ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে আখের হাটে বেচাকেনা জমে উঠেছে। আগের তুলনায় বেড়েছে আখের আবাদও। ভালো ফলন, বাজারে চাহিদা এবং সন্তোষজনক দাম পাওয়ায় খুশি চাষিরা। লাভের সম্ভাবনা থাকায় দিন দিন এ ফসল চাষে আগ্রহ বাড়ছে তাঁদের। চলতি মৌসুমে এরই মধ্যে খুচরা ও পাইকারি বাজারে আখ কেনাবেচার ব্যস্ততা বেড়েছে। ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে।

বাগাট বাজারে সাপ্তাহিক হাটের দিন আখের বড় বাজার বসে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা যানবাহনে করে আখ নিয়ে আসেন। তুলনামূলক কম দামে উন্নত মানের আখ কিনতে দূরদূরান্ত থেকেও ব্যবসায়ীরা এ হাটে আসেন।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রায়পুর, মেগচামী, বাগাট, কোরকদী ও নওপাড়া ইউনিয়নে আখের আবাদ হয়ে থাকে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে ঝুঁকি ও পরিচর্যার প্রয়োজন তুলনামূলক কম। এ কারণে অনেক কৃষক এই ফসলের দিকে ঝুঁকছেন। পাশাপাশি ভালো ফলন এবং বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় আখ চাষকে লাভজনক মনে করছেন তাঁরা।

কোরকদী ইউনিয়নের উজানদিয়া গ্রামের আখচাষি মো. জিয়াউর বলেন, ‘এ বছর আখের ফলন খুবই ভালো হয়েছে। বিঘাপ্রতি খরচ হয়েছে ৫০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।’

আখ ব্যবসায়ী মো. আরাফাত ও রিফাত বলেন, উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা আখ সংগ্রহ করে থাকেন। এ এলাকার আখের স্বাদ ভালো হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। শুধু হাটবারেই নয়, প্রতিদিনই আখ কেনাবেচা চলে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী বলেন, অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় চলতি মৌসুমে উপজেলায় আখের আবাদ বেড়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। ইতিমধ্যে বাজারে পুরোদমে কেনাবেচা শুরু হয়েছে এবং কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। চলতি মৌসুমে উপজেলায় ৩০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৩২ হেক্টর জমিতে।