হিসেবে সাতজনকে সেনাবাহিনী পদক (এসবিপি), চারজনকে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পরিয়ে দেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।